,

‘চিন্তাও করিনি বেঁচে ফিরব, এটা মিরাকল’

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ‘তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নিতেই হঠাৎ একটা কনটেইনার আমাদের গাড়ির ওপর চাপা পড়ল। গাড়িটা চ্যাপ্টা হয়ে যায়। আমরা কেউ নড়াচড়া করতে পারছিলাম না। সবাই কান্নাকাটি করছি আর আল্লাহকে ডাকছি। মারা যাচ্ছি ভেবে জোরে জোরে কালেমা পড়ছিলাম। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। তিনি আমাদের রক্ষা করেছেন।’

নিশ্চিত মৃত্যু থেকে ফিরে মোবাইল ফোনে এভাবেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার বর্ণনা দিলেন ৬২ বছর বয়সী মুছা আহমেদ। দুর্ঘটনায় শুধু মুছা নন, ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার দুই নাতনি, মেয়ে জামাই ও প্রাইভেট কারের চালক।

শনিবার (৫ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি লরি উল্টে কনটেইনার চাপা পড়েছিল তাদের বহনকারী প্রাইভেট কারটি। মুছা আহমেদ ছাড়া ওই প্রাইভেট কারে ছিলেন তার মেয়ে জামাই আবু বক্কর (৪২), দুই নাতিন আদিলা আক্তার (৬) ও আদিনা আক্তার (৩)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে আবু বক্কর বলেন, ‘সকাল সাড়ে সাতটায় দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি। বাড়ি ফেরার পথেই ঘটে গেল মহাবিপদ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। আল্লাহকে শুকরিয়া জানানোর ভাষা আমার জানা নেই। আমার দুই সন্তানসহ পাঁচজনই অক্ষত আছি। তবে ড্রাইভার সামান্য আঘাত পেয়েছে। চিন্তাও করিনি যে, বেঁচে ফিরব। এটা মিরাকেল।’

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কনটেইনারবাহী লরিটি সড়কের ডিভাইডারে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে লরিতে থাকা মালবাহী কনটেইনার ছিটকে পড়ে প্রাইভেট কারের ওপর। গাড়ির ভেতরে চাপা পড়েছিল ডাইভারসহ পাঁচজন যাত্রী। তারা ‘বাঁচাও বাচাঁও’ বলে আর্তনাদ করছিল। আশপাশে অনেক লোকজন থাকলেও কিছু করার ছিল না। ৩৫ থেকে ৪০ মিনিট পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল আসেন। এরপর লরিটি সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জানান, আবু বক্কর শনিবার সকাল সাড়ে সাতটায় একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। প্রাইভেট কারে দুই নাতিনকে নিয়ে তাকে বিমানবন্দর থেকে আনতে যান মুছা আহমেদ। টোল রোড দিয়ে তারা ফিরছিলেন।

হাইওয়ে পুলিশের আউলিয়া থানার এসআই আমির উদ্দিন জানান, টোল রোড থেকে গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢুকে প্রথমে সিদ্ধান্ত নেয় ভাটিয়ারী লিংক রোড হয়ে বাড়ি ফিরবেন। এজন্য ভাটিয়ারী বিএমএ গেটের আগে একবার ইউটার্ন নেন। ইউটার্ন নিয়ে আবার বায়েজিদ লিংক রোড হয়ে অক্সিজেন-হাটহাজারী রোড ধরে মাইজভান্ডার ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু যানজটের আশঙ্কায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে গিয়ে পুনরায় ভাটিয়ারী লিংক রোড দিয়ে ফেরার সিদ্ধান্ত নেন। এ সময় ইউটার্ন নিতে গিয়ে চট্টগ্রাম বন্দরের দিক থেকে আসা লরিটি হঠাৎ ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনারটি শিকল ছিঁড়ে প্রাইভেট কারের উপর পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস কন্টেইনারটি সরিয়ে যাত্রীদের আহত অবস্থায় বের করে চমেক হাসপাতালে পাঠায়। তবে ড্রাইভার ছাড়া অন্যরা তেমন কোনো আঘাত পাননি।

দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার একজন এসআই বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন আমির উদ্দিন। মামলায় প্রাইভেট কার ও লরি চালককে আসামি করা হবে বলেও জানান তিনি।

এদিকে আহত অবস্থায় আবু বক্কর ও মুছা আহমেদকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশের নায়েক নূরে আলম। তাদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার এসআই উজ্জল ঘোষ জানান, দুর্ঘটনার পরপর লরি ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ড্রাইভারসহ অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুরুল আলম আশেক জানান, চমেকে ভর্তি হওয়া কার চালকের কোনো হদিস তিনি পাননি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী