সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানামুখী চাপে বিএনপি

news-image

রেজাউল করিম লাবলু : বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি পালনের সময় নানা বাধা অতিক্রম করতে হয়েছে বিএনপিকে। আগামীকাল শনিবার রাজশাহীতে একই কর্মসূচি পালনের আগেও বাধার মুখে পড়ছে দলটি। এরপর ঢাকার গণসমাবেশ হবে। ইতিমধ্যে গণসমাবেশের স্থান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি সরকার ও ক্ষমতাসীন দলের কাছ থেকে হামলা, বাধা, নতুন ও পুরনো মামলায় ধরপাকড়ের মতো নানামুখী বাধার মুখে পড়ছে। সম্প্রতি এ চাপ আরও বেড়েছে ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা এমন পরিস্থিতি তুলে ধরে দেশ রূপান্তরকে বলেছেন, ভয় থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতারা নানা হুমকিধমকি দিচ্ছেন। অতীতের মতো ‘গায়েবি’ মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করছে। এ ছাড়া নিজেরা গণপরিবহনে পেট্রোল বোমা হামলা করে মানুষ মেরে তার দায় বিএনপির ওপর চাপাতে চায়। কিন্তু শত উসকানির মুখে বিএনপি বিগত সমাবেশগুলোর মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবে। সরকারের পাতানো ফাঁদে পা দেবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিসহ বেশ কয়েকটি দাবিতে বিএনপি গত আগস্ট মাস থেকে নানা কর্মসূচি নিয়ে মাঠে আছে। সর্বশেষ বিভাগীয় পর্যায়ের গণসমাবেশ কর্মসূচি পালন করছে। ঢাকায় সমাবেশে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে দলটির।

বিএনপি নেতারা বলছেন, ১০ ডিসেম্বর থেকে এক দফার আন্দোলন শুরু হবে।

চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি শুরু হয়। ওই সমাবেশে যাওয়ার সময় দলটির নেতাকর্মীরা বাধা ও হামলার মুখে পড়ে। এর জন্য আওয়ামী লীগ ও সরকারকে দায়ী করে বিএনপি। এরপর হওয়া প্রায় সব বিভাগীয় কর্মসূচির আগে পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি ডাকে। বিএনপি এই কর্মসূচিকে তাদের বাধা দেওয়ার জন্য ডাকা হয়েছে বলে দাবি করে। আগামীকাল রাজশাহী সমাবেশের আগেও ওই অঞ্চলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। খুলনা ও বরিশালের গণসমাবেশে যোগ দিতে আসার পথে হামলায় আহত হয়ে মারা গেছেন বিএনপির একজন সাবেক সংসদ সদস্যসহ দুই নেতা। এসব হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। এ ছাড়া সমাবেশের অনুমতি নিয়েও হয়রানি, গড়িমসির অভিযোগ রয়েছে। এর সঙ্গে নানা রকম শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। ঢাকায় সমাবেশের স্থান নিয়ে চলছে উত্তেজনা। সরকার সোহরাওয়ার্দী উদ্যাগে সমাবেশের অনুমতি দিলেও বিএনপি বলছে, তারা নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

সমাবেশ কর্মসূচি চলার মধ্যে বিভিন্ন জেলায় ককটেল হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। দলটি দাবি করছে, হামলার কথা বলা হলেও আদতে এমন ঘটনা কেউ দেখে না, জানেও না। কিন্তু তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এর আগেও সমাবেশে আসার সময় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে বলে দলের নেতারা জানিয়েছেন। এ ছ্ড়াা তারা বলছেন, নতুন মামলা তো হচ্ছে, পুরনো মামলায়ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তা ছাড়া পুরনো মামলাগুলো আবার চালু করায় কোনো কোনো দিন হাজিরা দিতে আদালতে যেতে হচ্ছে।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত সাত দিনে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১৬৯টি মামলা হয়েছে। এ মামলাগুলোতে আসামি করা হয়েছে ৬৬২৩ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ হাজারের ওপর। আদালতে হাজিরা দিতে গেলে গ্রেপ্তার করা হচ্ছে। অথবা জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে। এমনকি হাইকোর্ট থেকেও গ্রেপ্তার করা হচ্ছে। এটা কোন নিয়ম? সংবিধানে এমন কোনো নিয়ম নেই। অথচ পুলিশ গ্রেপ্তার করছে। পুলিশ ও ডিবি তুলে নিয়ে যাচ্ছে।’ তিনি দাবি করেন, ২০১৩-১৪ ও ১৫ সালে জনগণের আন্দোলন যেভাবে স্তব্ধ করতে চেয়েছিল সেই একইভাবে, একই কায়দায় আবার ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, ‘বিগত ১৪ বছর ধরে আওয়ামী লীগ আমাদের দলের শীর্ষ নেতা চেয়ারপারসন খালেদা জিয়াসহ তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। নেতাকর্মীদের খুন, গুম, হামলা-মামলা-নির্যাতন করেছে। এরপরও আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। তার প্রমাণ তারা করেছে বিভাগীয় গণসমাবেশগুলোতে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বিভাগীয় গণসমাবেশগুলোতে আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবহন ধর্মঘট, বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, সমবেশের আগে নেতাকর্মীদের বাসাবাড়ি ও আবাসিক হোটেলে পুলিশের হানাসহ শত অপচেষ্টা মোকাবিলা করে দলের তৃণমূল নেতাকর্মী, বয়োবৃদ্ধ মানুষ, সাধারণ মানুষের ঢল নামছে সমাবেশগুলোতে। সরকার এসব দেখে ক্ষমতা হারানোর ভয়ে দিনের পর দিন আরও হার্ড লাইনে যাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর