বিশ্ব ইজতেমার ঐতিহ্য ও সামাজিক প্রভাব
ড. মুহাম্মদ আবদুল হাননান
এজতেমা বা ইজতেমা, যেভাবেই উচ্চারণ করি না কেন, এর উৎস আরবি ভাষা। বাংলায় এর অর্থ সমবেত হওয়া। বোঝার জন্য ‘মহাসম্মেলন’ বলা যেতে পারে। ভারতে ১৯২০ সালে এবং তত্কালীন বঙ্গদেশে ১৯৪৪ সাল থেকে তাবলিগ জামাতের কাজ শুরু হয়। ১৯৪৬ সালে প্রথমবারের মতো কাকরাইল মসজিদের ভেতরে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতিবছর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে টঙ্গীর পাগাড় গ্রামের কাছে একটি মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এই ইজতেমায় বিদেশি কয়েকটি জামাতও অংশ নেয়। এখান থেকেই এর নাম হয় বিশ্ব ইজতেমা। ১৯৬৭ সালে টঙ্গীর তুরাগ নদের পারে প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় এবং এই সময় থেকে নিয়মিতই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এ ইজতেমায় অংশ নিতে থাকে। সর্বশেষ ২০১৫ সালে ৮৮টি দেশের মুসলিম জামাত বাংলাদেশের ইজতেমায় অংশ নেয়।
এই বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাত। তাবলিগ জামাত নামটি কোথা থেকে কিভাবে এলো এ নিয়ে সামান্য বিতর্ক আছে। মাওলানা ইলিয়াস আখতার (রহ.) ১৯২০ সালে প্রথমবারের মতো ভারতের মেওয়ায় কাজটি শুরু করেন। তিনি বারবার বলেছেন, তাবলিগ জামাত নামটি আমি দিইনি। কেউ যদি আমাকে বলত, এ কাজটির একটি নাম দিন, তাহলে আমি এর নাম দিতাম ‘তেহরিকে ইমান’ ‘অর্থাৎ ইমানের আন্দোলন’। তাবলিগ জামাত নামটি এসেছে জনগণের কাছ থেকে। [সূত্র : মাওলানা সা’দ [দা.বা.]-এর বয়ান, বিশ্ব ইজতেমা, টঙ্গী, ২০১৫]।
তাবলিগ জামাত সারা বিশ্বে যে কাজটি করছে বাস্তবেই তা একটি ইমানের আন্দোলন। তারা মনে করছে, মুসলিমদের তো ইমান আছে, তবে তার ইমান এত দুর্বল যে তাঁকে তা মসজিদে আনতে পারছে না। মুসলিমরা নবী করিম (সা.)-কে ভালোবাসে, কিন্তু তাঁর সুন্নতের ওপর চলতে পারছে না। তাবলিগ জামাত বলে, মুসলিমদের ইমানের দাওয়াত দাও, অমুসলিমদের দাও ইসলামের দাওয়াত।
আর দাওয়াতের কাজে এমন বিনয় অবলম্বন করতে হবে, যেটা নবী করিম (সা.) নিজে করেছিলেন। নবী করিম (সা.)-এর জীবনে একটি ঘটনাও নেই, যেখানে তিনি নিজে কাউকে হত্যা করেছিলেন। সুদূর মক্কা থেকে মদিনায় এসে কাফিররা নবী (সা.)-এর ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, তিনি প্রতিরোধ করেছেন। নবী করিম (সা.) মানুষের ঘরে ঘরে গেছেন, ব্যক্তি থেকে ব্যক্তিতে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবী (সা.)-এর আচার-ব্যবহার, আখলাক দেখে অমুসলিমরা মুসলিম হয়েছে, তারা দ্বীনের ওপর এসেছে। আর এটা যে কেবল আমাদের নবী (সা.) করেছেন এমন নয়, দুনিয়ার সব নবীরা দ্বীন প্রচারে এভাবেই মেহনত করেছেন।
তাবলিগ জামাতের কাজের একটি বড় বৈশিষ্ট্য হলো, নিজেকে ছোট মনে করা, অন্য ভাইকে নিজের থেকে বড় মনে করা। এ কাজের গুরুত্বপূর্ণ দিক হলো প্রচারবিমুখতা। সবকিছুতেই আল্লাহকে রাজি-খুশি করতে হবে। নিজেকে জাহির না করা। কে বয়ান করছে, আপনি কখনোই কাকরাইল গেলে বা ইজতেমায় গেলে তার নাম শুনতে পাবেন না। মিডিয়া ইজতেমার যে প্রচার করে, তা তাবলিগ জামাত আয়োজিত নয়। মিডিয়া নিজেই এটা করে। কোনো সংবাদ সম্মেলন, পোস্টার, লিফলেট, ব্যানার ইজতেমা উপলক্ষে করা হয় না।
