অবৈধ সুবিধা না দিলেই হুমকি : প্রভাবশালীদের রোষানলে ইউএনও-এসি ল্যান্ডরা
ডেস্ক রিপোর্ট : সরকারের প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ ইউএনওকে সার্বিক সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড। সরকারি সাহায্য-সহায়তা বিতরণ, বিভিন্ন নিয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, হাটবাজার ও খেয়াঘাট ইজারা এবং বালুমহাল, জলমহাল ও খাসজমি বরাদ্দ দেয়া নিয়ে ইউএনও-এসি ল্যান্ডদের প্রায় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এসব নিয়ে স্থানীয় প্রভাবশালী মহল ও জনপ্রতিনিধিদের সঙ্গে তাদের মতবিরোধ হয়। সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে প্রায়ই তাদের স্থানীয় প্রভাবশালীদের রোষানলে পড়তে হয়। কথামতো কাজ না করলে রাজনৈতিক তকমা দিয়ে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়। ৬ বছরে অন্তত ৯ জন ইউএনওর ওপর হামলার তথ্য পাওয়া গেছে।
খাসজমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধ করা নিয়ে ইউএনও-এসি ল্যান্ডরা প্রভাবশালী স্থানীয় জনপ্রতিনিধিদের টার্গেটে পরিণত হন। স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়রের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধ থাকলে তো তারা ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়েন। স্বার্থে আঘাত ও অবৈধ সুবিধা না দিলে তাদের দেখে নেয়ার হুমকি-ধমকি পেতে হয়। কখনও কখনও তারা প্রতিকূল অবস্থার মধ্যে পড়েন। কখনও কখনও তারা হামলারও সম্মুখীন হন।
সম্প্রতি দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তবে সরকার মাঠপ্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইউএনওদের সার্বক্ষণিক নিরাপত্তাসহ পুরো উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার পরিবেশ থাকতে হবে। আমরা সেই পরিবেশ তৈরির চেষ্টা করছি।
উপজেলা পর্যায়ের সব দফতর ও বিভাগের সমন্বয়ক ইউএনওকে উপজেলা পরিষদের মুখ্য কর্মকর্তা হিসেবে কাজ করতে হয়। এসব দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় তিনি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের চ্যালেঞ্জের মুখে পড়েন। এর বড় কারণ হল- বালুমহাল, জলমহাল, খাসজমি, হাটবাজার ও খেয়াঘাট ইজারার মতো বিষয়গুলো। আর্থিক স্বার্থসংশ্লিষ্ট এসবের ওপর লোভাতুর দৃষ্টি থাকে স্থানীয় প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের। সরকারের স্বার্থরক্ষায় পদক্ষেপ নিতে গেলেই প্রভাবশালীরা খেপে যান। স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। মাঠ কর্মকর্তাদের মতে, স্থানীয় প্রভাবশালীরা সব কিছুতেই একচ্ছত্র নিয়ন্ত্রণ চান।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের ওপর প্রায় হামলার ঘটনা ঘটছে। ৩ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ভয়াবহ হামলার শিকার হন। এ ধরনের ঘটনায় মামলা হলেও কাঙ্ক্ষিত বিচার হয় না। এসব মামলার তদন্ত করতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তারা দেখতে পেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত থাকে। তাদের আইনের আওতায় আনতে হিমশিম খেতে হয়। মাঝেমধ্যে দলের সিনিয়র নেতারাও দেনদরবার করে হামলাকারীদের রক্ষার চেষ্টা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ বিভাগের সাবেক এক ইউএনও বলেন, আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে প্রভাবশালীরা হস্তক্ষেপ করার চেষ্টা করেন। নিয়োগ, বিভিন্ন কমিটি গঠন, এমনকি মসজিদের ইমাম নিয়োগেও জনপ্রতিনিধিরা তালিকা দেন। তাদের কারণে উপজেলায় দুর্যোগ সহনীয় ঘর গরিবদের মধ্যে বিতরণ বাধাগ্রস্ত হয়। ১৪টি ঘরের মধ্যে মাত্র পাঁচটি ঘর প্রকৃত গরিবকে দেয়া সম্ভব হয়েছে। গুচ্ছগ্রামের ঘর দিতে গরিব মানুষের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে প্রভাবশালীরা। কথামতো কাজ না করলে রাজনৈতিক তকমা দিয়ে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। সামনে বসেই বান্দরবান কিংবা খাগড়াছড়িতে পোস্টিং দেন।
বরিশাল বিভাগের এক ইউএনও জানান, হাটবাজার ইজারা, রাস্তাঘাটে চাঁদাবাজি, বালুমহাল, ইটের ভাটা ও খাসজমি উদ্ধার করতে গেলেই প্রভাবশালীদের টার্গেট হতে হয়। তার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় প্রতিদিন চাঁদা তোলেন ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতারা। প্রভাবশালীরা স্লুইসগেট বন্ধ করে মাস চাষ করেন। অথচ ফসল নষ্ট হয় কৃষকের। এসব কাজে বাধা দিলেই দেখে নেয়ার হুমকি দেয়া হয়। সরকারবিরোধী রাজনৈতিক দলের ক্যাডার বানানো হয়।
