ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ফাঁস : বদরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড় মিছিল, স্কুলে তালা
রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ উপজেলার পল্লীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে অনৈতিক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। এ ঘটনায় পরীক্ষা বন্ধ রেখে প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে শতশত শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চম্পাতলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের কঠোর শাস্তির দাবীতে বিদ্যালয় মাঠে জড়ো হন শতশত শিক্ষার্থী ও অভিভাবক। এক পর্যায়ে প্রধান শিক্ষককে অপসারণ করাসহ দ্রæত শাস্তির দাবি জানিয়ে বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে ওইদিনের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় গ্রামবাসী ও ছাত্রীর অভিযোগ সুত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণকরার নানা অভিযোগ রয়েছে। তিনি সুযোগ বুঝে ছাত্রীদের তার কক্ষে ডেকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করার করে কু প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। তিনি তিন সন্তানের পিতা। তার স্ত্রী পাশের চম্পাতলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আব্দুর রাজ্জাক নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রায় সময় মুঠোফোনে অনৈতিক কথা বলে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেন। এমনকি কু-প্রস্তাব দিয়ে ওই শিক্ষার্থীকে উপহার সামগ্রী দেওয়ার প্রলোভন দেন। প্রধান শিক্ষকের অনৈতিক কাজে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে সমস্ত পরীক্ষায় ফেল করে দেওয়ারও ভয়ভীতি দেন তিনি। ওই শিক্ষার্থী এ নিয়ে কান্নাকাটি করে তার বাবা-মাকে বিষয়টি জানালে ঘটনা প্রকাশ পায়। শিক্ষার্থীর ভবিষ্যত চিন্তা করে প্রধান শিক্ষককে সতর্ক করে অনুরোধ করা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক গত বুধবার রাতের দিকে ওই ছাত্রীকে স্কুল শুরুর আগেই তার কক্ষে দেখা করার জন্য ফোন করেন। এতে তিনি ওই ছাত্রীর জন্য উপহার সামগ্রী দেবেন বলেও জানান। আব্দুর রাজ্জাকের এমন কথাবর্তার একটি অডিও ফাঁস হয়ে পড়লে ওই শিক্ষার্থীর অভিভাবকসহ আশপাশের লোকজন একত্রিত হয়ে ঝাড়ু মিছিল নিয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যান। এসময় তারা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে খুঁজে না পেয়ে বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন করে বিক্ষোভ করেন।
পরিস্থিতি জানতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) কাশফিয়া তাসরিন। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু অভিভাবকসহ সেখানকার সাধারণ মানুষ ওই লম্পট প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। পরে তারা ঘটনাস্থল থেকে ফিরে আসেন।
এক অভিভাবক বলেন, ‘ ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। মোবাইল ফোনে বিরক্ত করতো। ছাত্রীদেরকে উপহারের দেওয়ার টোপ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতো। আমরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্কুলের কক্ষে তালা মেরে দিয়েছি। আব্দুর রাজ্জাককে স্কুল থেকে বিদায় না করা পর্যন্ত তালা দেওয়া থাকবে। তার কঠোর শাস্তি চাই। ’
ওই বিদ্যালয়ের এক শিক্ষক আতাউর রহমান বলেন, ‘এ নিয়ে আমরা প্রধান শিক্ষককে অনেকবার বলা হয়েছে। তিনি কারো কোন কথা শোনেনি। এখন অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে স্কুলে তালা ঝুলিয়েছে। পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
স্কুল কমিটির সভাপতি মমতাজ হোসেন বলেন, ‘কেউ আমাকে এ ধরনের অভিযোগ দেয়নি। প্রমাণ মিললে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।
বদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাশফিয়া তাশরিন বলেন, ‘প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিদ্যালয়ে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোরভাবে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ’











