ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : দেশের ক্যান্সার রোগীদের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য ও বিকেন্দ্রীকরণে নতুন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে খুব শিগগিরই দেশে ১৭টি অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সচিবালয়ে ব্রিফিং ও মেশিন স্থাপনের পরিকল্পনা
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বাজারুল রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্রয় তালিকায় থাকা ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিনের মধ্যে ৬টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে স্থাপন করা হবে। ফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ কমার পাশাপাশি সাধারণ মানুষ নিজ নিজ অঞ্চলে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।
চিকিৎসা প্রযুক্তিতে রোবটিক বিপ্লব ও পরিবার পরিকল্পনা কর্মসূচি
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিশ্বমানের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি রোবটিক সার্জারি মেশিনের চাহিদার বিপরীতে এ বছরেই ৫টি মেশিন দেশে আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত বছরব্যাপী দেশজুড়ে ‘পরিভার পরিকল্পনা ক্যাম্পেইন’ পরিচালনার ঘোষণা দেন তিনি। এর আওতায় মাঠপর্যায়ে তথ্য প্রচারের পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
ডেঙ্গু ও কার্ডিয়াক জটিলতা নিয়ে সতর্কবার্তা
চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আন্তর্জাতিক প্রটোকল মেনে রোগীদের চিকিৎসা ও পর্যাপ্ত স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে ডেঙ্গুর পরিবর্তিত রূপ এবং ডেঙ্গু-পরবর্তী হৃদরোগ বা কার্ডিয়াক জটিলতার হার বাড়ায় চিকিৎসকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এডিস মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।