বৃহস্পতিবার রাতে এক জেলা প্রশাসক (ডিসি) জানান- ইউএনওরা বালুমহাল, জলমহাল, অর্পিত সম্পত্তিসহ নানা কাজে জড়িত। ইউএনওদের কাজে একপক্ষ খুশি হয় তো একাধিক পক্ষ নাখোশ হয়। যারা নাখোশ হয় তারা ইউএনওকে সরিয়ে দেয়ার জন্য বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন জায়গায় তদবির শুরু করেন। উপজেলা চেয়ারম্যানরা অনেক ক্ষেত্রে ইউএনওকে প্রতিপক্ষ মনে করেন। বেশিরভাগ ইউএনও উপজেলা চেয়ারম্যানদের রোষানলের শিকার হন। আর স্থানীয় এমপির কথার বাইরে গেলেই নানা ঝামেলা পোহাতে হয়। তবে তাদের কাউন্সিলিং করে ভালো ফল পাওয়া যায়। ২ মাসে তিনি তার জেলায় ১৭ একর খাসজমি উদ্ধার করেছেন বলেও জানান ডিসি।
জানা গেছে, মে মাসে বালু দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পটুয়াখালীর কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক হামলার শিকার হন। উপজেলার রাবনাবাদ চ্যানেলের পশুরবুনিয়া স্পটে বালু উত্তোলনকারীদের ওই হামলার ঘটনায় মামলাও হয়েছে। ইউএনও শহিদুল হক জানান, স্থানীয় রাজনৈতিক শক্তির পৃষ্ঠপোষকতায় তার ওপর হামলা হয়েছিল। তিনি বলেন, সরকার পাল্টালেও বালু সন্ত্রাসীরা একই থাকে। আইন অনুযায়ী সরকারি স্বার্থ রক্ষা করতে গেলেই তারা খেপে যায়।
২০১৪ সালের ১ নভেম্বর দিন-দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনের মাথা ফাটিয়ে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা। ফরহাদ হোসেন বর্তমানে রংপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে কর্মরত। তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
২০১৬ সালের ডিসেম্বরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউএনও ইসমাইল হোসেনের গাড়ি ভাংচুর করা হয়। বর্তমানে বিজি প্রেসে কর্মরত ইসমাইল হোসেন জানান, হামলাকারীরা ক্ষমা চাওয়ায় আপস করা হয়েছে। ২০১৬ সালের ৩১ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ইউএনও হাবিবা শারমিন দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। উপজেলার কাকিলাকুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্সসহ আটকেপড়া প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে ফেরার পথে তার গাড়ি হামলার শিকার হয়। ইউএনও ও তার গাড়িচালক আঘাত পান। এ ঘটনায় করা মামলা শ্রীবরদী আমলি আদালতে বিচারাধীন। হাবিবা শারমিন বর্তমানে শিক্ষা ছুটিতে দেশের বাইরে আছেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউএনও ছিলেন তারিক সালমন। ২০১৭ সালে বরিশাল জেলা আওয়ামী লীগের তৎকালীন ধর্মবিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজুর করা মিথ্যা মামলায় দুই ঘণ্টার কারাবাসের পর শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে তিনি অভিযোগ মুক্ত হন। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত তারিক সালমন।
শুধু মাঠ প্রশাসনের কর্মকর্তারা নন, স্থানীয় প্রভাবশালীদের রোষানল থেকে রেহাই পান না তাদের পরিবারের সদস্যরাও। গত বছরের জুলাইয়ে পিরোজপুর সদর উপজেলার এসি ল্যান্ড রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়াল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহন হন। জেলা প্রশাসনের ডরমিটরিতে এ ঘটনা ঘটে। এরপর রামানন্দ ভয়ে অন্য এলাকায় পোস্টিং নেন।
সরকারি দায়িত্ব পালনকালে ইউএনও-এসি ল্যান্ডদের বিরুদ্ধে মামলারও নজির আছে। ২ সেপ্টেম্বর ড্রেজার ধ্বংসের অভিযোগে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জেলা আদালতে মামলা হয়। আদালত সেটা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। পরবর্তী সময়ে সরকারের শীর্ষপর্যায়ের হস্তক্ষেপে সেটি সুরাহা হয়।
জানতে চাইলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, কতিপয় অবৈধ বালু উত্তোলনকারী ও এক প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় এক জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। এক জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এ ধরনের মামলা নজিরবিহীন ও দুর্ভাগ্যপিতা।
মাঠপ্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এভাবে হামলা-মামলা তাহলে তারা কিভাবে কাজ করবেন? আমাদের দাবির পরিপ্রেক্ষিত্রে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইউএনওদের সার্বক্ষণিক গানম্যানসহ পুরো উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুগান্তর











