বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুহায় আটকে পড়া তিন যুবকের গল্প

news-image

অনেক দিন আগের ঘটনা। পাহাড়ি পথধরে তিনজন ব্যক্তি হাঁটছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তারা কোনোরকম দৌড়ে একটি গুহায় আশ্রয় নিল। হঠাৎ সেখানে একটি পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তিনজন-ই মারাত্মক ভয় পেল। চিন্তিত মনে একে অপরকে বললÑ ‘নিজেদের কৃত কিছু সৎকাজের কথা স্মরণ করি, যা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করেছি এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করি। তাহলে আল্লাহ্ হয়তো আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন।’

তাদের একজন বলল, ‘হে আল্লাহ্! আমার আব্বা-আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ-পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আব্বা-আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হলো। এসে দেখি আব্বা-আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি। তারপর তাঁদের মাথার কাছে (দুধ নিয়ে) দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল।

হে আল্লাহ্! আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি এ বিপদ থেকে আমাদের মুক্তি দিন। গুহার মুখ থেকে পাথরটি খানিক সরিয়ে দিন, যাতে আমরা আকাশ দেখতে পাই।’ তখন আল্লাহ পাথরটির একটু সরিয়ে দিলেন এবং তারা আকাশ দেখতে পেল।

দ্বিতীয় ব্যক্তি বলল, ‘হে আল্লাহ্! আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম। কিন্তু সে অস্বীকার করল; যে পর্যন্ত না আমি তার জন্য একশ’ দিনার নিয়ে আসি। পরে অনেক চেষ্টায় ১০০দিনার যোগাড় করে তার কাছে এলাম। যখন তার দু’পায়ের মাঝে বসলাম (অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম) তখন সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় কর। অন্যায়ভাবে মোহর (পর্দা) ছিঁড়ে দিয়ো না। (অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না)। তখন আমি দাঁড়িয়ে গেলাম।

হে আল্লাহ! আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটি সরিয়ে দিন। তখন পাথরের আরও কিছুটা সরে গেল।

তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ্! আমি এক ‘ফারাক’ চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। কাজ শেষ করে সে আমাকে বলল, ‘আমার পাওনা দিয়ে দিন’। আমি তার পাওনা দিতে গেলে সে না নিয়েই চলে গেল। তারপর সেই টাকা দিয়ে আমি কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু এবং রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল, আল্লাহকে ভয় করুন তথা আমার মজুরি দিয়ে দিন। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আল্লাহকে ভয় করুন। আমার সাথে ঠাট্টা করা থেকে বিরত থাকুন। আমি বললাম, তোমার সাথে ঠাট্টা করছি না। ওসব তোমার-ই; নিয়ে নাও। তখন সে নিয়ে গেল।

হে আল্লাহ! আপনি জানেন, আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পুরো পাথরটি সরিয়ে দিলেন।

[সূত্র : বুখারি : ২৩৩৩, মুসলিম : ২৭৪৩, মিশকাত : ৪৯৩৮]