বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে হত্যার চক্রান্ত নস্যাৎ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার এক চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে আফগান গোয়েন্দা সংস্থা। প্রধানমন্ত্রীর কাবুল সফরের সময় পাকিস্তানের সীমান্ত সংলগ্ন জালালাবাদ শহরের ভারতীয় কনসুলেটকে ঘিরে এক আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিল তালেবান জঙ্গিরা। সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আগামি ২৫ ডিসেম্বর কাবুল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটিই হবে তার প্রথম সফর।

পত্রিকাটি বলছে আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেকটোরেট অব সিক্যুরিটি সংক্ষেপে এনডিএ‘য়ের বরাত দিয়ে তাদেরকে এ খবর জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সূত্রগুলো। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলার এক মাদ্রাসা ছাত্র মোদির ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল। তার নাম কারি নাসির। ধরা পড়ার পর নাসির গোয়েন্দাদের জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় হামলার ওপর প্রথমিক প্রশিক্ষণ নিয়েছিল সে। পরে পেশোয়ারে তালেবান ঘাঁটিতে মোদির ওপর হামলার চূড়ান্ত নির্দেশনা পায় সে। আফগান গোয়েন্দারা সন্দেহভাজন ওই ছাত্রের কাছ থেকে একটি মাইক্রো ক্যামেরাসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেছে।

ভারতীয় কর্মকর্তাদের ধারণা, তালেবান নেতা আখতার মুহাম্মদ মনসুরের অনুসারীরা এ হামলার পরিকল্পনা করেছিলেন। এর আগে কান্দাহারে ইন্ডিয়ান এয়ার লাইন্সের যে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল তাতেও এই জঙ্গি গোষ্ঠীটির ভূমিকা ছিল। এ বিষয়ে আফগান কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় আছে নয়াদিল্লি।

এ সম্পর্কে আফগানিস্তানের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমরুল্লাহ সালেহ জানিয়েছেন, কাবুলে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের বড় সমর্থক হচ্ছে ভারত। কিন্তু আফগানিস্তানের শক্ররা এটি ভালো চোখে দেখছে না। তাই তারা প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্যই প্রধানমন্ত্রী মোদির আসন্ন সফরকে ঘিরে এ হামলার পাঁয়তারা করেছিল।

এ জাতীয় আরও খবর