তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আ.লীগের জামানত বাজেয়াপ্ত হবে: বুলু
অনলাইন প্রতিবেদন : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। তাদের জামানত বাজেয়াপ্ত হবে। যেমনটি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবসেবা সংঘ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বুলু বলেন, আপনি অবিলম্বে পদত্যাগ করুন। একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন। দেশে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসে দাঁড়াচ্ছে। সময় থাকতে পদত্যাগ করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিন।
বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে নিয়ে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ১৭৩ দিন হরতাল-ধর্মঘট করে এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছিলেন। আমরা বিল পাশ করেছিলাম। তারপর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনি এই তত্ত্বাবধায়ক সরকারের বিল বিলুপ্ত করলেন কী কারণে? কারণ আপনি জানেন, নিরপেক্ষ ভোট হলে আপনি নির্বাচিত হতে পারবেন না।
মানবসেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম হিটো প্রমুখ।











