সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দরজায় কড়া নাড়ছে ঢাকা দুই সিটির নির্বাচন

news-image

নিউজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন।আজ রাত পেরোলেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র ও কাউন্সিলর নির্বাচনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। স্থানীয় সরকারের এ নির্বাচনকে কেন্দ্র করে অনেক দিন পর দেখা গেছে সর্বজনীন উৎসবের আমেজ, যার আবহ ছড়িয়ে পড়েছে দেশজুড়েই। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকালই ছিল প্রচারের শেষ দিন।

এদিন প্রার্থীদের দম ফেলার ফুরসত পর্যন্ত মেলেনি; শেষ সময়ে এসে ভোটারের মন জয়ে চলেছে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা। প্রত্যেকেই প্রতিশ্রুতির ডালিতে ভোটারদের আকৃষ্ট করতে ছিলেন যারপরনাই তৎপর। এবার ভোটারদের পালা। প্রার্থী নির্বাচনে এতদিন ধরে যারা হিসাব-নিকাশ করেছেন, এবার তারা সিদ্ধান্ত নেবেন। এ মহানগরীর নাগরিকদের সে সিদ্ধান্তের ফল জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত।

ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর দুই সিটির মাধ্যমে এবারই প্রথম পুরোপুরি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটানুষ্ঠান হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু ভোটগ্রহণে তাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের মাঠে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রায় পঞ্চাশ হাজার সদস্য।

প্রধান নির্বাচন কশিমনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। সব কিছু কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও থেকে আমরা কোনো অভিযোগ পাইনি। যে কোনো সময়ের চেয়ে এখন পরিবেশ সুষ্ঠু আছে। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পালন করে যাচ্ছি। আমরা কারও সহায়ক নই, কারও পক্ষে বা বিপক্ষেও নই। বিধিতে, আইনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি।

আওয়ামী লীগের গতকালের জনসভা আগামীকাল অনুষ্ঠেয় সিটি নির্বাচনসংক্রান্ত নয় উল্লেখ করে সিইসি বলেন, এ সভা মুজিববর্ষের প্রস্তুতি নিয়ে। আমাদের কাছে তারা বলেননি। সেখানে নির্বাচন নিয়ে যদি কিছু না বলা হয়, তাতে নির্বাচনের কোড অব কনডাক্ট ভায়োলেট (আচরণবিধি লঙ্ঘন) হবে কিনা, তা আলাদাভাবে বলা নেই। তবে আমি মনে করি, নির্বাচন সামনে রেখে এ সভাটা তাদের না করাই উচিত ছিল।

আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা এবং ভোটগ্রহণের দিনে রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৩০ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত পর্যন্ত নির্বাচনের আওতাধীন এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না বা তাতে অংশ নেওয়া যাবে না।

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে ৬৫ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। গতকাল থেকে শুরু হয়ে মোট ৪ দিন দায়িত্ব পালন করবেন তারা। এ ছাড়া দুই সিটিতে আরও ৫ প্লাটুন করে মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকছে। পাশাপাশি মাঠে আছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা টহল দেবেন। এ ছাড়া নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবে।

নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ ৪ জন পুলিশ এবং প্লাটুন কমান্ডারসহ আনসার সদস্য থাকবেন ১২ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোয় ৬ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্যসহ ১৮ জন দায়িত্ব পালন করবেন। ইভিএমের কারিগরি সহায়তায় প্রতিটি ভোটকেন্দ্রে দুজন করে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র‌্যাব। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য দুই সিটির নির্বাচন উপলক্ষে মাঠে নেমেছে।

ইসি কর্মকর্তারা জানান, দুই সিটি মিলিয়ে থাকবেন ২৪৬৮ জন প্রিসাইডিং অফিসার, ১৪ হাজার ৪৩৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ২৮ হাজার ৮৬৮ জন পোলিং আফিসার, এ ছাড়া ইভিএম-সংক্রান্ত কারিগরি সহায়তায় থাকবেন ৪ হাজার ৯৩৬ জন সেনাসদস্য। সব মিলে ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে ৫০ হাজার ৭০৬ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ও দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র। এগুলোর নিরাপত্তা বিধানে পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন সমন্বয়ে ১২৯টি মোবাইল টিম, ৪৩টি স্ট্রাইকিং ফোর্স এবং ৫২টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া র‌্যাবের ১৩০টি টিম দায়িত্ব পালন করবে।

ইসি কর্মকর্তারা জানান, দুই সিটিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোবাইল টিমে ১২৯০ জন, পুলিশ স্ট্রাইকিং ফোর্সে ৪৩০ জন, পুলিশ রিজার্ভ টিমে ৫২০ জন, র‌্যাব সদস্য ১৪৩০ জন, বিজিবি ২২৫০ জন, ভোটকেন্দ্রের ফোর্স হিসেবে ৪১ হাজার ৯৫৬ জনÑ সব মিলিয়ে ৪৭ হাজার ৮৭৬ জন থাকবেন। এ ছাড়া নৌপুলিশও থাকবে। এর বাইরে প্রতিটি ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুটি ওয়ার্ডের জন্য একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও অপরাধ প্রতিরোধে ১০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছে সরকার।

ইসি কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ১৮টি। উত্তরে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন; ভোটকেন্দ্র ১৩১৮টি, ভোটকক্ষ ৭৮৪৬টি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ২৫টি; মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন; ভোটকেন্দ্র ১১৫০টি, ভোটকক্ষ ৬৫৮৮টি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী