সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠনে বিএনপির প্রস্তাব, জামায়াতের সমর্থন
নিজস্ব প্রতিবেদক : সংবিধান সংশোধনে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সব দলের সমন্বয়ে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রথমে বিরোধিতা করলেও পরবর্তীতে সেই কমিটিতে সমানসংখ্যক সদস্য রাখার দাবি জানিয়ে বিশেষ কমিটি গঠনে সমর্থন জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। যদিও কমিটির সদস্য সংখ্যা আনুপাতিক হারে নির্ধারণের পক্ষে মত দিয়েছেন আইনমন্ত্রী। গতকাল মঙ্গলবার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে বিরোধী দলের দেওয়া মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা হয়। প্রায় ২ ঘণ্টার আলোচনায় সরকারি-বিরোধী দলের ১০ জন সংসদ সদস্য মুলতবি প্রস্তাবের পক্ষে-বিপক্ষে বক্তব্য দেন। আলোাচনা হলেও মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি। বিশেষ কমিটি গঠনসহ মুলতবি প্রস্তাবের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত জানাতে পারেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
দিনের কার্যসূচির শেষ ভাগে কার্যপ্রণালি বিধির ৬২ বিধিতে এই আলোচনা শুরু হয়। মূলতবি প্রস্তাবের আলোচ্য বিষয়ে বলা হয়েছেÑ ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ (আদেশ নং-০১, ২০২৫) এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে।’
প্রস্তাবটি উত্থাপন করে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কোনো রাজতন্ত্র থাকে না, সেখানে বংশপরম্পরায় শাসনেরও ব্যবস্থা থাকে না। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং দেশ পরিচালনা করে। কিন্তু দুঃখের বিষয়, অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও বারবার জনগণের ভোটের অধিকার খর্ব করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হয়েছে।
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ উত্থাপনের প্রেক্ষাপট বর্ণনা করে বিরোধীদলীয় নেতা বলেন, এত রক্তের বিনিময়ে যে আকাক্সক্ষা তৈরি হয়েছে, তা হলো ওই ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। একটি ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়বিচারের ওপর এমন একটি দেশ কায়েম হবে, যেখানে নাগরিক হিসেবে সবাই সমান অধিকার পাবে। এই আকাক্সক্ষার ভিত্তিতেই প্রধান প্রধান রাজনৈতিক দলের সমন্বয়ে দীর্ঘ আলোচনার পর অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রস্তাব চূড়ান্ত করেছে এবং মহামান্য রাষ্ট্রপতি এ বিষয়ে আদেশ জারি করেছেন।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা দেখছি, আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার ‘জুলাই সনদ’টাকেই ভুলিয়ে দিতে বসেছি। আমাদের সন্তানরা বুকে গুলিবিদ্ধ হয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে কি প্লাকার্ডে লিখেছিল যে, আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য দাঁড়িয়েছি? তারা লিখেছিল রাস্তা সংস্কারের কাজ নয়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’। তিনি বলেন, ‘আমরা সংস্কারের পরিবর্তে এখন সংশোধনীর দিকে যাচ্ছি। এই সংশোধনীর জন্য আমাদের তরুণ-যুবকরা, আমাদের জনতা কাজ করেনি। সংশোধনীর জন্য তো শেখ হাসিনাও সেদিন বলেছিলেনÑ ২৪ ঘণ্টা দরজা খোলা আছে। কিন্তু ছাত্র-জনতা সেই সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কার চেয়েছিল। অথচ আমরা আজ সংস্কারটা মাথায় নিতে পারছি না। ৩০ কার্যদিবসের মধ্যে সংস্কার করার কথা থাকলেও সরকার খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সরকারে নির্বাচনের দিকে না গিয়ে তড়িঘড়ি করে নিজ দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছেÑ এটা কি সবাই মিলে বাংলাদেশ?
যারা বিদ্যমান সংবিধান ছুড়ে ফেলতে চান, তাদের ‘স্বাধীনতাবিরোধী’ হিসেবে চিহ্নিত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছিলেনÑ জনতার সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুড়ে ফেলা হবে। যারা আজ সংসদে সংবিধান রক্ষার দোহাই দিয়ে টেবিল চাপড়াচ্ছেন, তারা কি এর মাধ্যমে বেগম জিয়াকেই অপমান করলেন না? তিনি বলেন, ট্রেজারি বেঞ্চের অনেক মন্ত্রী সারাজীবন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। আজ যখন তারা সংবিধান ছুড়ে ফেলার বিপক্ষে হাততালি দিচ্ছেন, তখন কি তারা বেগম জিয়াকে অপমান করছেন না? এটা তারা ভেবে দেখবেন।
সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে হাসনাত বলেন, দেশের ৬৮ শতাংশ মানুষ এই সংবিধানের কাঠামোগত পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেনÑ অর্ডারে নাকি সংস্কার পরিষদের কথা নেই। উনি যদি একটু পরিশ্রম করে একটা পাতা উল্টাতেন, তবেই দেখতে পেতেন সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা স্পষ্ট বলা আছে।
যারা বিদ্যমান সংবিধান ছুড়ে ফেলতে চান তাদের কড়া সমালোচনা করেন ক্ষমতাসীন বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘সংবিধান ছুড়ে ফেলব কেন? এই সংবিধানে এত গাত্রদাহ কেন? সংবিধান কি মনে করিয়ে দেয়Ñ এটা একাত্তরের পরাজয়ের দলিল?’ তিনি বলেন, জুলাই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আপনারা যদি সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে বানাতে চাইতেন, তবে সেই সময় রেভল্যুশনারি (বিপ্লবী) বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন? একটি সাধারণ সরকারে থেকে, পুরনো সংবিধানে থেকে আপনারা সংবিধান বাতিল করতে চাচ্ছেন, এটা আসলে হয় না।
যৌক্তিক প্রশ্ন তুললেই ‘জুলাইয়ের বিপক্ষের শক্তি’ বানানোর চেষ্টার সমালোচনা করেন পার্থ। তিনি বলেন, ‘কেউ কথা বললেই তাকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি। এটা আমাকে আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়। তখন আমরা তেলের দাম নিয়ে কথা বললেও বলা হতো, ওরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এখন আমি সেই একই আচরণ দেখতে পাচ্ছি।
আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা এমন কথা বলবেন না যাতে দেশবাসী বিভ্রান্ত হয়, যেন জুলাইয়ে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই! ১৭ বছর আমরা কষ্ট করেছি, জেলে গিয়েছি। যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছে। অবদান কারও কম নয়।
গণভোটের কারিগরি দিক নিয়েও সংসদে প্রশ্ন তোলেন পার্থ। তিনি বলেন, আপনারা গণভোটে চারটি বিষয় দিয়েছেন। কিন্তু কোনো ভোটার যদি একটি বিষয়ে একমত না হয়, তবে সে কী করবে? হ্যাঁ-তে ভোট দেবে নাকি না-তে? আপনারা তো ভোটারদের বাধ্য করেছেন। সনদের বাকি বিষয়গুলো কেন গণভোটে দিলেন না?
জামায়াতের দ্বিমুখী নীতির সমালোচনা করে বিজেপি চেয়ারম্যান বলেন, সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে এখন ভারতের সঙ্গে মিটিং করছেন। আবার সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে ভোটের জন্য শেষে এসে বলছেনÑ আমরা শরিয়া আইন চাই না। আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসেন।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল, ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার তা ভুলে গেছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। ওই সময় কোনো সংবিধানের বলে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল? অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, যার কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। ৬ তারিখে সংসদ ভেঙে দেওয়ারও কোনো সাংবিধানিক ফর্মুলা ছিল না। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারও মানুষের রক্তের বিনিময়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছিল, তার ভিত্তিতেই রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে।
‘জাতীয় সনদ (সংবিধান সংস্কার)’ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি ‘সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে নোটিশটি বিরোধীদলীয় নেতা উত্থাপন করেছেন, তার মূল আলোচ্য বিষয় হচ্ছেÑ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। প্রশ্ন উঠেছে, এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? এই আদেশটি অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দলিল।
