এবার লবণে সিন্ডিকেট, চামড়ার দাম নিয়ে শঙ্কা
আব্দুল্লাহ কাফি
চলতি অর্থবছরে দেশে ৬১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হলেও বাজারে এর প্রভাব নেই। বরং উল্টো লবণের দাম বস্তাপ্রতি বেড়েছে প্রায় ৩শ টাকা। আর কেজিতে বেড়েছে ৪ টাকা। কোরবানির আগে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। এভাবে লবণের দাম বাড়লে এর প্রভাব পড়বে কাঁচা চামড়ার ওপর। তাদের মতে, কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে বাধা হয়ে দাঁড়িয়েছে লবণের বাড়তি দাম। তারা বলেন, লবণের দাম বাড়তে থাকলে চামড়ার দাম কমবে এটাই স্বাভাবিক।
চামড়া ব্যবসায়ীরা বলছেন, একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিবছর কোরবানির আগে লবণের দাম বাড়িয়ে দেয়। এর ফলে পুরো চামড়ার বাজারে অস্থিরতা সৃষ্টি হয়।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ আমাদের সময়কে বলেন, মৌসুম শুরুর আগেই লবণের দাম বেড়ে যাওয়া চামড়া ব্যবসায়ীদের চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। রীতিমতো ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছেন। হঠাৎ করে বস্তাপ্রতি ৩শ টাকা বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। তিনি বলেন, এভাবে দাম বাড়লে এর প্রভাব পড়বে কাঁচা চামড়ার ওপর।
ব্যবসায়ীরা বলছেন, আড়ত পর্যন্ত পৌঁছার আগে লবণের দাম পড়ত কেজিপ্রতি ১৫ থেকে ১৬ টাকা। সেই লবণ এখন ১৯-২০ টাকায় কিনতে হচ্ছে। লবণ সিন্ডিকেটে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
রাজধানীর পোস্তার আড়তদাররা বলছেন, লবণ ব্যবসায়ীরা চামড়া ব্যবসায়ীদের দিন দিন জিম্মি করে ফেলছে। তারা যখন ইচ্ছা যে যার মতো করে দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- এ বছর লবণ উৎপাদন বেড়েছে। দাম স্বাভাবিক থাকার কথা; কিন্তু উল্টো চিত্র বাজারে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে দেশে লবণ উৎপাদন হয়েছে ১৮ লাখ ৩০ হাজার টন, যা গত ৬১ বছরের ইতিহাসে রেকর্ড। সংশ্লিষ্টরা বলছেন, অনুকূল আবহাওয়া, চাষযোগ্য জমি এবং চাষির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিপুল পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। তবে উৎপাদন রেকর্ড ছাড়িয়ে গেলেও তা দিয়ে দেশের চাহিদা পূরণ হবে না। কারণ বর্তমানে দেশে লবণের চাহিদা ২৩ লাখ ৩৫ হাজার টন।
এর আগে সর্বোচ্চ উৎপাদন হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে ১৮ লাখ ২৪ হাজার টন। সে সময় লবণের চাহিদা ছিল ১৬ লাখ ৫৭ হাজার টন। এরপর নানা কারণে দেশের লবণের উৎপাদন কমতে থাকে। এ জন্য চাষিদের আগ্রহ হারিয়ে ফেলাসহ জমির পরিমাণ কমে যাওয়াকে কারণ হিসেবে মনে করা হয়।
তবে আগের চেয়ে লবণচাষি ও চাষের জমির পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে বিসিক। চলতি অর্থবছরে ৩৭ হাজার ২৩১ জন চাষি লবণ চাষ করেছেন, যা গত অর্থবছরে ছিল ২৭ হাজার ৬৯৭ জন। চাষির এ সংখ্যা গত ১০ বছরে সর্বোচ্চ। একই সঙ্গে আগের অর্থবছরের চেয়ে এবার জমির পরিমাণ বেড়েছে ৮ হাজার ৬৩৭ একর। এবার দেশের ৬৩ হাজার ২৯১ একর জমিতে লবণের চাষ করা হয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
