,

ক্ষমতায় টিকে থাকার দেন-দরবার করতে ভারত গেছেন প্রধানমন্ত্রী: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে এ সময়ে ভারতে গিয়ে ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেত্রীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি। বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে দেনদরবার করতে গেছেন তিনি। এই দেনদরবার করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করছেন এটাই হচ্ছে এখন প্রশ্ন।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কি নির্মমভাবে আক্রমণ করছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। গতকালও নাটোরের লালপুরে হামলা করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ করেই তারা ক্ষান্ত হননি। আক্রমণে কারো চোখ চলে যাচ্ছে, কেউ পঙ্গুত্ব বরণ করছে। ইতোমধ্যে তিনজনের জীবন কেড়ে নেওয়া হয়েছে। মামলা দেওয়া হচ্ছে। শত শত নেতাকর্মী আজ বাড়িছাড়া, গ্রামছাড়া, ঘরছাড়া। এ অবস্থার মধ্যে তারা দিনাতিপাত করছে।’

মিয়ানমার থেকে বাংলাদেশের মাটিতে মর্টার শেল পড়ার সমালোচনা করে রিজভী বলেন, ‘এটা নির্বাচিত সরকার নয়। তাদের জনভিত্তি নেই বলেই অত্যন্ত দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতি। না হলে এরকম একটা পরিস্থিতিতে একটি শক্ত যে ভাষা, সেই ভাষাটাও পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের কেউ দিতে পারছে না। কারণ তাদের সমর্থন নেই। অন্যান্য দেশের সমর্থনে তাদের টিকে থাকতে হয়। এ কারণে তারা পারছে না, নতজানু হয়ে থাকছে।’

তিনি আরও বলেন, ‘আজকে যদি নির্বাচিত সরকার হতো তাহলে জোরালো প্রতিবাদ তাদের ভাষা হতো। সার্বভৌমত্ব এখানে লঙ্ঘন হচ্ছে কিন্তু শক্ত জোরালো কোনো প্রতিবাদ হচ্ছে না।’

এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার ও সদস্য সচিব নাছিমা আক্তার কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না