বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের সঙ্গে ‘পর্দার আড়ালে’ আলোচনা করবে আইসিসি

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে না খেলার পাকিস্তান সরকারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইসিসি পর্দার আড়ালে (ব্যাক-চ্যানেল) সমাধানের চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

নির্ধারিত ম্যাচের প্রায় ১৫ দিন আগে সিদ্ধান্তটি ঘোষণা করায় আইসিসির হাতে বিভিন্ন বিকল্প বিবেচনার পর্যাপ্ত সময় রয়েছে। সূত্র জানায়, পাকিস্তানের যেকোনো আপত্তি বা শর্ত বিবেচনায় নিয়ে সমাধান খোঁজার পথও খোলা আছে। এ ছাড়া, আরও কয়েকটি ক্রিকেট বোর্ড আইসিসির উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছে।

পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। অতীতে অবশ্য নিরাপত্তাজনিত কারণে ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলেনি। একইভাবে ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যথাক্রমে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল।

কিছু মহল পাকিস্তানের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে, কারণ আগের উদাহরণগুলোর মতো এবার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি ভেবেচিন্তেই করেছে এবং ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে দায়ের করা মামলার আইসিসি ডিসপুট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-এর কার্যক্রমের ওপর ভরসা রাখছে।

ওই মামলার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালে পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন না করায়। চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। এর বিনিময়ে পিসিবি আইসিসির ‘বিগ থ্রি’ রাজস্ব বণ্টন মডেলকে সমর্থন করেছিল, যেখানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বেশি রাজস্ব পায়।

২০১৮ সালের শুনানির সঙ্গে যুক্ত এক সূত্র জানান, ‘শুনানিতে পিসিবি বিসিসিআইয়ের কাছে জানতে চায় কেন তারা পাকিস্তান সফরে রাজি হয়নি। শুরুতে বিসিসিআই বলে, কারণ জানানোর কোনো বাধ্যবাধকতা তাদের নেই। পরে তারা দাবি করে, ভারত সরকার সফরের অনুমতি দেয়নি।’ লিখিত নির্দেশ চাওয়া হলে বিসিসিআই জানায়, এমন সিদ্ধান্ত মৌখিকভাবে জানানো হয়, লিখিত নথি থাকে না।

তবুও সূত্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে, ২০১৮ সালের মতো এবারও আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাবের কারণে পাকিস্তানের বিপক্ষে রায় যেতে পারে, যার ফলে আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞা আসতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান সরকার আন্তর্জাতিক সালিশি আদালতের দ্বারস্থ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সূত্র।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক একটি ঘটনায় আইসিসির সিদ্ধান্তও পাকিস্তানের অবস্থানকে প্রভাবিত করেছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরানোর অনুরোধ করেছিল, কিন্তু আইসিসি তা নাকচ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দেয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ১৪-২ ভোটে পাস হওয়া ওই সিদ্ধান্তে কেবল পাকিস্তান ও বাংলাদেশ বিপক্ষে ভোট দেয়।

ভারত–পাকিস্তান ম্যাচকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক লড়াই হিসেবে ধরা হয় এবং এটি আইসিসির রাজস্ব কাঠামোর মূল ভিত্তি। গণমাধ্যমের হিসাব অনুযায়ী, সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়ে এই ম্যাচের আর্থিক মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। সাধারণত ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে।

পাকিস্তানের ঘোষণার পর আইসিসি কড়া ভাষায় বিবৃতি দিয়ে পিসিবিকে ‘সব পক্ষের স্বার্থ রক্ষায় পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খোঁজার’ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকারের পক্ষ থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নির্বাচিতভাবে অংশগ্রহণের নির্দেশনার বিষয়ে দেওয়া বক্তব্য আইসিসি নোট করেছে। পিসিবির আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় থাকলেও, নির্বাচিত অংশগ্রহণ একটি বৈশ্বিক ক্রীড়া আসরের মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আরও বলা হয়, ‘আইসিসি টুর্নামেন্টগুলো ক্রীড়াসুলভ নৈতিকতা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ওপর দাঁড়িয়ে আছে। নির্বাচিত অংশগ্রহণ এই প্রতিযোগিতার চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ন করে।’

জাতীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকা স্বীকার করলেও আইসিসি সতর্ক করে জানায়, এ সিদ্ধান্ত ‘বিশ্ব ক্রিকেট কিংবা পাকিস্তানসহ বিশ্বজুড়ে কোটি ভক্তের কল্যাণের পক্ষে নয়।’

খবরে আরও বলা হয়েছে, পাকিস্তান যদি নিজের অবস্থানে অটল থাকে, তবুও নির্ধারিত ম্যাচ খেলতে ভারতীয় দল কলম্বো সফর করবে। নির্ধারিত সময়ে পাকিস্তান দল মাঠে না নামলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভারত পয়েন্ট পেয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

হানিফ ফ্লাইওভারে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবন কর্মকর্তা আটক

গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

ভারতে পিএসএল সম্প্রচার স্থগিত করল পাকিস্তান

রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না

মানুষ তোমাদের দেখেছে, এবার আমাদের একটু সুযোগ দাও

ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ ঘোষণা

জামায়াতের ‘ছব্বিশে ছাব্বিশ’ নির্বাচনী ইশতেহারে যা থাকছে

গুপ্তরা এখন নতুন জালিমের ভূমিকায় আবির্ভূত হয়েছে: তারেক রহমান