,

বাসের চাকায় প্রাণ হারালেন একাত্তর টিভির ভিডিও এডিটর

news-image

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল চালাতে ভালোবাসতেন একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর। পাঁচ মাস আগে ফেসবুকে দেওয়া শেষ পোস্টে লিখেছিলেন, ‘দিনে তিন-চারবার পুরাতন বাইকের ইউটিউব ভিডিও দেখতাম। মার্কেটে কোনো বাইকটার কত দাম কী ফিচার আমার মুখস্থ। …কিন্তু নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় বাইক কেনার স্বপ্ন পূরণ করতে পারিনি।’ ওই পোস্টের শেষেই তার স্বপ্ন পূরণের খবরও দিয়েছিলেন। সঙ্গে ছিল নতুন মোটরসাইকেলের ছবি। বুধবার বিকেলে তিনি সেই মোটরসাইকেলে চড়েই বাসার উদ্দেশ্যে রওনা হন। তবে ঘরে ফেরা হয়নি তার।

রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন গোপাল। এরপর তার শরীরের ওপর দিয়েই চলে যায় বাসের চাকা। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গুলশান থানার ওসি আবুল হাসান সমকালকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক-হেলপার। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য গোপালের লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ৩৫ বছর বয়সী গোপাল সূত্রধর রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকতেন। বিকেলে তিনি একাত্তর টিভিতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে প্রগতি সরণিতে নদ্দা বাসস্ট্যান্ডের অদূরে দুর্ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক জানান, পথেই মৃত্যু হয়েছে তার।

একাত্তর টিভির সাংবাদিক পারভেজ রেজা জানান, গোপাল সূত্রধর ২০১৪ সাল থেকে একাত্তর টিভিতে কাজ করে আসছিলেন। এর আগে তিনি ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভদ্রগ্রাম এলাকায়। তার স্ত্রী লক্ষ্মী রানী দুই মেয়ে সকাল ও সূর্যকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, বাসের চাকায় গোপালের কোমর থেকে নিচের অংশ পিষ্ট হয়। ক্ষতবিক্ষত অবস্থায় তার নিথর দেহ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এদিকে গোপালের মৃত্যুর খবরে তার সহকর্মী ও স্বজনেরা হাসপাতালে ছুটে যান। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর মহাখালীতে ভিআইপি পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন একাত্তর টিভির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। সমকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য