শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে সহজ হলে জিনা কঠিন হয়

1431961064_p-3-400x259রাজধানী ঢাকার কাকরাইল মসজিদ বাংলাদেশে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মসজিদ। মসজিদটিতে প্রতি বৃহস্পতিবার শবগুজারি (রাতযাপন) হয়ে থাকে। আলোচনা ও ইবাদতের মধ্য দিয়ে রাত কাটায় মুসল্লিরা।

গত ২৪ ডিস্বের বাদ মাগরিব আলোচনা করেন তাবলিগের মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম। তিনি তাবলিগের ৬ নাম্বার নিয়ে আলোচনা করেন। ইসলাম প্রতিষ্ঠায় সাহাবিদের আত্মত্যাগের নানান ঘটনা উল্লেখ করে সাহাবিদের মতো আত্মোৎসর্গ করার মানসিকতা তৈরির আহ্বান জানান। তার আলোচনার সারসংক্ষেপ।
কালিমা
প্রিয় সাথী ভাইয়েরা! সুখ-শান্তি, কামিয়াবি-সফলতা কোনো বস্তুর মধ্যে নেই। আল্লাহ কোনো বস্তুর মধ্যে শান্তি-স্বস্তি রাখেননি। আল্লাহর আদেশ মেনে চলা ও রাসুলের সা. তরিকায় জীবন যাপন করার মধ্যে শান্তি, সুখ, স্বস্তি, কামিয়াবি। সম্পদে শান্তি নেই। রাজত্বে কামিয়াবি নেই। ফেরআউনের রাজত্ব ছিল। কারুনের অঢেল সম্পদ ছিল। তারা সফল হয়নি। হতে পারেনি। মুসা আ. দরিদ্র ছিলেন। মুখে জড়তা ছিল। স্পষ্টভাবে কথাও বলতে পারতেন না। কিন্তু তিনি সফল হয়েছেন। কারণ তিনি আল্লাহর আদেশ মেনেছেন। আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। তিনি ছিলেন দাঈ। আল্লাহ মানুষের পূর্ণ সফলতা রেখেছেন কালিমার মধ্যে। এক আল্লাহর ইবাদত করতে হবে । আর রাসুলের তরিকা মেনে চলতে হবে। এটা কালিমার আবেদন, দাবি। কালিমা নিয়ে রাসুল সা. প্রেরিত হলেন।
তার দাবি- আল্লাহকে রব হিসেবে, উপাস্য হিসেবে মেনে নাও। আর আমার নির্দেশিত পথে পরিচালিত হও। আমার তরিকা অনুসরণ করো। তাহলে তোমরা সফল হবে। এ কালিমাকে মেনে সাহাবিরা দুনিয়া আখেরাতে সফল হয়েছেন। এ যুগে কেউ সফল হতে চাইলে কালিমাকে হƒদয়ের গভীরে স্থান দিতে হবে। কালিমাকে ভেতরে জাগিয়ে তুলতে হবে। আমরা নিজেদের মুসলমান পরিচয় দিই। কালিমা পড়ি। কিন্তু কালিমার আবেদন, দাবি রক্ষা করি না। কালিমা মানি না। কেন মানি না? মানলে মনচাহি জিন্দেগি করা যায় না। প্রবৃত্তির দাবি পূরণ করা যায় না। সাহাবিরা কালিমা পড়তেন আর আমূল পরিবর্তন হয়ে যেতেন। আপাদমস্তক শুদ্ধবিমল মানুষে পরিণত হতেন। আমাদেরও সাহাবিদের মতো জীবন গড়তে হবে। তাদের মতো কালিমা পড়তে হবে। দাওয়াতের মাধ্যমে ইমান তাজা হয়। ইমান বাড়ে।

সাহাবিরা নারী-পুরুষ সবাই ঈমানের দাওয়াত দিতেন। মক্কা বিজয় হল। মক্কার কাফেররা নবী সা. ও তাঁর সাহাবিদের কত কষ্ট দিয়েছে। আর সেদিন মক্কায় মুসলমানরা বিজয়ীবেশে প্রবেশ করেছে। অতীত মনে করে কাফেররা ভয়ে শঙ্কিত। নানান চিন্তায় অস্থির । মুসলমান আজ জুলুমের প্রতিশোধ নিবে এটা ভেবে কিছু কাফের মক্কা থেকে পলায়নের প্রস্তুতি গ্রহণ করে। আবু জাহেলের ছেলে ইকরিমাও ছিল তাদের একজন। সে মক্কা ত্যাগের উদ্দেশে জাহাজে গিয়ে ওঠে। তার স্ত্রী ছিলেন মুসলমান। তিনি ছুটে গেলেন তার কাছে। জানালেন রাসুলের সাধারণ ক্ষমা ঘোষণার কথা। নিরাপত্তার ঘোষণা। স্ত্রীর দাওয়াতে সে ফিরে এল। মুসলমান হল। মুসলমান হয়ে ওয়াদা করল ইসলামের বিরুদ্ধে আমি আমার যে পরিমাণ জান-মাল খরচ করেছি, ইসলামের জন্য এর চেয়ে দ্বিগুন খরচ করবো।
তো ভাই, দাওয়াতের মাধ্যমে ইমান জীবিত হয়। ঈমান বাড়ে। আমরা কালিমা পড়ি আবার কুফর-শিরকেও লিপ্ত থাকি। কালিমা পড়ি, কিন্তু এর দাবি বুঝি না। তাই আমাদের এ দশা!
নামাজ

