বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ মানে তো কেউ মানে না

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক জ¦ালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। যার ফলে সরকার তার কর্মকৌশলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এখন থেকে সব মার্কেট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে। কিন্তু সরকারি এই সিদ্ধান্তের প্রথম দিন গতকাল সন্ধ্যা ৬টার পরও কোথাও কোথাও মার্কেট খোলা রাখতে দেখা গেছে। প্রথম দিন সরকারি বার্তা পুরোপুরি বুঝে উঠতে না পারায় এমন হয়েছে বলে জানায় অনেক মার্কেটের মালিক সমিতি।

বড় বড় বিপণিবিতানগুলোর মধ্যে যমুনা ফিউচার পার্ক সন্ধ্যা ৬টার পর বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সবচেয়ে বেশি মার্কেট যে এলাকায়, সেই নিউমার্কেট এলাকার কিছু মার্কেট খোলা ছিল। এছাড়া গলির ভেতরে থাকা ছোট মার্কেটগুলো সন্ধ্যার পরও খোলা রাখতে দেখা গেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করে মার্কেট বন্ধ করার জন্য বলতে দেখা গেছে।

কিন্তু সরকারের এই সিদ্ধান্ত মানেনি রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার মার্কেটগুলো। নির্ধারিত সময় পার হওয়ার পরও অধিকাংশ দোকানপাট খোলা ছিল। মিরপুর ১২ নম্বরের রমজাননেছা সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় জুতা ও পোশাকের বেশ কয়েকটি দোকান সন্ধ্যার পরও খোলা ছিল।

এই মার্কেটের এক মালিক আনিসুর রহমান জানান, ৬টার মধ্যে বন্ধের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। ফেসবুকে দেখেছি, কিন্তু প্রজ্ঞাপন হয়েছে কিনা জানি না। সিটি করপোরেশন থেকেও কোনো নির্দেশনা দেয়নি। তবে দোকান মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী গতকাল ৮টার আগেই বন্ধ করেছি।

এ ছাড়া মোল্লা সুপার মার্কেট ও হাজী কুজরত আলী মার্কেটেও একই চিত্র দেখা গেছে। কুজরত আলী সুপার মার্কেটের নিচতলায় সামিরা ক্রোকারিজের মালিক আমিনুল ইসলাম বলেন, আমরা ৬টায় বন্ধ করব। ৬টায় বন্ধের নির্দেশনা পেয়েছি। তবে ৬টার পরও দোকানটি খোলা ছিল।

এ ছাড়া সাফুরা ট্রেড সিটি, সুলতান ম্যানশন, সুজাত ম্যানশন ও নূর মোল্লা এভিনিউ মার্কেটেও সন্ধ্যার পর ক্রেতাদের উপস্থিতি এবং দোকান খোলা রাখতে দেখা গেছে। নূর মোল্লা এভিনিউ মার্কেটের নিচতলায় মাতৃভূমি ফ্যাশনের ম্যানেজার নাইম বলেন, সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশনা আছে। তবে সবাই যখন বন্ধ করবে, আমরাও তখন বন্ধ করব। সন্ধ্যা সোয়া ৬টার পরও এসব মার্কেটের অধিকাংশ দোকান খোলা থাকতে দেখা গেছে।

নিউমার্কেট এলাকার বাসিন্দা ঢাকা কলেজ শিক্ষার্থী মোমেন খান আমাদের সময়কে বলেন, সন্ধ্যা ৭টার পর থেকে মাইকিং করে দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। তার আগেই সন্ধ্যা ৬টার পর নিউমার্কেট, চন্দ্রিমা, নূরজাহান, গাউছিয়াসহ আশাপাশের মার্কেটগুলো বন্ধ ছিল। মহল্লার গলির ভেতর কিছু মার্কেট খোলা ছিল, সেগুলো বন্ধ করার জন্য মাইকিং করতে দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টার মধ্যে। এ ছাড়া সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে, যা গতকাল থেকেই কার্যকর হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে সহায়তার অংশ হিসেবে তারা রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ তথ্য জানান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে