উদ্বেগ উত্তেজনা উৎকণ্ঠা
রেজাউল করিম লাবলু
ফখরুলের অনুপস্থিতে সভাপতিত্ব করবেন আমান উল্লাহ আমান প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন
সমাবেশের স্থান নিয়ে উত্তেজনার মধ্যে সংঘাত, বিএনপির নেতাকর্মীদের আটক, তল্লাশিচৌকি বসিয়ে পুলিশের ব্যাপক তল্লাশি, আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সতর্ক পাহারার’ মহড়া সব মিলিয়ে রাজধানীর পরিবেশ কিছুটা হলেও থমথমে। তার সঙ্গে যোগ হয়েছে শুক্রবার ছুটির দিনে ঢাকার রাস্তায় ও বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসার যাত্রীবাহী গাড়ির সংখ্যা কমে যাওয়া। সব মিলিয়ে একধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে। সমাবেশের স্থান নিয়ে টানাপড়েন শেষে দলটিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার বেলা ১১টায় বিএনপি সমাবেশ করবে। এই সমাবেশের জন্য প্রস্তুতি নিতে বিএনপি খুব কম সময়ই পেল। যদিও গত ১২ অক্টোবর থেকে শুরু করা বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি রাজধানীতে সমাবেশ করার মধ্য দিয়ে শেষ করার ঘোষণা দলটির আগে থেকেই ছিল।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ¦ালানির দাম বাড়ানোর প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি গত আগস্ট থেকেই কর্মসূচি পালন করে আসছে। অক্টোবর থেকে শুরু বিভাগীয় গণসমাবেশ করতে গিয়ে দলটি বাধা ও হামলার মুখে পড়েছে বলে অভিযোগ করেছে। এ ছাড়া সমাবেশগুলোর আগে বিভিন্ন বিভাগে পরিবহন ধর্মঘটও হয়েছে। বিএনপি দাবি করেছে, সমাবেশে বাধা দিতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। বিএনপির কর্মসূচি ঘিরে আগস্ট মাস থেকে গত বুধবার রাজধানীতে সংঘর্ষের ঘটনাসহ দলটির ৮ নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন নেতারা। বুধবারের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পুলিশ রুহুল কবির রিজভী, শিমুল বিশ্বাসসহ কয়েক শ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার গভীর রাতে বাসা থেকে গ্রেপ্তার করা হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যে রাজনীতির মাঠে উত্তেজনা ছড়ায়। ডিএমপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তাব দেয় বিএনপিকে। শর্ত দেওয়া হয় ২৬টি। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবে। সমাবেশস্থল নিয়ে ডিএমপি ও বিএনপির মধ্যে কয়েক দফা বৈঠক শেষে গত বিকেলে ডিএমপি বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার অনুমতি দেয়। শর্ত সেই ২৬টি দেওয়া হয়। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি তাদের কাছে মাঠ চেয়ে আবেদন করেনি।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গোলাপাবাগে গণসমাবেশের অনুমতি পেয়েছি আমরা। বেলা ১১টায় সমাবেশ শুরু হবে।’ শান্তিপূর্ণ সমাবেশ করার কথা জানিয়ে তিনি বলেন, সমাবেশস্থল নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার জন্য সরকার দায়ী। তিনি বলেন, ‘সমাবেশ থেকে সরকারের কাছে আমরা ১০ দফা দাবি পেশ করব। দাবি পূরণে আলটিমেটাম দেওয়া হবে। আমাদের বিভাগীয় সমাবেশ শেষে সরকারবিরোধী রাজনৈতিক যেসব দলের সঙ্গে আমরা আলোচনা করেছি, তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন শুরু হবে। সমাবেশে ঢাকাবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানাই।’
গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশ নিয়ে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ : বিএনপি নয়াপল্টনে গণসমাবেশ করার ব্যাপারে অনড় থাকায় সংকট তৈরি হয়। শেষ পর্যন্ত দলটি ডিএমপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার অনুরোধ করে। গত বৃহস্পতিবার রাতে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপিতে যায় গণসমাবেশের স্থল নিয়ে আলোচনার জন্য। বিএনপি নয়াপল্টনের পরিবর্তে কমলাপুর স্টেডিয়ামের প্রস্তাব দেয়। পুুলিশের পক্ষ থেকে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশের প্রস্তাব দেওয়া হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, সংকট শুক্রবারই কেটে যাবে। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়।
সমাবেশস্থলের অনুমতি ও সর্বশেষ অবস্থা : রাস্তা বন্ধ না করা, নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনা, পুলিশের নির্দেশনা অনুযায়ী সমাবেশস্থলে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা স্থাপনসহ ২৬ শর্তে গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেয় ডিএমপি। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল মাঠে প্রবেশ করে মাঠ পরিদর্শন করে। শতাধিক র্যাব সদস্য মাঠের বিভিন্ন অংশে গিয়ে পর্যবেক্ষণ করেন। এর আগে বেলা ২টার দিকে ডিএমপি কমিশনারের নেতৃত্বে একটি দল মাঠ পরিদর্শনে যায়। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গোলাপবাগ মাঠে যায় সমাবেশস্থল পরিদর্শনে। এদিকে গোলাপবাগ মাঠে অনুমতি দেওয়ার পর সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা জড়ো হলে আধা ঘণ্টার মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
