ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিনের সংঘর্ষের ঘটনায় ১০ মামলা : আসামী সাড়ে ৮ হাজার
জেলা বিএনপি’র সভাপতি-সাধারন সম্পাদকসহ ৪৪ নেতাকর্মী এজাহারনামীয় আসামী
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় গত দু-দিন মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ি-ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় এখন পর্যন্ত ১০ াট মামলা হয়েছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৯ টি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়। এসব মামলায় আসামী করা হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার লোককে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে। অন্য মামলাগুলোতে কোন আসামীর নাম নেই। এছাড়া জেলা বিএনপি নেতাদের কারামুক্তির দিন (১১ ই জানুয়ারী) বিকেলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা দেয়া হয়। অন্যদিকে মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমানের মৃত্যুর ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া কর্তৃপক্ষ। তবে গতকাল সারাদিনে সদর মডেল থানায় এ মামলা হয়নি। তাদের মামলায় পুলিশের দুই কর্মকর্তা,জেলা ছাত্রলীগ ও যুবলীগের কয়েক নেতাসহ ৩০/৩২ জনকে আসামী করা হচ্ছে বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে।
সদর থানা উপপরিদশক (এস.আই) ইশতিয়াক আহাম্মেদ জানান, ১১ জানয়ারি রাতের সংঘর্ষের ঘটনায় ওই রাতেই সদর থানার এসআই আলী আক্কাস বাদি হয়ে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৪ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরদিন (১২ জানুয়ারী) মঙ্গলবার বিকেলে পুলিশবাহী পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানার এসআই রুবেল ফরাজী বাদি হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।
একই দিন সদর হাসপাতাল ভাংচুরের ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রানা নূর শামস বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮’শ জনের বিরুদ্ধে মামলা করেন।
এছাড়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল ভাংচুরের ঘটনায় প্রধান শিক্ষক চমন সিকান্দার জুলকার নাঈন অজ্ঞাতনামা আট/নয়শ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রশিকার কার্যালয় ভাংচুরের ঘটনায় ম্যানেজার হুমায়ূন কবির বাদি হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হালদারপাড়া এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় ব্যবসায়ি ফেরদৌস বাদি হয়ে অজ্ঞাতনামা তিন/চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয় ভাংচুরের ঘটনায় সংগঠনের সম্পাদক বাছির দুলাল বাদি হয়ে আট/নয়শ জনের বিরুদ্ধে মামলা দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্টেশন মাস্টার মহিদুর রহমান বাদি হয়ে আখাউড়া রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ১২’শ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙ্গচুরের ঘটনায় আজ নতুন ৩ টি মামলা হয়। ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার ভাঙ্গচুরের ঘটনায় আবদূন নূর,তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যালয় ভাঙ্গচুরের ঘটনায় মনির হোসেন ও আলাউদ্দিন সংগীতাঙ্গন ভাঙ্গচুরের ঘটনায় আবদুল মান্নান বাদী হয়ে এসব মামলা করেন। প্রত্যেক মামলায় ৮/৯’শ লোককে অজ্ঞাত আসামী করা হয়। তবে এসব মামলার কোন আসামী গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম মাসুদ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,প্রতিষ্ঠান সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের জঘন্য হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংস্কৃতিকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে জেলার সর্বস্থরের সংস্কৃতিকর্মী ও মুক্তবুদ্ধির মানুষেরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা নাগরিক সমাজ আহবায়ক তাজ মো.ইয়াছিন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন অর রশিদ,সাহিত্য একাডেমীর আহবায়ক কবি জয়দুল হোসেন,সুর স¤্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার,ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সম্পাদক মনজুরুল আলম, কমিনিস্টলীগ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতি লাল বনিক,জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড.কাজি মাসুদ আহমেদ,সাধারন সম্পাদক আবু সাঈদ খান,নারী মুক্তি সংসদ সভাপতি ফজিুলাতুন্নাহার, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের এড.নাসির মিয়া,আবরণি নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, মহিলা পরিষদ সাংগঠনিক সম্পাদক আসমা খানম,ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক আবু নাঈম।সভায় বক্তাগণ ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান।এ ব্যাপারে সংস্কৃতিকর্মীরা নিয়মিত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য,১১ ই জানুয়ারী সন্ধ্যায় শহরের জেলা পরিষদের মার্কেটের এক ব্যবসায়ীর সঙ্গে ২ মাদ্রাসা ছাত্রের বাদানুবাদ হয়। এরজের ধরে মাদ্রাসার কয়েক’শ ছাত্র ঐ মার্কেটে গিয়ে হামলা চালায়। ভাঙ্গচুর করে ২ টি দোকান। এরপরই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেয়। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত শহরের কান্দিপাড়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে দু-পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় শতাধিক ককটেলের বিস্ফোরন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ শতাধিক রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় আহত মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান(২০) রাত ৩ টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরদিন সকাল ৭ টা থেকে মাদ্রাসার শতশত ছাত্র-শিক্ষক শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙ্গচুর করা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন। আগুনে পুড়ানো হয় হালদারপাড়াস্থ প্রশিকা অফিস। ভাঙ্গচুর করা হয় আওয়ামীলীগ ও সংসদ সদস্যের কার্যালয়,মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে থাকা ব্যাংক এশিয়ার অফিস,ইন্ডাষ্ট্রিয়াল স্কুল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে থাকা সাহিত্য একাডেমী,তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ,শিশু নাট্যম,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার এর কার্যালয় ব্যাপক ভাঙ্গচুর করা হয়। শহরের বিভিন্নস্থানে থাকা আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে টানানো বিলবোর্ড ছিড়ে ফেলে দেয়া হয়। সকাল ১০ টার দিকে রেলপথে অবরোধ সৃষ্টি করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
আগুন ধরিয়ে দেয়া হয় রেলপথের বিভিন্নস্থানে। এসময় রেলষ্টেশনের প্রতিটি কক্ষ ব্যাপক ভাঙ্গচুর করে। ভেঙ্গে ফেলা হয় কন্ট্রোল প্যানেল। ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।











