শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বউ রাখার ফতোয়াকে গুজব বললো ইরিথ্রিয়া সরকার

laba-hablood-main-copy-400x289দেশের সব পুরুষকে দুটো বিয়ে করতে হবে। কোনও স্ত্রী যদি তাঁর স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন, শাস্তি হবে তাঁরও। আর নির্দেশ অমান্য করলেই হবে যাবজ্জীবন সশ্রম কারাদ-। এমন ফতোয়া জারির সংবাদ বিশ্বকে চমকে দিয়েছিলো। গোটা পৃথিবীর সোশ্যাল মিডিয়া মেতে উঠেছিল এই খবরে। নাইজেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকা, টুইটারে বহু পুরুষের সরাসরি ঘোষণা ‘‘যেতে চাই ইরিথ্রিয়ায়, চাই সে দেশের নাগরিকত্ব। ছড়িয়ে পড়ছিল সে দেশে ভিসার আবেদনের একের পর এক লিঙ্ক।

তবে সব আশাই পন্ডশ্রম হলো। খোদ ইরিথ্রিয়া সরকার জানালো তাদের সরকার এ ধরণের কোন ফতোয়া জারি করেনি। সে দেশে পুরুষদের বাধ্যতামূলক পলিগ্যামিতে সরকারি স্বীকৃতির খবর সম্পূর্ণ মিথ্যে, নিছক গুজব মাত্র। খবরটি প্রথম প্রকাশিত হয় কেনিয়ার একটি নিউজ ওয়েবসাইট ‘ক্রেজি মনডে’-তে। এই ওয়েবসাইটটি ‘স্ক্যান্ডাল’ এবং ‘গসিপ’ সংক্রান্ত খবর প্রকাশের জন্যই ‘বিখ্যাত’। ‘ক্রেজি মনডে’-র সূত্র ধরে একের পর ওয়েবসাইটে ছড়িয়ে পরে এই খবর। আর তাতেই বেজায় চটেছে ইরিথ্রিয়া সরকার। সংবাদ মাধ্যমকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ‘ইরিথ্রিয়ার রাস্তার এক পাগলও জানে এই খবর সম্পূর্ণ মিথ্যে।’’

ইরিথ্রিয়ার পুরুষদের পলিগ্যামির সরকারি স্বীকৃতির কারণ হিসেবে একটি যুক্তিও খাড়া করা হয়েছিল কেনিয়ার ওই ওয়েবসাইটে। বলা হয়েছিল, ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত দু’বছর ইথিওপিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলে ইরিথ্রিয়ায়। যুদ্ধে মারা পড়েছিলেন বহু পুরুষ। সেই থেকেই দেশে নারীর অনুপাতে বেশ কমে যায় পুরুষের সংখ্যা। এই নারী-পুরুষ অনুপাতের যুক্তি দেখিয়েই নাকি সম্প্রতি জারি হয়েছে এই অদ্ভুত ফতোয়া।
আফ্রিকার ছোট্ট দেশ ইরিথ্রিয়ার জনসংখ্যা ৬৪ লাখেরও কিছু কম। ইথিওপিয়ার থেকে আলাদা হয়ে স্বাধীন ইরিথ্রিয়ার জন্ম হয় ১৯৯৩ সালে।
ইরিথ্রিয়ার তথ্য মন্ত্রী টুইট করে জানিয়েছেন ‘যে ভাবে কিছু মিডিয়া এই চরম মিথ্যে ছড়িয়েছে তা রীতিমত আতঙ্কের। মনে হচ্ছে কোনও অশুভ শক্তি এ সব ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইরিথ্রিয়ার বদনাম করতে চাইছে।’