শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর শেষ দম্পতি, ফেরাতে পারবে কি মানবজাতি?

2016_01_15_18_58_22_HByFgEPBIYkxj1zc2OP4wixHKruJuE_originalডেস্ক রিপোর্ট : ভিনদেশি শিকারিরা হঠাৎ এসে হাজির হলো নৌকায় করে। এর ঠিক দুই বছরের মাথায় সবাই মরে শেষ। সবাই না হলেও প্রায় সবাই…

অস্ট্রেলিয়া থেকে ৬শ’ কিলোমিটার পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপের নাম বল পিরামিড। ৬৪ লাখ বছর আগে আগ্নেয়গিরির ফলে আবির্ভূত হওয়া এই দ্বীপ দেখতে অনেকটা খাড়া পাহাড় চূড়ার মতো। সাগর ফুঁড়ে উঠে যাওয়া এই খাড়া দ্বীপের মাঝামাঝি জায়গায় বড় একটা ঝোপের নিচে দেখা গেলো এই প্রজাতির শেষ দুই সদস্য এখনো টিকে আছে। মাত্র দুইজন। তারা কীভাবে যেন পালিয়ে বেঁচেছিল এবং নয় বছর পর দেখা গেলো তাদের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার। এরা অ্যাডাম এবং ইভের (আদম-হাওয়া) সন্তানসন্ততি এবং পরবর্তী বংশধর।

কিন্তু না, এটা মানুষের সৃষ্টি তত্ত্বের কোনো প্রাচীন কাহিনী না। কারণ বেঁচে যাওয়া দুই প্রাণী কোনো মনুষ্য দম্পতি না, তারা ট্রি লবস্টার দম্পতি। ট্রি লবস্টার এক ধরনের পোকা। বৈজ্ঞানিক নাম ড্রাইকোসেলাস অস্ট্রেলিস। আকারে মানুষের হাতের সমান। একসময় এদের আদি নিবাস ছিল লর্ড হাউই দ্বীপে। ১৯১৮ সালে সেখানে কালো ইঁদুর এসে ট্রি লবস্টারের উপর হামলা চালালে এই প্রজাতির সবাই মারা পড়ে। অন্তত সেটাই ভাবা হয়েছিল। অথচ ৮৫ বছর পরে এই প্রজাতির দুইটিকে জীবিত আবিষ্কার করা হলো বল পিরামিড দ্বীপে। ২০০৩ সালে বিজ্ঞানীরা পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা এই দম্পতিকে খুঁজে পেলেন। তারপর থেকে এই বিলুপ্ত প্রজাতি অলৌকিকভাবে বংশবৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ঐ লবস্টার দম্পতিকে প্রতীকী নাম দেয়া হয়েছিল ‘অ্যাডাম এবং ইভ’। অস্ট্রেলিয়ার মেলবোর্ন চিড়িয়াখানায় তাদের বংশ বৃদ্ধি প্রক্রিয়া শুরু হয়।

বল পিরামিড দ্বীপ

পোকামাকড়ের ক্ষেত্রে মহাপ্রলয় বা বিলুপ্তির পর আবার ফিরে এসে বংশবিস্তার করা একটু ভিন্ন ব্যাপার। কারণ একটি স্ত্রী ট্রি লবস্টার ১০ দিনে ১০বার দিম পাড়ে। তাছাড়া এরা পার্থেনোজেনেসিস (পুরুষ ছাড়াই বংশবৃদ্ধি, অযৌন) প্রক্রিয়ায়ও সন্তান উৎপাদন করতে পারে। কিন্তু এটা যদি হয় শুধু দুইজন মানুষের ক্ষেত্রে? তখন কী হবে? মানুষের সন্তান উৎপাদন এবং তাদের দিয়ে পৃথিবী ভরে ফেলা সম্পূর্ণ অন্য জিনিস। প্রশ্ন হচ্ছে, এটা আদৌ সম্ভব কি না? যদি সম্ভব হয়ও তাহলে কতদিন লাগবে?

উত্তরটা এতো সহজ নয়। রেস্টুরেন্টে কিংবা চায়ের দোকানে বসে আলাপ করে এর উত্তর দেয়া যাবে না। এর জন্য দরকার নিখুঁত গবেষণা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এর উপরে গবেষণা করেছে। কারণ তারা জানতে চেয়েছিল যদি মানব সম্প্রদায় কোনো দিন বিপদে পড়ে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যায়, তাহলে কতজন অগ্রগামী নারী-পুরুষ লাগবে বংশবিস্তার করে টিকে থাকতে। গবেষণায় তারা এই রকম মানুষের একটা সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন।

ব্যাপারটা বোঝার জন্য আজ থেকে সামনের দিকে একশো বছর এগিয়ে যাওয়া যাক। ধরা যাক, মানুষের প্রচেষ্টা ভয়ানকভাবে ধ্বংসে দিকে গেছে এবং রোবটরা রাজত্ব করছে পৃথিবীতে। পৃথিবীতে আমাদের চিহ্ন পর্যন্ত নেই। বর্তমান সময়ের বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ২০১৪ সালে মানুষের ঠিক এই রকম একটা নিয়তির ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখন ধরা যাক, শুধু দুইজন মানুষ বেঁচে আছে ভাগ্যক্রমে। তারা কি পারবে পৃথিবী মানুষে মানুষে ভরে ফেলতে? কোনোভাবেই সম্ভব না। কারণ এদের প্রথম প্রজন্ম হবে শুধু ভাই এবং বোন। এটা একটা সংস্কৃতি বা নৈতিক প্রশ্নের বিষয়।

স্টিফেন হকিং 

মনোবিজ্ঞানী সিগমুণ্ড ফ্রয়েড বিশ্বাস করতেন ইনসেস্ট (ভাই-বোন বা রক্ত সম্পর্কের ভেতরে শারীরিক সম্পর্ক) হচ্ছে মানুষের একমাত্র সর্বজনীন ধর্মগত বা নীতিগত নিষেধাজ্ঞা। এটা শুধু অশ্লীল বা কুরুচিপূর্ণই না, মারাত্মক বিপজ্জনকও। ১৯৩৩ সালে থেকে ১৯৭০ সালের মধ্যে চেকোস্লোভাকিয়ায় সরাসরি রক্তের সম্পর্কে জন্ম নেয়া ছেলে মেয়েদের উপরে করা একটি গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ৪০ শতাংশই জন্মেছে বিকলাঙ্গ হয়ে। ১৪ শতাংশ একপর্যায়ে মারা গেছে।

রক্ত সম্পর্কের মধ্যে সন্তান জন্মদান (ইনব্রিডিং) কেন মারাত্মক সেটা বুঝতে হলে আমাদেরকে আগে জেনেটিক্স বা জিনতত্ত্ব বুঝতে হবে। আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে দুটো করে সেক্স ক্রমোজম। এর মধ্যে থাকে এক জোড়া করে জিন। বাবার এক্স ও ওয়াই (X, Y) এবং মায়ের এক্স ও এক্স (X, X)। শরীরের দুটি সেক্স ক্রমোজম যদি হয় এক্স-এক্স জোড় তাহলে নারী আর এক্স-ওয়াই হলে পুরুষ।

মানুষের বৈশিষ্টগুলো এই ক্রোমজমে অর্থাৎ জিনে থাকে। আর মানুষের শরীরে সব ধরনের জিনের দুটি করে কপি থাকে যার একটি বাবার আর একটি মায়ের। শারীরিক গঠন ও জিনবাহিত রোগও এর মধ্যে নিবিষ্ট থাকে এবং বাবা-মার মাধ্যমে সন্তানের শরীরে পরিবাহিত হয়।

এছাড়া, জিনের মধ্যে নিবিষ্ট বৈশিষ্ট্যগুলো আবার দুই ধরনের হতে পারে : প্রকট ও প্রচ্ছন্ন। যেসব বৈশিষ্ট্য সন্তানের শরীরে স্পষ্ট ও প্রকাশিত সেগুলোকে প্রকট  আর যেসব জিনের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে সেগুলোকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।

যখন ইনব্রিডিং (রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে মিলন) হয় তখন একই পূর্ব পুরুষ থেকে পাওয়া প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে বংশগত অনেক প্রচ্ছন্ন রোগ সন্তানের শরীরে প্রকট হতে পারে। এছাড়া দুটো জিন একই রকম হলে জিনগত ভিন্নতা বা বৈচিত্র্য তৈরি হয় না। বংশানুক্রমে পাওয়া যে কোনো রোগের কারণ মূলত এই জাতীয় জিন। এগুলোকে বলে জিনের রিসেসিভ (পূর্বের থেকে পাওয়া) রূপান্তর।

