ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় বিএনপি’র সংবাদ সম্মেলন, বিজিবি মোতায়েন, ৪ জন গ্রেফতার
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনাবলীর ওপর জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির শহরের মোড়াইলস্থ বাসভবনে আজ সকাল ১১ টায় আহুত এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই তার বাসার সামনে ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি সদস্য,এক প্লাটুন র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। এই অবস্থায় বিএনপি পূর্ব নির্ধারিত এই সংবাদ সম্মেলনটি বাতিল করে । পরে সাড়ে ১১ টার দিকে পাওয়ার হাউজ রোডে রাস্তার ওপর দাড়িয়ে জেলা বিএনপি’র নেতারা সংবাদ সম্মেলনটি করে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদক এর যৌথ স্বাক্ষর করা লিখিত বক্তব্যটি পড়ে শুনান সাধারন সম্পাদক জহিরুল হক খোকন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনার সঙ্গে বিএনপি নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে তারা। তারা বলেছে ঘটনার সময় ধারনকৃত ভিডিও ফুটেজ বা ষ্টিল ছবি পর্যবেক্ষন করলেই বোঝা যাবে কোথাও বিএনপি’র নেতাকর্মীরা আছে কিনা। উদোর পিন্ডি বুদোর গাড়ে চাপাতেই বিএনপিকে এ ঘটনায় জড়ানো হয়েছে। তারা পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে হয়রানী না করার আহবান জানান। তারা মাদ্রাসা ছাত্র হত্যা ও ভাঙ্গচুরের ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন গত ১১ ই জানুয়ারী ৫ ম বারের মতো হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৭৭ দিন পর নেতাকর্মীরা মুক্তি পান।
এদিনই (১১ ই জানুয়ারী) বিকেলে কাওমী ছাত্র ঐক্য পরিষদের সেক্রেটারী খালেদ মোশাররফ কাউতলী যাওয়ার পথে জেলা পরিষদ মার্কেটের সামনে বিজয় টেলিকমের মালিক পৌরসভার ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: সেলিম মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রনি এবং মার্কেটের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল খানের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মোশাররফকে নাজেহাল করা হয়। নাজেহালের খবর মাদ্রাসায় পৌছামাত্র মাদ্রাসার ছাত্ররা দলবদ্ধ হয়ে বিজয় টেলিকমে হামলা করে। এ খবর সারা শহরে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা লগিবৈঠা-অস্ত্র সজ্জিত হয়ে জয়বাংলা স্লোগানে মিছিলসহকারে পুলিশকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের প্রানের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা চালায়। পরবর্তীতে মাদ্রাসায় হামলার সময় ব্যবহ্নত গুলি টিয়ার সেল জায়েজ করার জন্যে বিএনপি’র বিরুদ্ধে সাজানো ও ভূয়া মামলা দেয় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কোন লোকই বলতে পারবেনা ঐসময় বিএনপি মিছিল করেছে। এ ঘটনায় যে মামলা দেয়া হয়েছে তাতে কারান্তীরন মাহমুদুর রহমান মাহিনকেও আসামী করা হয়েছে। সংবাদ সম্মেলনটির শেষমুহুর্তে যৌথ বাহিনীর গাড়িবহর পাওয়ার হাউজ রোডে ডুকে। এরপরই বিএনপি’র নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গত সোমবার রাতে দফায় দফায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ি-পুলিশের মধ্যে সংঘর্ষ ও মঙ্গলবার শহরজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- গত রাতে সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সায়েদুল ইসলাম সাহেদকে তার ছয়বাড়িয়াস্থ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। এরআগে শনিবার রাতে শহরের কান্দিপাড়া মহল্লার রাব্বি মিয়া (২৫), মধ্যপাড়া মহল্লার শাহজাহান মিয়া (২৬) ও ছোটন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান চারজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানান ওসি।











