স্থগিত হয়ে গেল ভারত-পাক আলোচনা
আপাতত স্থগিতই হয়ে গেল ভারত-পাক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, দুইদেশের সম্মতিতেই দ্বিপাক্ষিক বৈঠক কিছুদিন পরে করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠানকোট হামলার ঘটনায় জইশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় পাকিস্তানের প্রশংসা করে বিকাশ স্বরূপ বলেছেন, পাক তদন্তকারী দল পাঠানকোটের তদন্তে এ দেশে এলে তাদের যাবতীয় সাহায্য করবেন ভারতীয় গোয়েন্দারা।
ভারত-পাক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক যে শুক্রবার হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছিল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়েছিল, বৈঠকের দিনক্ষণ বদল করা হবে। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছিলেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজি খলিলুল্লাহ। সেই একই কথা জানিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। তিনি জানিয়েছেন, ‘এটা কোনও এক তরফা সিদ্ধান্ত নয়। দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে ভারত-পাক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীতে বৈঠকের দিনক্ষণ ঠিক করতে আলোচনায় বসবেন দু দেশের পররাষ্ট্র সচিব।’
পাঠানকোট হামলায় জইশের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপকে ইতিবাচক আখ্যা দিয়ে, বিকাশ স্বরূপ জানিয়েছেন, জইশ প্রধান মাসুদ আজহারের আটক হওয়ার কোনও খবর তাঁদের কাছেও নেই। এর আগে, একই কথা জানিয়েছিল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ও। পাক তদন্তকারী দলকে এ দেশে স্বাগত জানিয়ে বিকাশ স্বরূপ জানিয়েছেন, পাঠানকোটের তদন্তের ব্যাপারে প্রতিনিয়ত কথা হচ্ছে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে।
পাঠানকোট হামলার মূল চক্রী মৌলানা মাসুদ আহজারকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও, বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে জানিয়ে দেওয়া হয় মাসুদ আজহারের আটক হওয়ার কোনও খবর তাদের কাছে নেই।











