বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঘুমিয়ে কাজা করেছি ফজর’

news-image

শয়তান তার নিজের চেয়ে গাফেলদের সবচেয়ে বেশি পছন্দ করে। গাফেল বান্দার খোঁজে সবসময় তৎপর থাকে। এ কাজে তার বিশ্রাম নেই, গাফিলতি নেই। তাই মোমিন বান্দা যখন নিজের ইচ্ছাশক্তিকে আল্লাহর স্বীয় অস্তিত্বে বিলীন করে দেন, তখন শয়তান মনে খুব কষ্ট পায়। পেরেশান হয়ে যায়। আল্লাহর হুকুম পালনে গাফেল অবাধ্য মোনাফেক বান্দার সন্ধান পেলে শয়তান দ্রুততার সঙ্গে দাওয়াতপত্র নিয়ে হাজির হয়। বিভিন্ন শ্রুতিমধুর ভাষায় সে গাফেল বান্দাকে অভিনন্দন জানায়। বলতে থাকে, আরও একটু ঘুমিয়ে নাও, আরাম কর। ফজরের নামাজের ওয়াক্ত শেষ হলে তোমাকে ডাকব। গাফেল বান্দাও শয়তানের বার্তা পেয়ে খুব খুশি হয়। গাফেল বান্দাকে শয়তান প্রতিশ্রুতি দিয়ে বলে তুমি গিবত করো, মারামারি করো, কুৎসা রটাও, হিংসা করো আমি তোমাকে সাহায্য করব। আর গাফেল ব্যক্তিও শয়তানের মিষ্টি কথার ধোঁকায় পড়ে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে। আল্লাহ আদম (আ.) কে সৃষ্টি করার পর শয়তান সম্পর্কে বান্দাকে সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন, বিতাড়িত শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যারা তার ধোঁকায় পড়েছে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। শয়তানের ধোঁকা প্রতারণা থেকে বাঁচার জন্য বান্দাকে বেশি বেশি তাআউজ (আউজু বিল্লাহ) ও ইস্তেগফার পড়তে বলা হয়েছে। গাফেল ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিরত থেকে শয়তানের অনুসরণ করে।


আল্লাহ সতর্ক করে বলেন, 'দুর্ভোগ সেসব নামাজির জন্য, যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন। তারা শুধু লোক দেখানো ইবাদত করে।' (সূরা মাউন : ৪-৬)। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ মসজিদে বসেও দুনিয়াবি কথাবার্তা বলে। আল্লাহর স্মরণের সঙ্গে সঙ্গে তাদের চোখে পানি আসে না। মসজিদ থেকে বেরিয়ে এসে নানা ধরনের ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করে। ভালো কাজের দোহাই দিয়ে পরোক্ষভাবে প্রতারণা করেন। আল্লাহ বলেন, 'আজ আমি তোমার (ফেরাউন) দেহকে বাঁচিয়ে রাখব, যাতে করে তুমি পরবর্তীদের (প্রজন্মের) জন্য একটা নিদর্শন হয়ে থাকতে পার; অবশ্যই অধিকাংশ মানুষ আমার (এসব) নিদর্শনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ও বেখবর রয়েছে।' (সূরা ইউনুস : ৯২)। ফেরাউন আল্লাহর সঙ্গে নাফরমানি করার ফলে নীলনদে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে এবং ফেরাউনের ঘটনা থেকে মানুষ যেন শিক্ষাগ্রহণ করতে পারে সেজন্য তার দেহকে আল্লাহ বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে টিকিয়ে রেখেছেন। শুধু সত্য সম্পর্কে গাফিলতির জন্য সে সময় থেকে রোজ কেয়ামত পর্যন্ত সবাই তার প্রতি ঘৃণা প্রদর্শন করবে।


আল্লাহ আরও বলেন, '(হে নবী!) আপনার প্রভুকে স্মরণ করুন মনে মনে, সকাল-সন্ধ্যায় সবিনয়ে ও ভীত চিত্তে, অনুচ্চস্বরের কথাবার্তা দিয়েও, আর কখনও গাফেলদের দলে শামিল হবেন না।' গাফেলদের সম্পর্কে সূরা কাহফে আল্লাহ বলেন, 'আপনি সদা সেসব মানুষের সঙ্গে রেখে চলবেন, যারা সকাল-সন্ধ্যায় তাদের প্রভুকে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে এবং কখনও তাদের কাছ থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না, আপনি এ পার্থিব জগতের সৌন্দর্য কামনা করেন? কখনও এমন কোনো ব্যক্তির কথামতো চলবেন না, যার অন্তকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ সীমালঙ্ঘন করেছে।' (সূরা কাহফ : ২৮)। আল্লাহর হুকুম পালনে যিনি তৎপর হবেন আল্লাহ তাকে নেয়ামত দেবেন। আল্লাহ বলেন, 'কেউ যদি আল্লাহকেই ভয় করে, তাহলে আল্লাহও তার জন্য তার প্রত্যেক কাজ সহজ করে দেন।' (সূরা তালাক : ৪)। হাদিসে বর্ণিত আছে, 'কেউ আল্লাহর পথে এক কদম পরিমাণ এগিয়ে এলে আল্লাহর রহমত তার জন্য ১০ কদম এগিয়ে আসে।' যিনি অন্তরের গাফিলতি ত্যাগ করে আল্লাহর হুকুম পালন করবেন। ভালো কাজ নিজে করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন আল্লাহ ওই বান্দাকে ১০ গুণ নেয়ামত দান করবেন। আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেবেন।


আল্লাহ ঘোষণা করেন, 'কেউ কোনো সৎকাজ করলে সে তার ১০ গুণ পাবে, আর কেউ যদি অসৎকাজ করে তবে তাকে তারই প্রতিফল দেয়া হবে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।' (সূরা আনআম : ১৬০)। আল্লাহর হুকুম পালনে কেউ অবাধ্য হলে ফেরাউনের মতো পরিণতি ভোগ করতে হবে। কবরে আজাব ভোগ করতে হবে। হাশরের ময়দানে লজ্জিত হতে হবে। দুনিয়াতে পেরেশানি বৃদ্ধি পাবে। বিপদের পর বিপদ আসতে থাকবে। সূরা মরিয়মের ৭৪নং আয়াতে আল্লাহ বলেন, 'তাদের আগে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা তাদের অপেক্ষা সম্পদ ও বাহ্যিক দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। বান্দার ইবাদত কবুল হবে কি হবে না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ দেখতে চান বান্দা তাঁর হুকুম পালনে কতটা আগ্রহী। বান্দা কতটা গুরুত্বের সঙ্গে আল্লাহর হুকুম পালনের জন্য চেষ্টা করেছে। এরশাদ হয়েছে, 'আল্লাহর কাছে পৌঁছে না (কোরবানির পশুর) গোশত এবং রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে বান্দার (অন্তরের) তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়।' (সূরা হজ : ৩৭)।