কেয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। মা-বোনেরা রান্নায় ব্যস্ত সময় কাটায়। চাকুরীজীবীরা অফিস টাইমে বসকে খুশি করার জন্য বেশ তৎপর। কিন্তু তাদের নামাজ ঠিক হয়নি। নামাজে হেলা। দোকানদার নামাজে যায় না। অনেকে আজান শুনেও নামাজ পড়ে না। রাসুলের যুগে মদিনার পরিবেশ এমন ছিল যে, মুনাফিকরাও জামাত ছাড় তো না। আজ আমরা মুনাফিকদের চেয়েও অধম হয়ে যাচ্ছি!

ইলম ও জিকির : কুরআন- হাদিসের ইলম সবচেয়ে দামি ও শ্রেষ্ঠ ইলম। এর পর অন্যসব বিদ্যার স্তর। আল্লাহ বান্দার কাছে কী চান? এটা জানা , বোঝা এবং এ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর আবশ্যক। সাইন্স-ভূগোল, ডাক্তারিবিদ্যা শিখলাম। কিন্তু ওজু-গোসল শিখলাম না, তাহলে তো ভাই, জীবনের ষোল আনাই বরবাদ। আল্লাহ কী চান?
নবী সা. কী চান তা জানার সময় নেই তো জীবনের ষোল আনাই বরবাদ! আমাদের জানতে হবে দোকানদারিতে, বিয়ে-শাদিতে সুন্নাত পদ্ধতি কী? কেউ পিএজডি করল। গবেষক হল। কিন্তু ওজুর নিয়ম জানে না। গোসলের ফরজগুলো জানে না। তার জন্য আফসোস! সমাজে সুন্নাত পরিপন্থী বিয়েতে অনেক পাপ সংঘটিত হয়। সুন্নাত তরিকায় বিয়ে সহজ ও বরকতপূর্ণ। আলি রা. হযরত ফাতেমাকে বিয়ে করেন। সমরাস্ত্র একটি ঢাল বিক্রি করে তিনি বিয়ের প্রস্তুতি নেন।
নবী সা. মসজিদে খেজুর ছিটিয়ে মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করেন। উম্মে মাইমুনা রা. এর মাধ্যমে ফাতেমা রা. কে আলির ঘরে পৌঁছিয়ে দেন। এ বিয়েতে বরযাত্রী কয়জন ছিল? কয়জনের খাবার পাকিয়েছে? রাসুলের আদর্শ আমাদের আদর্শ হওয়া চাই। সমাজে বিয়ে সহজ হলে জিনা (অবৈধভাবে নারী-পুরুষ একে অপরকে ভোগ করা) কঠিন হয়। আর আড়ম্বরপূর্ণ আয়োজন ও ব্যয়বহুল ব্যবস্থাপনার কারণে বিয়ে কঠিন হলে জিনা সহজ হয়। আল্লাহ আমাদের দিলে সুন্নাতের মুহাব্বত সৃষ্টি করে দিন।
জিকির

এমনভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি । আল্লাহকে না দেখলে তিনি তো আমাকে দেখছেন। এটা মনে-ধ্যানে রেখে আল্লাহকে স্মরণ করা। তার ইবাদত করা। ওমরের খেলাফতকালে এক মা তার মেয়েকে দুধে পানি মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে বিক্রির জন্যে আদেশ করলে মেয়ে বলে, ‘খলিফা ওমর নিষেধ করেছেন।’ মা বলেন,‘ ওমর কি এসে দেখে আছে? মেয়ে বলে, ‘ওমর দেখেনি ঠিক, ওমরের খোদা তো দেখছে’ । এ হল আল্লাহর জিকির। ওমর রা. রাতের বেলা ঘুরে-ঘুরে প্রজাদের খোঁজ-খবর নিতেন। সেদিন মা-মেয়ের এ আলোচনা তিনি শুনতে পান। এ মেয়েকে তিনি নিজের পুত্রবধূ করেন। এ মেয়েরই সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ। বিয়েতে আজ আমরা সম্পদ আর সৌন্দর্যকে প্রাধান্য দিই। ক্ষমতা আর দাপটকে প্রাধান্য দিই। ওমর রা. ছেলের বউ নির্বাচনে প্রাধান্য দিলেন মেয়ের আল্লাহভীতিকে।
ইকরামুল মুসলিমিন (মুসলমানদের সম্মান করা)

মুসলমানের কল্যাণ কামনা করা। অন্যের উপকার পৌঁছানোর চেষ্টা করা। অন্যের থেকে নিজে উপকৃত হওয়ার ফিকির না-করা। তাসহিহে নিয়ত বা ইখলাস হল, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করা। ইখলাস না থাকলে অনেক নেক আমল করেও জাহান্নামি হতে হবে। ইখলাস ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়, তখন সে বলেছিল আমি একা জাহান্নামে যাবো না। আদম সন্তানকে সঙ্গে করে নিয়ে যাবো। তখন আল্লাহ বলেছিলেন,‘ আমার মুখলিস বান্দাদের ব্যতীত।’