রোগ ছড়ানোর সম্ভাবনা কমে যায় যখন বাবা মায়ের জিন একই পূর্বপুরুষ থেকে না আসে। এই জাতীয় অনেক জিনই ক্ষতিকর না, যে কারণে মিল থাকলেও সমস্যা হয় না। কিন্তু ক্ষতিকর জিন হলে মারাত্মক সমস্যা দাঁড়িয়ে যায়। ছোট সমস্যা ফুলে ফেঁপে বড় হয়ে যায়। বাবা-মার জিনে যদি একই রোগের প্রকোপ থাকে তাহলে সেটা সন্তানের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বেশি। এটাই ইনসেস্ট বা ইনব্রিডিংয়ের প্রধান সমস্যা।

এমনিতে যেকোনো সাধারণ মানুষের জিনোমেই একটা বা দুইটা প্রাণঘাতী রিসেসিভ মিউটেশান উপস্থিত থাকতে পারে। যেমন, অ্যাক্রোমাটোপিয়া রোগের কথা ধরা যাক। এটা একটি দুর্লভ জিনগত রোগ যেটা মানুষকে বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) করে ফেলে। প্রতি ৩৩ হাজার মার্কিনির মধ্যে একজনের এই রোগ রয়েছে এবং প্রতি একশ লোকের মধ্যে একজন এটা বহন করে। এবার আমাদের কাল্পনিক ভবিষ্যদ্বাণীতে ফিরে যাওয়া যাক : মহাপ্রলয়ের পরে বেঁচে থাকা শেষ দুইজন নারী-পুরুষের একজনের মধ্যে যদি এই সমস্যা উপস্থিত থাকে তাহলে তাদের সন্তানদের মধ্যে জিনের এক কপি যাওয়ার সুযোগ চারবারে একবার। কারণ বাবা-মায়ের মিলে মোট চারটা জিন। এই পর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু এরপর প্রথম প্রজন্মের সন্তানরা যখন ইনসেস্ট করবে তখন রোগের সম্ভাবনা বেড়ে যাবে। কারণ সন্তানদের চারটি জিনের মধ্যেই একই জিনের দুই কপি থাকার সুযোগও চারবারে একবার। কাজেই মূল দম্পতির যখন নাতি-নাতনী হবে তাদের মধ্যে এই রোগ ছড়ানোর সুযোগ থাকবে ষোলবারে একবার।

ঠিক এইরকম পরিণতি হয়েছিল পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি প্রবাল দ্বীপ পিংলাপের বাসিন্দাদের। আঠারোশ শতকের এক ঘূর্ণিঝড়ে সেখানকার সমস্ত মানুষ মারা যান, বেঁচে ছিলেন শুধু বিশ জন মানুষ। এদের মধ্যে একজনের ভেতরে ছিল অ্যাক্রোমাটোপিয়া রোগ। বিশজন মানুষের জিন সংখ্যা খুবই সামান্য। এদের ভেতরে যখন প্রজনন হয়েছে, তখন এই দ্বীপের বর্তমান জনসংখ্যার ১০ ভাগ মানুষ তৈরি হয়েছে পুরোপুরি বর্ণান্ধ।

তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এতোসব গোপন বিপদের ঝুঁকির পরেও যদি বেঁচে যাওয়া মানুষেরা প্রচুর সন্তান উৎপাদন করে তাহলে কমপক্ষে তাদের কয়েকজন অন্তত স্বাস্থ্যবান হবে। কিন্তু যদি ইনব্রিডিং চলতে থাকে কয়েকশ বছর ধরে তাহলে কী ঘটবে?

