বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটের চক্রে নগর জীবন

news-image

শাহজাহান মোল্লা
নাগরিক জীবনে সমস্যার যেন শেষ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে জনজীবনে। ফলে একটি চাহিদা মেটাতে গিয়ে আরেকটাকে চাপা দিতে হচ্ছে। দুদিন বৃষ্টি না হলে ভ্যাপসা গরম এক অনিবার্য অনুষঙ্গ নাগরিক জীবনের। বায়ু ও শব্দদূষণের রাজধানী শহরে যানজট আরেক যন্ত্রণার নাম। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় চলা খোঁড়াখুঁড়ি সমস্যাসংকুল রাজধানীবাসীর দুর্দশাকে আরও বাড়িয়ে দিচ্ছে। একটু বৃষ্টি হলেই অনেক এলাকার মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। এর মধ্যে গ্যাস-বিদ্যুৎ ও পানির সংকট কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই এবার আগেভাগে হানা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে নাগরিক সংকট থেকে বেরুতেই পারছে না মানুষ। কোথায় গেলে, কী করলে একটু স্বস্তি মিলবে- এ যেন এক পরম প্রত্যাশা হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, নাগরিক জীবন সমস্যার চক্রে বাধা পড়েছে। কোনো সংস্থার একার পক্ষে সমাধান সম্ভব নয়। সমন্বিত পদক্ষেপ দরকার- এটাও বহুল উচ্চারিত কথা। এখন সময় এসেছে দৃশ্যমান পদক্ষেপের। এর মধ্যে মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে পরিত্রাণ দরকার। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির জন্য কর্মসূচি নিতে হবে। পাশাপাশি আয়বৈষম্য কমিয়ে আনতে হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পর এর আঁচ পড়তে থাকে দেশের অর্থনীতিতে। বিশেষ করে গত বছরের শেষ অর্ধে হু হু করে বাড়তে থাকে আমদানি করা পণ্যের দাম। এরপর জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য সমন্বয়ের কারণে সব ধরনের পণ্যের দামই লাগাম ছাড়া হতে থাকে। এর মধ্যে ডলার সংকট সামষ্টিক অর্থনীতিকে অস্থির করে তোলে। ফলে অর্থনৈতিক সংকট স্বল্প ও নিম্নআয়ের মানুষকে চরম বিপদে ফেলে। একজন মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যত চাহিদা রয়েছে, তার সবই সাধ্যের বাইরে চলে যায়।

জানা গেছে, ডলার সংকটের কারণে সরকার আমদানি কমিয়ে দিতে বাধ্য হয়। এর সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবনযাত্রার ওপর। আমদানি করা প্রতিটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যেভাবে হু হু করে দাম বেড়েছে, সেই তুলনায় আয় বাড়েনি মোটেও। ফলে খরচের তালিকায় কাটছাঁট করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মানুষকে। ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহকারী দেশ ও প্রতিষ্ঠানের দায়দেনা মেটাতে গিয়ে বিদ্যুৎতের চাহিদা ও সরবরাহে বিরাট ফারাক তৈরি হয়। সাম্প্রতিক সময়ে যার প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশেই চরম লোডশেডিংয়ের মধ্যে পড়তে হয় মানুষকে। যদিও গত সপ্তাহে ঢাকায় বিদ্যুতের আসা-যাওয়া কমেছে। তবে এখনো বিদ্যুতের সংকট পুরোপুরি কাটেনি। বিদ্যুতের সংকটের কারণে বিভিন্ন পণ্য উৎপাদনও ব্যাহত হচ্ছে। যার প্রভাবও পড়ছে আমাদের নাগরিক জীবনে। গ্যাস সরবরাহে সংকট কমলেও রাজধানীর অনেক এলাকায় এখনো দিনের বেলায় চুলা জ¦লে টিম টিম করে।