গণভোট ও জুলাই জাতীয় সনদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা জাতির মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে, বিএনপি সংস্কার চায় না বা বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। আমরা জুলাই জাতীয় সনদের পক্ষে ছিলাম এবং আছি। এই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও বাক্য আমরা ধারণ করি। কিন্তু যে আদেশটি (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ) নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি আমরা মানছি না কারণ এর কোনো আইনি ভিত্তি নেই।
গণভোটের ব্যালট নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন দেওয়া হয়েছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে বাধ্য করা হয়েছিল। এই চারটির মধ্যে তিনটি প্রশ্নের সঙ্গে জুলাই জাতীয় সনদের মিল আছে, কিন্তু একটির সঙ্গে নেই। আপনি জাতিকে এভাবে জোর করে কোনো আইন গেলাতে পারেন না। তিনি বলেন, অস্তিত্বহীন একটি পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি বিধান ছিল না। প্রধান নির্বাচন কমিশনার এই শপথের ফর্ম সংসদে পাঠানোর এখতিয়ার রাখেন না। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
সর্বশেষ, রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। তাই আমি সংসদ নেতার (প্রধানমন্ত্রী) পক্ষে প্রস্তাব রাখছি, সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হোক। ওই কমিটিতে সবার আলোচনার ভিত্তিতে একটি সংবিধান সংশোধনী বিল এই মহান সংসদে উত্থাপন ও গ্রহণ করা হোক।
বিএনপির অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে, বিএনপি সংস্কার চায় না বা জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও বাক্য ধারণ করি। আমরা রাজনৈতিক সমঝোতার দলিলের ভিত্তিতে সংস্কার চাই, কোনো অবৈধ আদেশের ভিত্তিতে নয়।
বিশেষ কমিটি গঠনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য রাখার দাবি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটি গঠন করা হলে সেখানে বিরোধী দলের মতামতের কোনো মূল্যায়ন হবে না এবং শেষ পর্যন্ত তা ‘যে লাউ সেই কদু’Ñতেই আটকে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিশেষ কমিটি গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা তার শর্তের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরাও ন্যায্যতার ভিত্তিতে সমাধান চাই। সংস্কার পরিষদের ওপর যে আলোচনা হলো, তাকে একটি জায়গায় পৌঁছানোর জন্য বিশেষ কমিটি গঠন করা যেতে পারে। তবে সেখানে আমাদের আহ্বান থাকবে, সরকারি ও বিরোধী দলÑ দুদিক থেকেই সমানসংখ্যক সদস্য নিয়ে এই কমিটি গঠন করতে হবে।
সংসদ ও সংবিধানের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ, এ কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশ এবং জাতির জন্য সংবিধান এবং এই সংসদ। আমরা কে সরকারি বেঞ্চে আর কে বিরোধী বেঞ্চে, এটা কোনো স্থায়ী বিষয় নয়। স্বাধীন বাংলাদেশে যারা একসময় ওখানে বসতেন, আজ তারা কোথাও নেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা দলের নয়, জনগণের অভিপ্রায়কে সম্মান জানাতে এখানে এসেছি।
বক্তব্যের শেষ পর্যায়ে জনগণের বৃহত্তর রায়কে সম্মান জানানোর আহ্বান জানান ডা. শফিকুর রহমান। সংখ্যাগরিষ্ঠতার অহংকার এড়িয়ে সংসদে যে কোনো ইস্যুতে একটি সমতাভিত্তিক সমাধানে পৌঁছাতে তিনি স্পিকার ও সংসদ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানানোয় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে সমানসংখ্যক সদস্যের ভিত্তিতে কমিটি গঠনের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেনÑ বিরোধী দলের নেতাও তা ইনডিরেক্টলি গ্রহণ করে বলেছেন সদস্য সংখ্যা ৫০-৫০ হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার, এটা তো হতে পারে না! সংসদে ২১৯ জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন ৫০ শতাংশ, আর ৭৭ জনের প্রতিনিধিরা পাবেন ৫০ শতাংশ, এটা পৃথিবীর কোন জায়গায় আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে?
এরপর আইনমন্ত্রী স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি একটি কমিটি গঠন করে দিন। এই সংসদ একটি কমিটি গঠন করুক, সেখানে আমরা সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে জুলাই সনদের পথ ধরে এমন একটি সংশোধনী আনব, যা দেশের জন্য কল্যাণকর হবে।
এই আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, সাইফুল আলম মিলন, নাজিবুর রহমান ও নূরুল ইসলাম বুলবুল।