আশার কথা হচ্ছে, এর উত্তর জানার জন্য আমাদের পিংলাপ দ্বীপে আটকা থাকতে হবে না। কারণ এইরকম একটি গোত্র পৃথিবীতে রয়েছে যারা নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকদিন ধরে শুধু এই কাজই করে আসছে। এরা ইউরোপীয় রাজবংশীয় গোত্র- স্প্যানিশ হাবসবার্গস। দুইশ বছরে প্রায় নয় প্রজন্ম ধরে সুপরিকল্পিতভাবে নিজেদের আত্মীয়দের মধ্যে বিয়ে দিয়ে স্প্যানিশ হাবসবার্গসরা করেছে ইনব্রিডিংয়ের প্রাকৃতিক পরীক্ষা এবং পরিণতি। স্পেনের হাবসবার্গস শাসক চার্লস-২ এই পরীক্ষার সবচেয়ে বিখ্যাত শিকার। মানসিক এবং শারীরিকভাবে বিকলতা নিয়ে জন্ম নেয়া এই রাজা ৮ বছর বয়স পর্যন্ত হাঁটতে পারতেন না। পূর্ণবয়সে এসে তার যৌন অক্ষমতা এবং অনুর্বরতা কারণে তার গোটা রাজবংশ বিলুপ্ত হয়ে পড়ে।

২০০৯ সালে স্পেনের একদল বিজ্ঞানী প্রকাশ করেছেন কেন এমনটা ঘটেছিল? বিজ্ঞানীরা কারণ নির্ণয় করেছিলেন ‘ইনব্রিডিং কোয়েফিশিয়েন্ট’ এর মাধ্যমে। এটা হচ্ছে, সন্তানের শরীরে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবা মার জিন গত মিলের অনুপাত থেকে। চার্লসের বংশে ইনব্রিডিংয়ে এমনভাবে জড়িয়ে গিয়েছিলেন যে তার ভেতরে বাবা-মা থেকে প্রাপ্ত জিনগত মিল হয়ে পড়েছিল অনেক বেশি।

ঠিক একই পদ্ধতিতে বাস্তুবিদরা বা পরিবেশবিদরা কোনো বিলুপ্তপ্রায় প্রজাতির জিনগত ঝুঁকি নির্ণয় করে থাকেন। নিউজিল্যান্ডের অর্টাগো বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ ডক্টর ব্রুস রবার্টসন বলেছেন, ‘যেকোনো প্রজাতির স্বল্প জনসংখ্যার ভেতরে শারীরিক মিলন হলে আগে পরে সবাই একসময় আত্মীয় হয়ে পড়বে। এই আত্মীয়তা যত বাড়বে ইনব্রিডিংয়ের পরিণতি ততটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে।’ ডক্টর ব্রুস ‘কাকাপো’ নামের নিউজিল্যান্ডের একটি বৃহদাকৃতি তোতাপাখির উপরে গবেষণা করছেন যারা উড়তে পারে না। গোটা পৃথিবীতে এই প্রজাতির মাত্র একশো পঁচিশটি তোতা অবশিষ্ট রয়েছে।

কাকাপো তোতা পাখি

আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ইনব্রিডিংয়ের ফলে স্পার্ম বা শুক্রাণুর মানের উপরে কি ধরনের প্রভাব ফেলে। এদের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত না করতে পারার অনুপাত ১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪০ শতাংশ হয়েছে। ডক্টর ব্রুস বলেন, এটা হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশান বা উদ্যমহীনতা বা মন্দা। ইনব্রিডিংয়ের ফলে সৃষ্ট জিনগত ত্রুটি থেকে এটা আবির্ভূত হয়। কাকাপো তোতা যাতে টিকে থাকতে পারে সেজন্য অনেক যত্নআত্তি করা হচ্ছে। কিন্তু তারপরও এটার একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিলুপ্ত প্রায় কোনো প্রজাতির আরেকটি ঝুঁকি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক সময় হয়তো তারা পরিবেশের সাথে ঠিকই খাপ খাইয়ে নিতে পারে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্য এর চেয়ে বেশি কিছু প্রয়োজন। সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেটা বিলুপ্তপ্রায় প্রজাতির করার সুযোগ নেই। যুক্তরাজ্যের ডুরহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফিলিপ স্টিভেনস বলেন, ‘জিনগত ভিন্নতা এবং বিস্তৃতি বেশিরভাগ প্রজাতিই চায়। মানুষও এর ব্যতিক্রম না। মানুষ প্রজননের জন্য এমন সব ব্যতিক্রমী সঙ্গী খোঁজে যাতে করে তাদের পরবর্তী প্রজন্মের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পায়।’

কাজেই মহাপ্রলয়ের পর যদি মানব প্রজাতি আবার টিকেও যায়, তাহলে এমন হতে পারে যে তাদেরকে আর চেনা যাবে না। কেন? উত্তরটা দেয়া আছে জেনেটিক্সের ফাউন্ডার ইফেক্ট তত্ত্বে। ফাউন্ডার ইফেক্ট হচ্ছে, একটা বড় জনসংখ্যার ভেতরে যখন অল্প কিছু লোক আলাদা দলে ভাগ হয়ে গিয়ে একটা কলোনি গড়ে তোলে এবং এতে করে যে জিনগত বৈচিত্র্য কমে যায়। ফলে মানুষ শুধু যে দেখতে কিংবা শুনতে আলাদা হবে তা না, গোটা প্রজাতিই হয়তো বনে যাবে সম্পূর্ণ ভিন্ন কিছু।  মিউটেশনের ফলে এরকম কিছু হতে পারে।

তাহলে এবার প্রশ্ন উঠতে পারে কি পরিমাণ জিনগত বৈচিত্র্য আসলে দরকার টিকে থাকার জন্য? স্টিভেনস বলেন, আশির দশকে এই প্রশ্নে অনেক বিতর্ক হয়েছিল। তখন একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী একটি সার্বজনীন বৃদ্ধাঙ্গুলি নীতি (রুল অব থাম্ব) প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবমতে, কমপক্ষে পঞ্চাশ জন প্রজননক্ষম ব্যক্তির প্রয়োজন ইনব্রিডিং ডিপ্রেশান বা মন্দা রুখতে হলে এবং আরও পাঁচশ জন ব্যক্তির প্রয়োজন সেটাকে গ্রহণ করে তাল মেলানোর জন্য। যে কোনো বিলুপ্ত প্রায় প্রজাতির ব্যপারে এই নীতি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়। শুধু পাঁচশ জনের সংখ্যাটা বাড়িয়ে করা হয়েছে পাঁচ হাজার জন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জিন স্থানান্তরের সময় যাতে কোনো জিন হারিয়ে যাওয়ার সুযোগটা কমে আসে সেজন্যে। যখন কোনো প্রজাতির জনসংখ্যা পাঁচ হাজারের নিচে চলে যায় তখন সেটাকে আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অব নেচার) এর রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হয় বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায়।

যে সমস্ত বিজ্ঞানী এই বিষয়ে কাজ করছেন তাদের অনেকের মনেই বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণ নীতি নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে। কারণ বিলুপ্ত প্রজাতির সংরক্ষণটা মূলত বিলুপ্তির মাত্রার গুরুত্বের উপরে নির্ভর করে। অর্থাৎ যে প্রজাতির বিলুপ্তির মাত্রা বেশি তার সংরক্ষণের গুরুত্ব বেশি। বিজ্ঞানীরা যখন এই রকম প্রজাতির ক্ষয়ক্ষতির মাত্রা নির্ণয় করেন এবং প্রশ্ন করেন একে কি টিকিয়ে রাখা সম্ভব কি না? তখন এই প্রশ্ন দিয়ে এটাও বোঝানো হয় যে, বোধহয় সম্ভব না।

