হাওরে অপ্রয়োজনীয় বাঁধ, কোটি টাকার প্রকল্প বাতিল
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী
সুনামগঞ্জে বোরো ফসলরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় কাবিটা (কাজের বিনিময়ে টাকা) নীতিমালায় প্রতি বছরের মতো বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ শুরু হয়েছে। তবে গত বছরের মতো এবারও ফসলরক্ষা বাঁধের অতিরিক্ত প্রকল্প (অপ্রয়োজনীয় প্রকল্প) নিয়ে হাওর পাড়ে আলোচনা চলছে।
এর মধ্যেই দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বাঁধ পরিদর্শনে গিয়ে প্রস্তাবিত ৫টি প্রকল্পের প্রায় এক কোটি টাকার হাওররক্ষা বাঁধ নির্মাণকাজের প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। গত শনিবার বাঁধ পরিদর্শনে যান ফসলরক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সভাপতি।
স্থানীয়রা জানান, ২০১৭ সালে দেখার হাওরের মাঝখানে নতুননগর থেকে পলিরচর পর্যন্ত প্রথম বাঁধ নির্মিত হয়। তবে এটি অকাল বন্যা ও পাহাড়ি ঢল ঠেকাতে কাজে লাগছে না। এটি কেবল ফসল কেটে ঘরে নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। তাই প্রকল্পটি বাতিলের নির্দেশ দিয়েছেন ডিসি।
পাউবোর দোয়ারাবাজার উপজেলার উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) আবু সায়েম বললেন, ‘দেখার হাওরের প্রকল্পগুলো দেওয়ার সময় ফসল বহন করার কাজে লাগবে বলে উল্লেখ করা হয়েছিল। পাঁচটি প্রকল্পে এখানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়। তবে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ও অনুমোদন হয়নি। ডিসি সরেজমিনে দেখে বলেছেন, এই প্রকল্পটি এবার না হলেও চলবে। প্রকল্পগুলো নিয়ে জেলা কমিটির সভায় আলোচনা হবে।’
তবে শুধু দোয়ারাবাজার উপজেলায় নয়, একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলায় প্রায় ছয় কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন উপজেলার কমগুরুত্বপূর্ণ নতুন বাঁধ নির্মাণ আটকে দিয়েছেন ডিসি। সদর উপজেলায় বিগত বছরগুলোর চেয়ে এ বছর দ্বিগুণ প্রকল্প নেওয়া হয়েছিল। এ নিয়ে গত কয়েকদিন স্থানীয় সংবাদমাধ্যমে খবর ছাপা হয়। ডিসি ৭১টি প্রকল্পের মধ্যে ৩০টি প্রকল্পের কাজ আরও যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন।
ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘হাওরে বোরো ফসলরক্ষা বাঁধ নীতিমালার আলোকেই প্রকল্প বাস্তবায়িত হবে। অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে সরকারি অর্থের অপচয় করতে দেওয়া হবে না। কেবল হাওরের ফসল রক্ষার প্রয়োজনেই বাঁধ হবে। দেখার হাওরে কয়েকটি প্রকল্প বাতিলের জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু প্রকল্প অনুমোদন ও বাতিলের ক্ষমতা জেলা কমিটির, তাই আগামীকাল মঙ্গলবার জেলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সুনামগঞ্জ পাউবোর দায়িত্বশীলরা জানান, জেলায় চলতি বোরো মৌসুমে দুই লাখ ২৩ হাজার ৩০০ হেক্টর জমি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১৩ লাখ মেট্রিক টন। এই ফসলরক্ষায় জেলার ১৩৭টি হাওরের মধ্যে ৪৮টি হাওরে বাঁধ নির্মাণ ও মেরামত কাজ করা হবে। স্থানীয় কৃষকদের দিয়ে পিআইসি গঠন করে কাজ বাস্তবায়ন করবে পাউবো ও স্থানীয় উপজেলা প্রশাসন।
এসব প্রকল্পের কাজের মেয়াদ ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে উপজেলা কমিটি থেকে ৯১৩টি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে জেলা কমিটি থেকে ৫৮০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কাজ শুরু হয়েছে মাত্র ১৭০টির। এবার ৬২৫ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারে ১৭০ কোটি টাকার প্রাক্কলন তৈরি করা হয়েছে। বরাদ্দ অনুমোদন হয়েছে ১০০ কোটি টাকা। ছাড় হয়েছে ২৫ কোটি টাকা।