সমস্যায় জর্জরিত নগরজীবনে হাঁফিয়ে উঠেছেন মোহাম্মদপুর শেখেরটেকের বাবুল হাওলাদার। দৈনিক আমাদের সময়কে তিনি বলেন, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। মাসে ৩০ হাজার টাকা বেতন ছিল। তা দিয়ে দুই সন্তান নিয়ে কোনোমতে চলত চারজনের সংসার। কিন্তু গত বছর নভেম্বরে অফিস থেকে লোক কমানো শুরু করল। প্রথমেই আমার চাকরিটা চলে যায়। বাকি পড়ে যায় ঘরভাড়া। দুই মাস পর স্ত্রী-সন্তানদের গ্রামে রেখে ঢাকায় ফিরি এসে একটা ছোট কাজ সংগ্রহ করি। মাসে প্রায় ২০ হাজার টাকা পাই। কিন্তু এক রুমের একটা ঘর ভাড়া নিয়েছি সেখানে চলে যায় ৮ হাজার টাকা। আর খাবার খরচ আগে যেখানে চারজনের লাগত মাসে ১০ হাজার টাকা, এখন একজনেই প্রায় একই রকম লেগে যায়। ফলে যা পাই, তা দিয়ে চলে না। প্রতি মাসেই ধারদেনা করতে হয়। একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে ঢাকায় গরম ও লোডশেডিংয়ে কষ্টে আছি। গ্যাসের সংকটের কারণে মাঝে মাঝে রান্নাও হয় না। বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে হোটেলে খেতে হয়।

বিদ্যমান পরিস্থিতিতে সামনের দিনগুলো আরও নাজুক হওয়ার আশঙ্কা প্রকাশ করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান দৈনিক আমাদের সময়কে বলেন, দেশে চরম আয়বৈষম্য সৃষ্টি হয়েছে। ধনিক শ্রেণি আরও ধনী হচ্ছে। সাধারণ মানুষের আয় হ্রাস পেয়েছে। জীবনমানের অবক্ষয় হয়েছে। যদি সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, সামনের দিনগুলো আরও নাজুক পরিস্থিতিতে পড়বে সাধারণ মানুষ। এখন আর কেউ ভালো নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে হবে। কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর দিতে হবে। মানুষের আয় রোজগার বাড়ানোর কর্মসূচি নিতে হবে।

সামনে ভালো কিছু দেখছেন না বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনও। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, সরকারের রাজস্ব বাড়ানোর একটা তাগিদ লক্ষ করা যাচ্ছে, যার ফলে পণ্যমূল্যের আমদানি ব্যয় বাড়বে। মুদ্রাস্ফীতিও আরেকটু বাড়াবে। তবে রাজস্বের আশায় যেভাবে ‘কর’ জাল বাড়ানো হচ্ছে, তার সুফল কতটা পাওয়া যাবে এটা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, নিম্নআয়ের পরিবারগুলোতে এমনিতেই অসহনীয় অবস্থা বিরাজ করছে। আগামীতে যদি দ্রব্যমূল্য আরও বাড়ে, এদের কী হবে? এ জন্য সরকারের উচিত সামাজিক সহায়তা বাড়ানোর কর্মসূচি গ্রহণের পাশাপাশি সহায়তাগুলো উপযুক্ত ব্যক্তিদের হাতে পৌঁছে সেটা নিশ্চিত করা।

