আলোচনায় ইমরুল
ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন ইমরুল কায়েস। ৫ ম্যাচে ৩৩ গড়ে ১৩৫ রান করেছেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় চট্টগ্রামের বিপক্ষে ৬২ বলে ৮১* রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিপিএলে পারফরম্যান্স করে আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া ইমরুল। নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক। সামনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে সিরিজ।
আফগান সিরিজে জাতীয় দলে সুযোগ পাবেন কি ইমরুল? জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক মনে করেন, দলে সুযোগ পেতে হলে ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে। বিপিএলে ইমরুল সবশেষ ম্যাচে ভালো ব্যাটিং করলেও মন ভরেনি রাজ্জাকের!
গতকাল তিনি বলেন, ‘ও কিন্তু অনেক দিন ভালো খেলেনি। আপনি ন্যাশনাল লিগ থেকে যদি চিন্তা করেন, তা হলে কিন্তু আপ টু দ্য মার্ক না। কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় থাকবেই। আপনি যেহেতু বললেন পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।’
প্রসঙ্গত বিপিএলে ৫ ম্যাচে একটি ফিফটি করেছেন ইমরুল। বাকি চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১০, ১৫, ১ ও ২৮। এর আগে বিসিএলের ৫০ ওভারের তিন ম্যাচের মধ্যে দুটিতেই ফিফটি (৭১ ও ৬৯) করেছেন। এক ম্যাচে ২৫।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন আফগানরা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন বিপিএল খেলে নিজেদের প্রস্তুত করছেন।
আবদুর রাজ্জাক জানান, তারা দল এখনো চূড়ান্ত করেননি। তিনি বলেন, ‘সিরিজের আগে তো অবশ্য দিতেই (দল) হবে। সেটি পেয়ে যাবেন। দুটি ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলা যেহেতু হবে, অবশ্যই আমাদের তো দুটি ফরম্যাটে শতভাগ একই দল খেলে না, তো ওইভাবেই আসলে চিন্তা করা হচ্ছে যে, টি-টোয়েন্টির জন্য আছে হয়তো তারা ওয়ানডে খেলবে না। তারা শুধু টি-টোয়েন্টি খেলবে। আবার কিছু খেলোয়াড় আছে শুধু হয়তো ওয়ানডে খেলবে, টি-টোয়েন্টি খেলবে না। সেটিও আসলে হিসাব করা হচ্ছে। খুব দ্রুতই পাওয়া যাবে।’
রাজ্জাক জানান, পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই দল করা হবে। যারা পারফরম্যান্স করে না, তাদের নিয়ে লাফালাফি করা ঠিক না বলে মনে করেন তিনি। জাতীয় দলের এ নির্বাচক বলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট (বিপিএল) চলছে, ওই দিকে টি-টোয়েন্টি সিরিজ (আফগানিস্তান) আছে। অবশ্যই দেখারই বিষয়। খেয়াল রাখা হচ্ছে জাতীয় দলের বাইরে থাকাদেরও। এটি আমাদেরও সুবিধা হয়েছে, তেমনি খেলোয়াড়দের জন্যও সুবিধা হয়েছে। পারফর্ম করে বা ওইরকম প্রমিন্যান্ট (ধারাবাহিক পারফরম্যান্স) হয়, তা হলে অবশ্যই সুযোগ থাকবে।’











