আজ ইজতেমায় বৃহত্তম জুমার নামাজ
শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেইসঙ্গে আজ টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে দেশের বৃহৎ জুমার নামাজ। বরকত ও রহমত লাভের আশায় নামাজে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। নামাজ শেষে লাখো মুসল্লি একসঙ্গে আল্লাহর দরবারে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় প্রার্থণা করবেন।
জানা গেছে, ১৬০ একর বিশ্ব ইজতেমা ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কেও জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। তবে জুমার নামাজের ইমামতি কে করবেন এখনো জানা যায়নি। দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক মুসল্লি জুমার নামাজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জুমার নামাজ উপলক্ষে মহাখালী থেকে গাজীপুর পর্যন্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ভোগান্তিতে পড়বেন নামাজ আদায় করতে আসা মুসুল্লিরা। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দুই পর্বের প্রথম পর্ব আগামী ১০ জানুয়ারি রোববার দুপুরে মোনাজাতের মাধ্যমে শেষ হবে।











