চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই
আন্তর্জাতিক ডেস্ক : সরকারের কোনো ধরনের চাপ প্রয়োগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান লংমার্চ বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা শওকত ইউসুফজাই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, লংমার্চ স্থগিত বা শেষ করার একমাত্র চাবিকাঠি আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতেই রয়েছে।
ইমরান খানের মুক্তি ও সরকারের প্রতি বার্তা
বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে পিটিআই নেতা শওকত ইউসুফজাই দেশটির প্রধানমন্ত্রীকে সংবাদমাধ্যমে আলোচনার নাটক বন্ধ করার আহ্বান জানান। তিনি রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি ইমরান খানের সাথে সাক্ষাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাঁর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর, বিচারাধীন মামলার দ্রুত শুনানির ব্যবস্থা এবং ইমরান খানের বোনসহ কারারুদ্ধ সব নারী নেত্রীর অবিলম্বে মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।
সন্ত্রাসবাদ দমন ও প্রাদেশিক মর্যাদা
পিটিআইয়ের অপর নেতা সোহাইল আফ্রিদিকে নিয়ে চলমান অপপ্রচারের নিন্দা জানিয়ে শওকত ইউসুফজাই বলেন, রাজনৈতিক ম্যান্ডেট ছিনিয়ে বা অগণতান্ত্রিক উপায়ে কাউকে সরিয়ে সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়। এটি উপজাতীয় অঞ্চলে অসন্তোষ বাড়াবে। সন্ত্রাসবাদ নির্মূলে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে বসে সমাধান খুঁজতে হবে।
শর্তহীন আলোচনার পক্ষে ব্যারিস্টার গওহর
এদিকে পিটিআইয়ের ব্যারিস্টার গওহর জানান, সরকার বাইরে শর্তসাপেক্ষ আলোচনার কথা বলছে, যা কোনো রাজনৈতিক সমাধানের পথ নয়। পিটিআই কখনোই পথ বন্ধ করেনি, তবে সংলাপ হতে হবে পুরোপুরি শর্তহীন। সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ বজায় রয়েছে এবং আন্তরিক উদ্যোগ নিলে আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনার সমাধান সম্ভব।











