করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশ নিয়ে মোদির প্রস্তাবে বাংলাদেশের সমর্থন
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের উদ্যোগকে বাংলাদেশ সমর্থন জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার বাসায় ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিতভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃঢ় কৌশল অবলম্বনের জন্য সার্ক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ৪টি দেশ- নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের নেতৃবৃন্দ করোনা মোকাবিলায় মোদির সম্মিলিত প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জবাব দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এখন পর্যন্ত পাকিস্তান ছাড়া এ প্রস্তাবে সার্কের সব দেশ সমর্থন জানিয়েছে। বাংলাদেশ এতে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। দু-এক দিনের মধ্যেই ভিডিও কনফারেন্সের কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, সার্কভুক্ত সব দেশের রাজনৈতিক নেতৃত্ব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। তাই পাকিস্তানও এ প্রক্রিয়ায় যুক্ত হবে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ অঞ্চলের এবং সারা বিশ্বে বিরাজমান এই সংকট উত্তরণে এখন পর্যন্ত প্রস্তাবে সাড়া দানকারী নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন।
মোদি তার টুইট বার্তায় বলেন, আমি প্রস্তাব করতে চাই যে সার্ক দেশগুলোর নেতৃবৃন্দ করোনা ভাইরাস মোকাবিলায় দৃঢ় কৌশল অবলম্বন করবে। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করতে পারি।
মোদি বলেন, একসঙ্গে আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি এবং আমাদের গ্রহটিতে কোভিট-১৯ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রেক্ষাপটে আমরা একটি স্বাস্থ্যকর গ্রহের জন্য অবদান রাখতে পারি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ও জনগণ বিভিন্ন পর্যায়ে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের অধিকাংশ জনসংখ্যার আবাস স্থল, এই জনগোষ্ঠীর সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা এক টুইট বার্তায় বলেন, তার দেশ সার্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকশে বলেন, তার দেশ এই আলোচনায় যোগ দিতে এবং এর বিস্তার রোধে লড়াই ও অভিজ্ঞতা বিনিময়ে সর্বোত্তম অনুশীলনের জন্য কাজ করতে আগ্রহী।
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২০ জন। আক্রান্ত এক লাখ ৪৩ হাজার ৩৪৩ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৩২৪ জন। মৃত ও আক্রান্তের অধিকাংশই হচ্ছে চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। অঞ্চলটির রাজধানী উহান থেকে ডিসেম্বরের শেষে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
তবে চীনে করোনার প্রাদুর্ভাব কমে আসলে ইউরোপসহ কয়েকটি দেশে ভয়াবহ সংক্রমণ ঘটেছে। ইতালির মাধ্যমে ঝুঁকির মুখে পড়ে গেছে গোটা ইউরোপ। ফ্রান্সে আক্রান্ত হয়েছে দুই হাজার ২৮৪ জন, মারা গেছে ৪৮ জন। স্পেনে আক্রান্ত ২ হাজার ২৭৭ জন, মৃত ৫৫ জন। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়াসহ আরও দেশে আক্রান্তরা মারা গেছে।
এদিকে ইরানেও লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। দেশটিতে মারা গেছে ৪২৭ জন, আক্রান্ত ১০ হাজার ৭৫ জন। দেশটিতে পার্লামেন্টের এমপিসহ সরকারি অনেক শীর্ষ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন করোনায়।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছে এবং এতে মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেও তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন।











