রাজউক আর দুর্নীতিকে সমার্থক আখ্যায়িত টিআইবির
নিউজ ডেস্ক : রাজউক আর দুর্নীতিকে সমার্থক আখ্যায়িত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, বিভিন্ন কার্যক্রমসহ উন্নয়ন প্রকল্পে সরকারি-বেসরকারি উভয় স্তরেই সংস্থাটিতে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এসব ক্ষেত্রে রাজউক কর্মকর্তাদের একাংশ, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির মধ্যে ত্রিপক্ষীয় আঁতাত স্পষ্ট।
বুধবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে আয়োজিত ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক):সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
টিআইবির মতে, রাজউকের সার্বিক কার্যক্রমে জবাবদিহি, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ অন্যান্য দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাজউকে বর্তমানে উন্নয়নমূলক কাজে অধিক গুরুত্বারোপ করায় আবাসন এবং রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনকে প্রাধান্য দেওয়ায় পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ কাজও থাকছে উপেক্ষিত। সংবাদ সম্মেলনে রাজউকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং সমস্যা থেকে উত্তরণে ১৪ দফা সুপারিশ তুলে ধরে টিআইবি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মো. জুয়েল মিয়া। প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা রহমান এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা আফরোজ।
ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজউক এতদিনেও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি। এমনকি রাজউক নারী ও প্রতিবন্ধীবান্ধব প্রতিষ্ঠানও নয়। রাজউকের ওপর নিয়ন্ত্রণকারী সংস্থার যে দায়িত্ব অর্পিত, তা পালনে তারা ব্যর্থ হয়েছে। রাজউক ড্যাপ ও ডিএমডিপি রক্ষায়ও ব্যর্থ হয়েছে। অনিয়ম ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে রাজউক এখন তার মূল ভূমিকা থেকেই সরে গেছে। তাই রাজউকের দুর্নীতির বিষয়গুলো দুদকের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
টিআইবির প্রতিবেদনে বলা হয়, রাজউকের ছাড়পত্র ও নকশা অনুমোদনে নানা অনিয়ম ও দুর্নীতি রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে রাজউক কর্মকর্তা, দালাল ও সেবাগ্রহীতার মধ্যে ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে চুক্তি করে সুনির্দিষ্ট হারে নিয়মবহির্ভূত অর্থ নেওয়া হয়। জরিপের সময়ও চুক্তিভিত্তিক নিয়মবহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। ব্যক্তি ও রিয়েল এস্টেট ডেভেলপার পর্যায়ে এর পরিমাণ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। ছাড়পত্র অনুমোদনে ব্যক্তি পর্যায়ে ১৫ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত এবং রিয়েল এস্টেট ডেভেলপার পর্যায়ে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত দিতে হয়। সেবাগ্রহীতারা ইমারত নকশা অনুমোদনের সেবা গ্রহণেও নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হন। ব্যক্তি পর্যায়ে ১০ তলা পর্যন্ত ইমারতের নকশা অনুমোদনে ফির অতিরিক্ত ৫০ হাজার থেকে সাড়ে চার লাখ এবং রিয়েল এস্টেট ডেভেলপার পর্যায়ে দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। আবার ১০ তলার ঊর্ধ্বে ইমারতের নকশা অনুমোদনে রিয়েল এস্টেট ডেভেলপার পর্যায়ে ফির অতিরিক্ত ১৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। বৃহদায়তন বা বিশেষ প্রকল্পের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের পরিমাণ ১৫ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত।
প্রতিবেদনে আরও বলা হয়, নাগরিক সনদ ও বিধিমালা অনুয়ায়ী নকশা অনুমোদনের নির্ধারিত সময় যথাক্রমে ২০ দিন ও ৪৫ দিন হলেও সে অনুযায়ী অনুমোদন না পাওয়ার অভিযোগ রয়েছে রাজউকের বিরুদ্ধে। সাধারণত চার মাসে নকশা অনুমোদন হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগেছে এমন অভিযোগও রয়েছে। তবে অর্থের পরিমাণ বেশি হলে নির্ধারিত সময়ের মধ্যেও কাজ সম্পন্ন হয়।
গবেষণায় বলা হয়, রাজউক সেবামূলক প্রতিষ্ঠান হলেও তা একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৪-২০১৫ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছরের হিসাব থেকে দেখা যায়, প্রতি অর্থবছরে রাজউকের উদ্বৃত্ত আয় ২৫ থেকে ৬০ শতাংশ। তবে বাজেট পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে রাজউকের সক্ষমতার ঘাটতি রয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানটিতে অবকাঠামোগত নানা সমস্যা বিদ্যমান। আঞ্চলিক কার্যালয়গুলোর দুটিতে নিজস্ব অফিস ভবন এবং অধিকাংশ ক্ষেত্রে কিছু বিভাগ বা শাখার কার্যক্রম নেই। এ ছাড়া ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউর কাজ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে দেওয়ার মাধ্যমে স্বার্থের সংঘাত ও দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১০ সালে ড্যাপ অনুমোদিত হওয়ার পর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত সময়ে ১৫৮ বার সংশোধিত হয়েছে।
১৪ দফা সুপারিশ: রাজউকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে ১৪ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আইন ও বিধিমালা সংস্কার করে যুগোপযোগী ও সমন্বিত আইন প্রণয়ন; ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮-এর আওতায় ছয় তলার ঊর্ধ্বে নির্মিত ইমারতকে বহুতল ভবন হিসেবে বিবেচনা করা; ঢাকা উন্নয়ন ট্রাস্ট (ভূমি বরাদ্দ) বিধিমালা, ১৯৬৯-এর আওতায় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা যেন ন্যায্যভাবে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পান সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়ন; প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে রাজউকের সার্বিক কার্যক্রমে স্বছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য সম্পূর্ণ পৃথক, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা; মন্ত্রণালয়-সংশ্নিষ্ট কমিটির ড্যাপ রিভিউ কার্যক্রম বন্ধ করে বিশেষজ্ঞদের নিয়ে অবিলম্বে ড্যাপ চূড়ান্ত করা; ইমারত নকশা অনুমোদনের প্রক্রিয়ায় সব নকশা (স্থাপত্য, নির্মাণ, কাঠামো ও সেবা-সংক্রান্ত) সুনির্দিষ্ট মাপকাঠির ওপর ভিত্তি করে পরীক্ষাপূর্বক অনুমোদন করা; জবাবদিহি নিশ্চিতে প্রাতিষ্ঠানিক তদারকি বৃদ্ধি এবং দালালদের হয়রানি বন্ধে কার্যকর মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন; দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির আওতায় আনা ইত্যাদি।