লাগামছাড়া দ্রব্যমূল্য : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ০২ শতাংশ, যা বছরওয়ারি হিসাবে গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। এটি বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য সরকারের লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৬ শতাংশের চেয়ে অনেক বেশি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্রব্যমূল্য প্রকাশ করে থাকে। টিসিবির গত ১ জুন ২০২৩-এর তালিকা অনুযায়ী দেশে প্রতি কেজি আলুর ৪০-৪২ টাকা, দেশি পেঁয়াজ ৭০-৮০, আমদানি করা পেঁয়াজ ৭৫-৮৫, রসুন (দেশি) ১৪০-১৬০, শুকনা মরিচ (দেশি) ৩৯০-৪২০, বেগুন ৪০-৬০, আদা (দেশি) ৩২০-৩৪০, লবণ (আয়োডিনযুক্ত) ৩৮-৪২, চিনি ১৩০-১৪০, মসুর ডাল ১৩০-১৩৫ ও ছোলা ৮০-৮৫ টাকা। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৯০-২১০, খাসির মাংস ১ হাজার ১০০, গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা, ডিম (ব্রয়লার) ৪৭-৫০ টাকা হালি, সয়াবিন তেল প্রতি লিটার (খোলা) ১৭৫-১৮৫ ও সরিষার তেল (বোতলজাত) ৩৬০ টাকা লিটার।

ডেঙ্গুর প্রকোপ : প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সমস্যায় জর্জরিত মানুষের যেন গোদের ওপর বিষফোড়ার মতো অবস্থা। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে জুলাই মাসের প্রথম চার দিনেই ১৪ জনের মৃত্যু হয়। এ মৌসুমে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯৩ জন। গত কয়েকদিন এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ার খবরের মধ্যে গতকাল বছরের সর্বোচ্চ মৃত্যু ও ভর্তির খবর এলো।

চলতি বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, এটিকে মহাবিপদসংকেত মনে করছে বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

গ্যাসের সমস্যা : একজন মানুষ ঘুম থেকে জেগে ওঠা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো স্বাভাবিক চাহিদা রয়েছে তার কোনোটিই এখন সহজে মেটাতে পারছেন না। শহরের অনেক জায়গাতে এখনো গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটের কারণে খাবার রান্না থেকে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আর উৎপাদন ব্যাহত হওয়ায় সংকটে পড়ছে উৎপাদনকারী সংস্থা। ফলে বন্ধের পথে অনেক শিল্প প্রতিষ্ঠান। যার ফলে অনেক লোক কর্মহীন হয়ে যেতে পারে।

বিদ্যুৎতের সমস্যা : ডলার সংকটের কারণে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের বকেয়া শোধ করতে না পারায় অনিশ্চয়তার মুখে পড়ে দেশের জ্বালানি খাত। শতভাগ বিদ্যুৎতায়ন করলেও বিদ্যুৎ সরবরাহে মারাত্মক ঘাটতি রয়েছে। রাজধানীতে লোডশেডিং কমলেও ঢাকার আশপাশে বা জেলা উপজেলাগুলোতে চলছে লোডশেডিং। ফলে অনেক শিল্পকারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।

পানির সমস্যা : মাত্র কয়েকদিন আগে প্রচণ্ড গরমে রাজধানীর অনেক এলাকায় তীব্র পানি সংকট দেখা দেয়। তখন খোদ ঢাকা ওয়াসার পক্ষ থেকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে বলা হয়। তবে গত কয়েকদিন নিয়মিত বৃষ্টি হওয়ায় পানির সংকট অনেকটাই কেটেছে।

তীব্র গরম : দ্রুত উদীয়মান অর্থনৈতিক দেশে পাল্লা দিয়ে বাড়ে নগরায়ণ। ফলে সবুজ ও জলাশয়গুলোতে নেমে আসে চরম দুর্গতি। একের পর এক জলাশয় ভরাট ও বৃক্ষনিধনে সবুজে ঘেরা রাজধানী এখন ধূসর নগরীতে পরিণত হয়েছে। ফলে জ্যৈষ্ঠের দাবদাহে দিশেহারা হয়ে পড়েছিল মানুষ। বর্ষার শুরুতেও বৃষ্টির দেখা মেলেনি। শেষ পর্যন্ত মধ্য আষাঢ়ে এসে ঝরে স্বস্তির বৃষ্টি, যদিও তা আরেক দিকে জলজট সৃষ্টি করে তৈরি করে দুর্ভোগ।

বায়ুদূষণ : দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে দূষিত শহরের তালিকায় বিশ্বে প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়। একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু