আজকের প্রচারণায় যা বললেন মেয়র প্রার্থীরা
ঢাকার দুই সিটি নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচরণা ততই বেড়ে চলেছে। আজ বুধবার ঢাকার চার মেয়র প্রার্থীদের প্রচারের বক্তব্যগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো-

কর আদায়ের পরিকল্পনা জানালেন তাপস
নির্বাচনে বিজয়ী হলে কীভাবে কর আদায় করবেন- সেই পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর বকশীবাজারে একটি ব্যবসায়িক সম্মেলনে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা জানান।
তাপস বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের একজন যোগ্য ও দক্ষ সেবক নির্বাচিত করবে, যার মাধ্যমে তাদের মৌলিক সেবাগুলো নিশ্চিত হবে। এলাকাবাসীর জন্য যে চিন্তা করবে, পরিকল্পনা করবে এবং ঢাকাবাসীকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবে।’
কর আদায় নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ‘কোনো রকম কর বৃদ্ধি করা হবে না। বরং এখানে কর সমন্বয়ের প্রয়োজন রয়েছে যাতে করে ব্যবসায়ীরা কোনোরকম ভাবে যাতে হয়রানির সম্মুখীন না হয়।’
দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলবেন জানিয়ে দক্ষিণের এই মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো যাতে করে কর আদায়গুলো সহজলভ্য হয়। শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স নয়, আরও অনেক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে ব্যবসায়ীদের। সেটার আওতায় রাজস্ব আহরণ আমি বিশ্বাস করি অনেকাংশে বৃদ্ধি হবে।’
এ সময় উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার বিষয়ে জানতে চাইলে তাপস বলেন, ‘ঢাকা উত্তরের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমি ঢাকা দক্ষিণ নিয়ে ব্যস্ত।’

পুলিশকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান ইশরাকের
পুলিশকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। আজ বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজার থেকে প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বিএনপির এ মেয়রপ্রার্থী বলেন, ‘গতকাল আমাদের উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় পেছন থেকে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা হতে চললো কিন্তু আমরা এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে দেখলাম না। আমি পুলিশ-প্রশাসনকে বিনীত অনুরোধ করবো, আপনাদের প্রতি যে গুরুদায়িত্ব আছে সেটা আপনারা পালন করুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনারা পালন করুন। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা জনগণের পক্ষে কাজ করুন।’
ইশরাক বলেন, ‘আজকে এ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই ধ্বংসাত্মক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটা পরিবর্তন দরকার। আগামী ১ ফেব্রুয়ারি একটা সুবর্ণ সুযোগ এসেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক, এই অধিকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটা সুযোগ এসেছে আমাদের সামনে।’
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদের হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, ‘আজকে যারা ক্ষমতাসীন আছেন তারা এই দেশটাকে দখল করে রাখছেন। অন্য যারা আছে তাদের কোনো কথা বলার অধিকার নাই, বাকস্বাধীনতা নাই, ভোটের অধিকার নাই, তাদের কোনো অধিকারই নাই। আমরা বলে দিতে চাই, এটা আর আমরা মানবো না। আজকে এখানে আসার আগে আমি শুনতে পেয়েছিলাম যে এখানে নাকি একটা বাধা প্রদান করার চেষ্টা করা হয়েছিল। কোনো ষড়যন্ত্র আমরা মানবো না, কোনো বাধা আমরা মানবো না। ঢাকা শহরে কোনো সন্ত্রাসীদের আমরা স্পেস দেবো না। এই দেশটা আপনাদের, এই দেশটা আমাদের সবার। আমরা কারও জমিদারিত্ব মানবো না।’
এর আগে সকাল ১১টা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঝাউচর বাজারে একত্রিত হন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চান।
ওই এলাকায় ইশরাকের জনসংযোগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, কাজী আবুল বাশারসহ বিএনপির কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশনের কোনো কীটতত্ত্ববিদ নেই, জানালেন আতিকুল
সিটি করপোরেশনের কোনো কীটতত্ত্ববিদ নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর রায়েরবাজার জাফরাবাদ এলাকার পুলপাড় মোড়ে নির্বাচনী সমাবেশে এ তথ্য জানান তিনি।
আতিকুল বলেন, ‘সপ্তাশ্চর্যের মতো আরেকটি আশ্চর্য হলো সিটি করপোরেশনের কোনো কীটতত্ত্ববিদ নেই। ইতিমধ্যে এডিস মশার মৌসুম শুরু হয়ে যাচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে সমন্বিতভাবে ভেক্টর ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।’
মেয়র নির্বাচিত হলে এডিস মশা নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব থাকবে জানিয়ে এই প্রার্থী বলেন, ‘প্রথম দিন থেকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে এডিস মশা নির্মূলে কাজ শুরু করবো। গত ৯ মাস ছিল ওয়ার্মআপ, দায়িত্ব পেলে ৫ বছর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করব। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এডিস মশা, যানজট, জলজট। গত ৯ মাসে করপোরেশনের কোন কোন জায়গায় চ্যালেঞ্জ আছে, কোন জায়গায় কাজ করতে হবে, তা জানতে পেরেছি। নির্বাচিত হলে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবো ইনশাআল্লাহ।’
এ সময় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করতে সামনেরবার থেকে ডিজিটাল পদ্ধতিতে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল। তিনি বলেন, ‘আপনারা বলে দিন এভাবে ক্যাম্পেইন করা যাবে না। আপনারা যদি বলেন ডিজিটাল ক্যাম্পেইন, অবশ্যই আমরা ডিজিটাল ক্যাম্পেইন করব।’
আতিকুল আরও বলেন, ‘আমাদের পরিচ্ছন্ন সুন্দর নগরী গড়তে হবে। আমরা চাই সুন্দর নগর। যেভাবে যত্রতত্র পোস্টার লাগানো হয়, তাতে নগরের সৌন্দর্য থাকে না। আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হই তাহলে শহরে আর যত্রতত্র পোস্টার লাগাতে দেব না।’
প্রার্থী হিসেবে জনগণের দৃষ্টি আকর্ষণ করে আতিকুল ইসলাম বলেন, ‘আসুন আমরা সবাই ডিজিটাল ক্যাম্পেইন করি, এভাবে কাগজের পোস্টার যেন না লাগাই।’
মোহাম্মদপুরের বৈশাখী মাঠের বেহাল দশার অবস্থা দেখে শেয়র প্রার্থী বলেন, ‘আগামী এক বছরের মধ্যে এটিকে আধুনিক মাঠ করা হবে।’ এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় সাতটি আধুনিক পার্ক করা হচ্ছে বলে তিনি জানান।
গণসংযোগে আওয়ামী লীগ মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণজোয়ার দেখেই আতিকুল ইসলাম ভয় পেয়ে গেছেন : তাবিথ
গতকালের হামলার বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের বক্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘জনসংযোগে গণজোয়ার দেখেই আমার প্রতিপক্ষ আতিকুল ইসলাম ভয় পেয়ে গেছেন। মানসিকভাবে অশান্তিতে আছেন। তাই তিনি সত্য ঘটনাকে নিজেদের মধ্যে সংঘর্ষ বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের হাজিক্যাম্পের সামনে নির্বাচনী জনসংযোগ শুরুর প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ এ কথা বলেন। তিনি বলেন, ‘হামলায় আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারওয়ার উপস্থিত ছিলেন। তাঁরা আমাকে চিহ্নিত করে হামলা করেছেন, যাতে আমি মাথা ও মুখে আঘাত পাই। এখন পুলিশকে প্রভাবিত করতে চেষ্টা করছেন। গত রাতে এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করতে পারিনি। এখন আমরা নির্বাচন কমিশনের তদন্তের অপেক্ষায় আছি।’
বিএনপি নির্বাচন করছে না খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে—আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যর জবাবে তাবিথ বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আজকে বাংলাদেশের বৃহত্তর জনমানুষের মুক্তির সংগ্রাম। তাঁরা ভোটের মাধ্যমে রায় দিতে চান। কারণ, তাঁরা দুর্নীতি ও দুঃশাসনকে প্রশ্রয় দেবেন না। খালেদা জিয়ার মুক্তি সবার মুক্তিসংগ্রামকে একত্র করবে।
তাবিথ যখন হাজিক্যাম্পের সামনে পথসভা করছিলেন, তখন সড়কের বিপরীত পাশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা জটলা বেঁধে দাঁড়িয়ে ছিলেন। সাংবাদিকেরা দুপক্ষের মুখোমুখি অবস্থান সম্পর্কে প্রশ্ন করলে তাবিথ বলেন, ‘আমাদের কোনো অবস্থানই কখনো মুখোমুখি হয়নি। আমি অনেক আওয়ামী কাউন্সিলর প্রার্থীর কাছে ভোট চেয়েছি। হাত মিলিয়েছি। শুভেচ্ছা বিনিময় করেছি। আজও লক্ষ্য করেছি, আমাদের নেতা আ স ম রব যখন বক্তব্য দিচ্ছিলেন রাস্তার উল্টোদিকে আওয়ামী নেতা কর্মীরা জড়ো হয়েছেন। তারা বক্তব্য শুনছিলেন। তারা সমর্থন করে একমত হয়েছেন। তাতে বোঝা যায়, আওয়ামী লীগের দু-একজন বিশেষ মহলের নেতার আচরণ দেখে বিরক্ত হচ্ছেন। ঘৃণা করছেন।’
গতকালের হামলার বিষয়ে নির্বাচন কমিশনে পদক্ষেপের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তাবিথ বলেন, ‘আমরা অভিযোগ দাখিল করেছি। আমরা দেখব নির্বাচন কমিশন তাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করে কী প্রতিবেদন দেয়। কমিশনের উচিত ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তৎপর হওয়া। ম্যাজিস্ট্রেটরা সরকারের বেতন নিচ্ছেন, অথচ দায়িত্ব পালন করছেন না।’
হাজিক্যাম্পের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম রব বক্তব্য দেন। তিনি খালেদা জিয়ার মুক্তি ও ধানের শীষে ভোট চান। তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আপনারা ভোট দিতে যাবেন, কারও কথা শুনবেন না, ভোট দিয়ে বিকেল চারটার পর রেজাল্ট না নিয়ে বাড়ি ফিরবেন না। প্রিসাইডিং ও পোলিং অফিসাররা কারচুপি করলে রুখে দাঁড়াবেন। গতকাল হামলা হয়েছে, সরকারকে জানিয়ে দিতে চাই গুন্ডামি করে, সন্ত্রাসী করে তাবিথকে পরাজিত করতে পারবেন না। আপনাদের একটি ভোট খালেদা জিয়াসহ হাজার হাজার কারাবন্দী নেতা–কর্মীর এবং গণতন্ত্রের মুক্তির পথকে সুগম করবে।’
হাজিক্যাম্প থেকে তাবিথ দক্ষিণখানের প্রেমবাগান, গাওয়াইর হয়ে চেয়ারম্যানবাড়ী ও থানা রোডে জনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে শামা ওবায়েদ, সাইফুল আলম, কলিমউদ্দিন আহমেদ মিলন, গফুর ভূঁইয়া, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন (টিফিন ক্যারিয়ার প্রতীক), ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী আকবরসহ (টিফিন ক্যারিয়ার) বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।