তাবলিগ জামাত দ্বীন প্রচারে এ কাজটাই করতে চায় এবং করছে। মানুষের ঘরে ঘরে যাচ্ছে, যাতে তারা মসজিদে আসে। যদি মুসলিম সামজের ইমান-আখলাক, লেনদেন ভালো হয়ে যায়, তাহলে অমুসলিমরাও ইসলাম গ্রহণ করবে। মুসলিমরাই যদি নবী করিম (সা.)-এর আদর্শে না চলতে পারে, তাহলে অমুসলিমরা কখনোই ইসলামের দিকে আসবে না। এ বিষয়টি সামনে নিয়েই দাওয়াত ও তাবলিগের কাজ সারা দুনিয়ায় এখন ছড়িয়ে পড়েছে। আপনি সমুদ্রের পারে যাবেন, দেখবেন, সেখানে দাওয়াতের কাজ চলছে। আপনি আফ্রিকার জঙ্গলে যান, দেখবেন বন মানুষদের মধ্যেও এ কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলাই এ কাজকে এভাবে চালিয়ে নিচ্ছেন।
বিশ্বে তাবলিগ জামাতের কাজে বাংলাদেশ এগিয়ে আছে বলে মনে করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষও মাসে মাসে টাকা জমা করে বাংলাদেশ সফর করার নিয়ত করে। বাংলাদেশের মানুষের সাদেকিন (সাধারণ) জীবনযাপন মুসলিম বিশ্বে খুব আলোচিত বিষয়। একটি শান্তিপূর্ণ ও ছিফতওয়ালা মানুষের দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি বিশ্বে বেড়ে চলেছে। বাংলাদেশের তাবলিগ জামাতের কর্মীরা সারা বিশ্বে রাষ্ট্রদূতের মতো এ পরিচিতিকে তুলে ধরছেন। বাংলাদেশের সাধারণ মানুষের সাদাসিধা জীবন, তাদের খাওয়া-দাওয়া, আচার-ব্যবহার, বিদেশ থেকে আগত মেহমানদের সততই আকৃষ্ট করে। বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ দ্বীন প্রচার ও দ্বীন শেখার জন্য বিদেশে যাচ্ছে। বিদেশ থেকেও হাজার হাজার মানুষ দ্বীন প্রচার ও দ্বীন শেখার জন্য বাংলাদেশে আসছে। এর একটি ইতিবাচক অর্থনৈতিক প্রভাবও পড়ছে। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতে এর বিশেষ প্রভাবটি প্রণিধানযোগ্য।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একদিন একটি অনুষ্ঠানে বলছিলেন যে আগে আমাদের দেশে আসার জন্য কতজনইবা ভিসার আবেদন করত। এখন বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলোতে বাংলাদেশে আসার জন্য বিদেশিরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। সারা বছরই বাংলাদেশের দূতাবাসগুলো এ কাজে কর্মচঞ্চল রয়েছে।
২০১৬ সাল থেকে ইজতেমায় বাংলাদেশকে চার ভাগ করা হয়েছে। ২০১৬ সালে জানুয়ারির ৮-১০ পর্যন্ত প্রথম ইজতেমায় ১৬ জেলা এবং ১৫-১৭ পর্যন্ত ১৬ জেলা দ্বিতীয় ইজতেমায় আসতে পারবে। বাকি ৩২ জেলা ২০১৭ সালে দুই ভাগে আগের মতো আসবে। যারা ২০১৬ সালে আসবে তারা ২০১৭ সালে আসতে পারবে না। বর্তমানে ইজতেমা এতই বড় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এ ছাড়া আর কোনো পথ নেই।
ইজতেমায় তাবলিগ জামাত ছয়টি বড় গুণ অর্জনের কথা বলে। এর মধ্যে প্রথমেই রয়েছে ইমান। কর্মীরা ইমানের দাওয়াতের কাজটিকে ফরজ কাজ বলেই মনে করে। কারণ ইমান মানুষের জন্য ফরজ। তাই ইমানের মেহনতও ফরজ। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নবীরা কিভাবে ইমানের দাওয়াত দিয়েছেন তা পবিত্র কোরআনে ইব্রাহিম (আ.), ইউসুফ (আ.), মুসা (আ.) প্রমুখ নবীর ঘটনা বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ (সা.)-এর উম্মতদের শিক্ষা দিয়েছেন।
ইমানের দাওয়াতের আরেকটি বড় উদ্দেশ্য হিসেবে বলা হয়, এ দুনিয়ায় আমরা যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সবই মাখলুক (সৃষ্ট বস্তু), মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সবকিছু করতে পারেন মাখলুক ছাড়া (মাখলুকের সহায়তা ছাড়া)।