ডিএসসিসির আপত্তি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো আবেদন পাননি তারা। আবেদন পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। কর্মকর্তারা বলছেন, শিগগিরই মাঠ উদ্বোধনের তারিখ নির্ধারণ করার পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে সেখানে রাজনৈতিক সমাবেশ হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে রাতে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, তারা আবেদনপত্র পাঠিয়েছেন।
রাজধানীর পরিস্থিতি : সমাবেশস্থল নিয়ে সংকট তৈরির জন্য আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করেছে। অন্যদিকে বিএনপি সরকারকে দায়ী করছে। এ নিয়ে গত কয়েক দিনের উত্তেজনার মধ্যে আওয়ামী লীগ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে নির্দেশনা দেয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর অবস্থান নেন। এতে করে কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের খ- খ- মিছিল নিয়ে রাজধানীর পাড়া-মহল্লায়, ওয়ার্ডে-ওয়ার্ডে মহড়া দিতে দেখা যায়। আজ শনিবারও তারা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেবেন। ফলে রাজধানীতে উত্তাপ ছড়িয়ে পড়ে। অন্যদিকে রাজধানীর সড়কগুলোতে তল্লাশিচৌকি বসিয়ে ব্যাপকহারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তল্লাশিচৌকি বসানো হয়েছে রাজধানীর প্রবেশমুখগুলোতে। তল্লাশিকালে মোবাইল ফোন পরীক্ষা করার কারণে অনেকের কাছ থেকে হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠেছে পুলিশের এভাবে তল্লাশি চালানো আইনসংগত কি না।
এমন প্রেক্ষাপটে আজ কী হবে, কী হতে পারে ঘুরেফিরে এমন প্রশ্নই উঠে আসছে। গত বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সংঘর্ষের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দেয়। গতকাল স্বাভাবিক চেহারায় দেখা যায়নি রাজধানীর পথঘাট। সাধারণ মানুষকে কম দেখা গেলেও আওয়ামী লীগের মিছিল ও পুলিশের উপস্থিতি ছিল। ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিকেলে ঘুরতে বের হওয়া কাউকে দেখা যায়নি। রাতে ভুতুড়ে পরিবেশ নেমে আসে। যানবাহনের দেখা মিলেছে একেবারেই কম। প্রতিদিনের মতো ঢাকার রাস্তায় হকারের উপস্থিতিও তেমন চোখে পড়েনি।
আমাদের কবি নজরুল কলেজ প্রতিনিধি যায়েদ হোসেন মিশু জানান, পুরান ঢাকায়ও মানুষকে সতর্ক থাকতে দেখা গেছে। কেউ কেউ বলছেন, এরই মধ্যে এক সপ্তাহের বাজার সেরে ফেলেছেন অনেকে। নিজেদের দোকান বন্ধ রাখবেন বলে জানিয়েছেন রাস্তার পাশের বিভিন্ন দোকানমালিকরা। রিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন অবস্থা বুঝে চালানোর কথা জানান চালকরা। গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। ঘর থেকে বের না হওয়ার কথাও জানান অনেকে।
কবি নজরুল সরকারি কলেজের পাশে চা-দোকানের মালিক আনোয়ার হোসেন বলেন, ‘আগে একটু বেশি রাতে দোকান বন্ধ করতাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দোকানে এসে সতর্ক করে দিয়ে গেছেন। এখন একটু দ্রুতই দোকান বন্ধ করে দিই।’
স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন : মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার সকালে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা করে বিএনপি। সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপি। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশকে কেন্দ্র করে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ৯টি বিভাগে জনসভা করেছি। সরকারের সব বাধা উপেক্ষা করে এসব জনসভায় জনতার ঢল নেমেছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। কিন্তু আমরা ধৈর্য ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চেয়েছি। তবে মনে হয়, সরকার অন্য কিছু চায়। আমরা চাই গণতন্ত্র।’
মোশাররফ হোসেন বলেন, ‘সরকারি বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীরা প্রায় ১৫ দিন ধরে প্রকাশ্যে হুমকি দিয়ে জনসভা বানচালের জন্য গোটা ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগসহ সব বিভাগের সব জেলা, উপজেলা, মহানগরে মহড়া দিচ্ছে। তাদের এসব অগণতান্ত্রিক সন্ত্রাসী কার্যক্রম পুলিশের সামনেই এবং সমর্থনে চলছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান প্রমুখ।
বিএনপির ১০ দফা : ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে বিএনপি ১০ দফা দাবি জানাবে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানান খন্দকার মোশারফ। দফার মধ্যে কী কী থাকতে পারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠান, খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দিদের অনতিবিলম্বে মুক্তি, দেশে সভা, সমাবেশ ও মত প্রকাশে কোনো বাধার সৃষ্টি না করা ইত্যাদি।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন দেশ রূপান্তরকে বলেন, ‘গণসমাবেশ থেকে ১০ দফা দাবি পেশ করা হবে। সমাবেশ থেকে তৃতীয় তথা চূড়ান্ত আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন হবে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘সমাবেশে কী দফা আসবে তা নির্ভর করছে পরিবেশের ওপর। জনতা সিদ্ধান্ত নেবে তারা কী করবে। পরিস্থিতি বলে দেবে কী করতে হবে। এখনই কিছু বলা যাবে না।’