তার মানে কি পৃথিবীর শেষ নর-নারী শেষ পর্যন্ত পারছে না মানবজাতিকে ফিরিয়ে আনতে? গল্প কি এখানেই শেষ? গল্প শেষ করার আগে এটাও সবার জানা দরকার যে, বিজ্ঞানীদের ধারণাতে যে সহজাত অসঙ্গতি বা ভুল থাকে তার জীবন্ত প্রমাণ কিন্তু রয়েছে। প্রমাণ আমরা নিজেরাই। প্রত্নতাত্ত্বিক এবং দেহতাত্ত্বিক প্রমাণে দেখা যায়, আমাদের পূর্ব পুরুষেরা প্রায় ১০ লাখ বছর পর্যন্ত তাদের জনসংখ্যা এক হাজারের বেশি বৃদ্ধি করতে পারেনি যেটা প্রজাতি টিকিয়ে রাখার জন্য দরকার ছিল। তারপরে পঞ্চাশ হাজার থেকে এক লাখ বছর আগে যখন তারা আফ্রিকা থেকে ছড়িয়ে (মাইগ্রেট) পড়লো তখন লোকসংখ্যা আরও কমে গেলো। তার মানে তাদের ভেতরে জিনগত বৈচিত্র্যও কমে গিয়েছিল মারাত্মকভাবে। শুধু তাই নয়, ২০১২ সালে প্রতিবেশী প্রজাতির শিম্পাঞ্জির উপরে একটি গবেষণা চালিয়ে দেখা গেছে, বর্তমান পৃথিবীর সাতশ কোটি মানুষের ভেতরে যে পরিমাণ জিনগত বৈচিত্র্য রয়েছে তারচেয়ে বেশি বৈচিত্র্য রয়েছে শিম্পাঞ্জির ভেতরে। অথচ শিম্পাঞ্জি বিলুপ্ত হয়ে গেছে, মানুষ টিকে রয়েছে।

কাজেই পূর্বপুরুষদের দিকে ঘুরে তাকানোটাই হবে আমাদের প্রশ্নের উত্তরের জন্য সবচেয়ে ভালো বাজি ধরা। নৃতত্ত্ববিদ জন মুর প্রথম দিককার ১৬০ জন মানুষের ছোট অভিবাসী দলের উপরে ভিত্তি করে একটি গবেষণা করেছিলেন যেটা ২০০২ সালে প্রকাশ করেছিল নাসা। এটাই ছিল নাসার গবেষণা। এখানে তিনি সুপারিশ করেছিলেন, এমন একদল নর-নারী বেছে নিতে যারা বয়সে তরুণ এবং যাদের ভেতরে কার্যকরী বিপজ্জনক জিনের উপস্থিতি নেই। এরকম কিছু দম্পতিকে দুইশ বছর আলাদা কোনো গ্রহে পাঠানো হবে এবং একসময় হয়তো তারা পৃথিবীতে ফিরে আসবে। যদিও মুরের এই গবেষণা ছিল মূলত দীর্ঘমেয়াদি মহাশূন্য ভ্রমণের পরিকল্পনা নিয়ে, কোনও গ্রহকে মানবজাতি দিয়ে ভরে ফেলা নিয়ে নয়। যে কারণে এই কাজে তার সুপারিশ করা মানব দম্পতির আদর্শ সংখ্যাটা পুরোপুরি খাটে না।

তাহলে আমাদের গল্পের একমাত্র মানব মানবীর কী হবে? তারা কি শেষ পর্যন্ত পারবে কোটি কোটি মানুষের জন্ম দিতে? পৃথিবী আবার লোকে লোকারণ্য করে দিতে? উত্তর দেয়াটা প্রথমে যতটা না সহজ ছিল এখন বরং আরও কঠিন হয়ে গেছে। কারণ এখন এতো বৈজ্ঞানিক তত্ত্ব ঘাঁটার পরে নিশ্চিত করে কিছু বলার কোনো সুযোগ নেই। প্রথমেই যদি বিশ্বাস থেকে বলে ফেলা যেত যে- সম্ভব – তাহলে আর চিন্তা থাকতো না। সমস্যাটা বাঁধিয়েছেন মূলত বিজ্ঞানীরা। তাদের বিশ্বাস কম, তারা সবকিছুতেই শুধু প্রশ্ন করেন, নিশ্চিত হতে চান। এতে করে উত্তর পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। বিজ্ঞানীরা কিন্তু শুধু প্রশ্নই করেন না, তারা উত্তরও খোঁজেন। সবচেয়ে বড় কথা উত্তরের খোঁজে তারা আশাবাদী। যে কারণে বিজ্ঞানী ডক্টর ফিলিপ স্টিভেনস বলেছেন, ‘তত্ত্ব মতে বিষয়টা অসম্ভব। কিন্তু পৃথিবীতে মানুষের অসম্ভব অভিযানের চমকপ্রদ সব গল্প রয়েছে। একেবারে শেষ প্রান্তে গিয়েও ফিরে আসতে পারে কেবল মানুষ। মানুষের পক্ষে যেকোনো কিছু সম্ভব।’বাংলামেইল