দ্বিতীয়ত, জোর দেওয়া হয় নামাজের ওপর। কারণ হাশরের ময়দানে প্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। নবী করিম (সা.) যেভাবে নামাজ পড়েছেন এবং তাঁর সাহাবাদের যেভাবে নামাজ পড়া শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করাই মানব জাতির আসল উদ্দেশ্য হওয়া উচিত।
তৃতীয়ত, এলেম ও জিকির। এলেম হলো আল্লাহপাকের হুকুমকে জানা ও নবী (সা.)-এর তরিকা অনুযায়ী চলা। আর জিকির হলো, সর্বাবস্থায় দিলের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালকে জারি রাখা।
চতুর্থত, একরামুল মুসলেমিন। অর্থাৎ সমাজে মানুষের মর্যা দা অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করা। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ এবং আলেমদের সম্মান করা মূল উদ্দেশ্য।
পঞ্চমত, নিয়তকে সহি (বিশুদ্ধ) করা। যে কাজই মানুষ করে না কেন, তা যেন আল্লাহ তাআলাকে রাজি-খুশির জন্যই হয়। যে কাজ করলে আল্লাহ খুশি হবেন না, তা থেকে মানুষের বিরত থাকা।
ষষ্ঠত, দাওয়াত ও তাবলিগ। আল্লাহর রাস্তায় কিছু সময় মেহনত করে মানুষ জান, মাল ও সময়ের সঠিক ব্যবহার শিখবে।
তাবলিগ জামাত তার কর্মীদের পাঁচটি কাজকে নিয়মিত করণীয় হিসেবে ফয়সালা করে রেখেছে। এক. প্রতিদিন কমপক্ষে আড়াই ঘণ্টা মেহনত, দুই. প্রতিদিন পরামর্শ সভায় বসা, তিন. প্রতিদিন হাদিস-কোরআন থেকে তালিমে অংশ নেওয়া। এর মধ্যে একটি হবে নিজের মহল্লার মসজিদে, অন্যটি নিজ বাড়ি বা বাসায়। চার. সপ্তাহে দুটি গাস্তের (দাওয়াত) কাজ করা। একটি নিজের মহল্লায়, অন্যটি পার্শ্ববর্তী মহল্লায়। প্রতি মাসে তিন দিন আল্লাহর রাস্তায় সময় লাগানো।
তাবলিগ জামাতে চার মাস (তিন চিল্লা) একটানা সময় লাগিয়ে এ কাজটি বোঝার জন্য তাগিদ রয়েছে ওলামা হজরতদের। এরপর প্রতিবছর ৪০ দিন (্এক চিল্লা) লাগিয়ে সে নিজেকে সক্রিয় রাখবে। দ্বীনের ওপর চলা সহজ নয়। এ ছিফতগুলো আমল করে চলতে পারলে দ্বীনের ওপর চলা উম্মতের জন্য সহজ হয়।
বিশ্বব্যাপী এই একই পদ্ধতিতে তাবলিগ জামাতের কাজ চলছে। আগে আমিরপ্রথা ছিল, সেটা এখন নেই। পরে শূরা (কমিটি) প্রথার মাধ্যমে কাজটি হতো। এখন তাও বিলুপ্ত হয়ে গেছে। এখন তাবলিগ জামাতের কাজ চলে পরামর্শ সভার মাধ্যমে। প্রতিদিনই পরামর্শ (মাসোয়ারা) হয় এবং সেখানেই বিভিন্ন ফয়সালা হয়। ফয়সালাগুলো মানা তাবলিগের সঙ্গীদের জন্য জরুরি। এই মানার যোগ্যতা অর্জনের জন্য এক চিল্লা বা তিন চিল্লার ট্রেনিং। দুনিয়াদারি, রাষ্ট্র ও সংগঠন ব্যবস্থাপনার জন্য মানুষ ট্রেনিং নিয়ে থাকে, এটাও ট্রেনিং ছাড়া কেন হবে? ট্রেনিং নেওয়ার সময় মানুষ কিছুদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে। যেমন সাভারে বিপিএটিসিতে বিসিএস অফিসারদের চার মাসের ট্রেনিং হয়, এই অফিসাররা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েই সেখানে চার মাস কাটান। আখিরাতের কাজে এ রকম কিছুদিন কাটালে দোষ হবে কেন? মানুষের কি আখিরাত প্রয়োজন নেই! আখিরাতের জীবন অনন্তকালের, তার দিকেই মানুষের দৃষ্টি বেশি থাকা উচিত। দুনিয়ার জীবন তো কোনো না কোনোভাবে কেটেই যাবে। কিন্তু আখিরাতের জীবন যে শেষ হবে না।
তাবলিগ জামাত মানুষকে এই বোধটি তৈরি করতে সাহায্য করছে। অনেক মানুষ তাই পরিবর্তন হচ্ছে। তাদের পরিবর্তনে সমাজেরও পরিবর্তন হচ্ছে, আরো হবে। বিশ্বব্যাপী ইমানি আন্দোলন এভাবেই এগিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে।
লেখক : সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর











