বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ইউটিউবের আলাদা ভার্সন চালু হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক4bk1fa993f44592pzl_620C350 ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পাকিস্তান সরকার সেদেশে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বা পিটিএ’র একজন কর্মকর্তা জানিয়েছেন, সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ইউটিউবে অ্যাক্সেস খুলে দিতে নির্দেশ দেয়া হয়েছে।

২০১২ সালে আমেরিকায় নির্মিত ইসলামবিদ্বেষী বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় পাক সরকার সিদ্ধান্ত নেয়, যত দিন ইউটিউবে ফিল্টার লাগানোর ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত ইউটিউব বন্ধ থাকবে।

পিটিএ জানিয়েছে, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ইউটিউব কর্তৃপক্ষ পাকিস্তানের জন্য আলাদা করে একটি ভার্সন শুরু করেছে। তাই এই নিষেধাজ্ঞা বহাল রাখার আর কোনো প্রয়োজন নেই।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানের জন্য নির্দিষ্ট এই ইউটিউব ভার্সনে সরকার কনটেন্ট ফিল্টার করতে পারবে, অর্থাৎ তাতে কী দেখা যাবে না- যাবে সেটার ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। সূত্র : রেডিও তেহরান