শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডায়াবেটিসের মহামারি, পরিবারে উৎকণ্ঠা

news-image

মফিদুল ইসলাম (৬৫)। ১৫ বছর আগে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। তখন হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় জানতে পারেন তার ডায়াবেটিস আছে। একই সময়ে কিডনি জটিলতাও ধরা পড়ে। এরপর তিনি একের পর এক নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কখনো চোখে সমস্যা হচ্ছে, কখনো বুকে। বছর পাঁচেক আগে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়; তীব্র ব্যথা। নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। সেই থেকে চলছে তার হার্টের চিকিৎসা।

মফিদুল ইসলামের ছেলে শান্ত জানান, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকে তার বাবার পেছনে অনেক টাকা ব্যয় হচ্ছে। প্রথমে একটু কম ব্যয় হলেও এখন প্রতি মাসে অনেক টাকা খরচ হচ্ছে। তা প্রায় ২০ হাজার করে। সপ্তাহে দুবার ডাক্তারের কাছে যাওয়া লাগে।

শান্ত বলেন, ‘সম্প্রতি বাবার জ্বর হয়। ভাবছিলাম সিজনাল কিছু। তারপর অবস্থার এত অবনতি হলো যে হাসপাতালে ভর্তি করতে হয়। ভর্তির পর দেখতে পান কিডনির জটিলতা অনেক বেড়েছে। সিরাম ক্রিয়েটেনিন ১ দশমিক ৩০ স্বাভাবিক হলেও তার ক্রিয়েটেনিন উঠে গেছে ৪-এর কাছাকাছি। একই সঙ্গে অন্য রোগগুলোও বেড়েছে। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন দেওয়া লাগে। আইসিউইতে পর্যন্ত নেওয়া লাগে। সব সময়ই বাবাকে নিয়ে চিন্তায় থাকি।’

এভাবেই একজন ডায়াবেটিস রোগীকে নিয়ে পরিবারের সদস্যরা সব সময় উৎকণ্ঠায় থাকেন। বলা হয়ে থাকে- যার ডায়াবেটিস আছে, তার আর অন্য রোগের দরকার নেই। এই রোগই অনেক রোগের বাহক। ডায়াবেটিস মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ক্ষতি করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক ঝুঁকি থাকে। ডায়াবেটিক সমিতির প্রকাশনা ‘কান্তি’র ২০২৪ সংখ্যায় বলা হয়েছে, ১০ থেকে ৪০ শতাংশ টাইপ-২ ডায়াবেটিস রোগী কিডনি জটিলতায় আক্রান্ত হতে পারেন। টাইপ-২ রোগীর কার্ডিওভাসকুলারের জটিলতা মৃত্যুর অন্যতম কারণ। চোখে ঝাপসা দেখা ডায়াবেটিস রোগের একটি সাধারণ উপসর্গ।

বিশেষজ্ঞরা বলেছেন, দেশে ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে। প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, দেশে ১ কোটি ৩০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত। এই সংখ্যা যে হারে বাড়ছে তাতে ২০৪৫ সালে ২ কোটি ২০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

ডায়াবেটিস সারা জীবনের রোগ। এ রোগ কখনো সম্পূর্ণ সারে না। কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়মশৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণমতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ‘প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। দেশে এটি এখন মহামারির পর্যায়ে রয়েছে। মানুষ সচেতন হলে এই মহামারি রোধ করা যায়। মানুষ যদি ফিজিক্যালি অ্যাকটিভ থাকে, যেমন- বাচ্চারা যেন খেলাধুলা করে, (কম্পিউটার নিয়ে খেলা নয়), মুটিয়ে যেন না যায়- সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে ফাস্টফুড কালচার চলছে, এটা পরিত্যাগ করতে হবে। ফাস্টফুড, পিৎজা-বার্গার, সমুচা-শিঙাড়া অর্থাৎ তেলে ভাজা খাবার বাদ দিতে হবে। স্কুলে খেলাধুলার জায়গা নিশ্চিত করতে হবে, ফুটপাতগুলো ক্লিয়ার রাখতে হবে, যাতে মানুষ হাঁটতে পারেন।’

তিনি বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মায়ের পুষ্টি ঠিক রাখা। অন্তঃসত্ত্বা মায়েদের অপুষ্টি থাকলে তাদের সন্তানদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।’

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে, স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারেন, তাহলে ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গণসচেতনতা সৃষ্টির জন্য সমিতি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। সমিতির নেটওয়ার্কের মাধ্যমে এখন চিকিৎসার আওতায় রয়েছেন ৬৩ লাখ মানুষ। এরই মধ্যে দেশের কাজি এবং মসজিদের ইমামদের সম্পৃক্ত করা হয়েছে। তারা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন। অন্যান্য ধর্মীয় নেতাদেরও সম্পৃক্ত করার চেষ্টা চলছে। একটি মোবাইল ডায়াবেটিস সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি বিশেষ অ্যাপসও তৈরি করেছি, যার মাধ্যমে মানুষ ঘরে বসেই সেবা নিতে পারবেন।’

জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। এবারের মূল প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস: ঝুঁকি জানুন, শনাক্ত করুন, পদক্ষেপ নিন’।

ডায়াবেটিস সচেতনতায় ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার দিন অর্থাৎ প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়। ১৯৫৬ সালের এই দিনে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তির উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের