অ্যানফিল্ডে জেরার্ডের প্রত্যাবর্তন রাঙাতে দিলেন না সালাহ
স্পোর্টস ডেস্ক : লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা তারকা স্টিভেন জেরার্ড। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ার বেছে নিয়েছেন তিনি।
স্কটিশ ক্লাব রেঞ্জার্স অধ্যায় শেষে জেরার্ড এখন প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার কোচ। এবার তার দল নিয়ে প্রথমবার অ্যানফিল্ডে এসেছিলেন তিনি। কিন্তু পুরোনো ঠিকানা থেকে জেরার্ডকে জয় নিয়ে ফিরতে দিলেন না মোহামেদ সালাহ।
৬৭তম মিনিটে মিসরীয় ফরোয়ার্ডের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে আছে অলরেডরা।
প্রতিপক্ষ হিসেবে এলেও সাবেক লিভারপুল মিডফিল্ডার অবশ্য উষ্ণ অভ্যর্থনায় পেলেন অ্যানফিল্ডে। বলতে গেলে, ক্যারিয়ারের পুরোটা সময় অলরেডদের হয়ে কাটিয়েছেন তিনি। লিভারপুলের জার্সিতে ৭১০ ম্যাচে ১৮৬ গোল করেছেন জেরার্ড। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা কাপ ও লিগ কাপ।
লিগের আরেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে প্রথমার্ধের শেষ মুহূর্তে ১০ জনের দল হয়ে পড়া উলভসের বিপক্ষে রহিম স্টার্লিংয়ের ৬৬তম মিনিটের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতেছে সিটিজেনরা।
এই জয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখল পেপ গার্দিওলার দল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।
জোর্গিনহোর জোড়া গোলে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে লিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্লুজরা। ইতালিয়ান মিডফিল্ডার তার দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। নাটকীয় ম্যাচটিতে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় চেলসি।











