একসাথে ৪ অভিষেক! বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি
এ
কটা সময় ছিলো বাংলাদেশের বিপক্ষে খেলা পড়লে সে ম্যাচে নতুন খেলোয়াড়দের বাজিয়ে দেখত বড় বড় দলগুলো। জিম্বাবুয়ের সাথে খেলা হলে বাংলাদেশ তাদের সর্বশক্তি নিয়েই নামতো মাঠে। কেননা জিম্বাবুয়েই তখন ছিলো বাংলাদেশ সবথেকে বড় প্রতিদ্বন্দ্বি!
সময় বদলেছে! আজ ২০ জানুয়ারি, ২০১৬!
বাংলাদেশ প্রমাণ করে দিলো তারা এখন আর কোন খর্বশক্তির দল নয়। বরং এশিয়ার সবথেকে সফল দলও বটে। আর তাইতো সেই জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ দেখালো ‘খেলোয়াড় বাজিয়ে দেখার’ সময় তাদেরও চলে এসেছে।
চলতি জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচে নতুন চমক দেখলো বাংলাদেশ দলের ভক্তরা। এক ম্যাচে চারজনের অভিষেক! অবশ্য শুরু থেকেই বলা হচ্ছিলো এটা ‘পরীক্ষা-নিরীক্ষা’র সিরিজ। মূলত, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এমনটা করছেন স্বয়ং হেড কোচ চান্দিকা হাতুরিংহে। তবে এবারই প্রথম চারজনের অভিষেক ঘটায়নি বাংলাদেশ। এর আগে ২০০৭ নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি কেনিয়ার বিপক্ষে ছয় জন ক্রিকেটারের অভিষেক ঘটায় বাংলাদেশ।
অভিষেক হয় অলক কাপালি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, নাজিমুদ্দিন, সৈয়দ রাসেল এবং তামিম ইকবালের।
আর আজ বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলতি ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করা আবু হায়দার রনির। এছাড়া টেস্টে নিয়মিত পেসার মোহাম্মদ শহীদ এবং ঘরোয়া ক্রিকেটে সময়ের স্বসেরা দুই ক্রিকেটার মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকতের।
সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে পেস আক্রমণেই। মুস্তাফিজ এবং আল-আমিন বিশ্রামে। তাদের পরিবর্তে দলে অভিষেক হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবিষ্কার আবু হায়দার রনি এবং মোহাম্মদ শহীদ। রনি যে কোনো ফরম্যাটের ক্রিকেটে নতুন হলেও, শহীদ এর আগে টেস্ট খেলেছেন। তবে টি-টোয়েন্টিতে মাঠে নামা হয়নি তার।
পেস আক্রমনের আরেক নতুন সংযোজন মুক্তার ঘরোয়া ক্রিকেটে খেলছেন বেশ অনেক বছর ধরেই। পারফর্মও করেছেন, তবে জাতীয় দলে ঢোকার দাবি জানানোর মত ধারাবাহিক ছিলেন না কখনোই। এক পেস বোলিং অলরাউন্ডারের সন্ধানে টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল তারও।
মুশফিকের জায়গায় খেলবেন বিশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রয়েছে পাঁচটি অর্ধশতক ও ছয়টি সেঞ্চুরি। রান সংখ্যা ১,৬৭৪। অফস্পিন বোলিংয়েও কম যান না মোসাদ্দেক। ১৪ ম্যাচে নেন ১৮টি উইকেট।
এই চার অভিষইক্ত ক্রিকেটার ছাড়াও দলে আরো একটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রামে আছেন তামিম ইকবাল। তার জায়গায় দলে এসেছেন আরেক ওপেনার ইমরুল কায়েস।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমদুউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।
উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ জিতে চার ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।