দেশে প্রধানত চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় লবণ উৎপাদন হয়ে থাকে। লবণ উৎপাদনের জন্য পানিতে লবণাক্ততার পরিমাণ ১৫ পিপিটির ওপরে থাকতে হয়। ফলে সমুদ্র উপকূলীয় কক্সবাজার জেলার কুতুবদিয়া, রামু, মহেশখালী, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, টেকনাফ এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী লবণ উৎপাদনের জন্য উপযুক্ত। সমুদ্রের পানি এবং সূর্যের তাপকে কাজে লাগিয়ে উৎপাদন করা হয় লবণ। ফলে আবহাওয়া লবণচাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয় লবণচাষিরা বলছেন, নভেম্বর থেকে মে পর্যন্ত থাকে লবণ চাষের মৌসুম। এবার এ সময়ের মধ্যে বৃষ্টি কম হয়েছে। আবহাওয়া ছিল লবণ চাষের জন্য উপযুক্ত। সে কারণে লবণ উৎপাদন বেশি হয়েছে।
বিসিকের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মাঠপর্যায়ে ক্রুড লবণের বাজারদর মণপ্রতি জুলাইয়ে ছিল ২১৫ টাকা। পর্যায়ক্রমে আগস্টে ২২০ টাকা, সেপ্টেম্বরে ২২৫ টাকা, অক্টোবরে ২৭০ টাকা, নভেম্বরে ২৯৮ টাকা, ডিসেম্বরে ২৯৪ টাকা, জানুয়ারিতে ৩১৫ টাকা এবং ফেব্রুয়ারিতে ছিল ৩৪৪ টাকা। মার্চে এসে দাম কমে দাঁড়ায় ২৩১ টাকা এবং এপ্রিলে ২৬৪ টাকা। সবশেষ মে মাসে ২৭০ টাকায় মণপ্রতি অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে। প্রক্রিয়াজাতকরণের পরে কেজিপ্রতি আয়োডিনযুক্ত লবণ খুচরা বিক্রেতা পর্যায়ে ট্র্যাডিশনাল ২০ টাকা, মেকানিক্যাল ২৪ টাকা, ভ্যাকুয়াম ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং গুণগত মানসম্পন্ন লবণ উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ১৯৬০ সালে দেশে লবণ উৎপাদন কার্যক্রম শুরু করে তৎকালীন ইপসিক, যা বর্তমানে বিসিক। মাত্র ৬ হাজার একর জমিতে শুরু হওয়া লবণ চাষ এখন ৬৩ হাজার একর ছাড়িয়েছে।
বিশেষ করে ২০০০ সালের পর থেকে দেশে বেড়েছে লবণ উৎপাদন। সে সময় থেকে লবণের মান উন্নয়ন এবং লবণ চাষ বৃদ্ধির লক্ষ্যে সনাতন পদ্ধতির পরিবর্তে প্লাস্টিক পদ্ধতিতে লবণ চাষে উৎসাহ দেওয়া হয়। ফলে কম সময়ে ভালো মানের অধিক লবণ উৎপাদনের পথ সুগম হয়। এতে চাষিরা আগ্রহী হয়ে ওঠেন।
বিসিকের কক্সবাজার লবণশিল্প উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এবার তিন হাজার একর জমিতে চাষ বাড়ায় লবণের উৎপাদন বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মৌসুম শুরুর ১৫ দিন আগেই চাষিরা মাঠে নেমেছেন। ন্যায্যমূল্য পাওয়ায় তারা লবণ উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। শতভাগ জমিতে আধুনিক পলিথিন প্রযুক্তিতে লবণ উৎপাদিত হচ্ছে। সনাতন পদ্ধতির তুলনায় পলিথিন পদ্ধতিতে আড়াইগুণ বেশি লবণ উৎপাদিত হয়। এ ছাড়া পলিথিন পদ্ধতির লবণের গুণমানও ভালো। এ জন্য দামও বেশি পাচ্ছেন চাষিরা।











