অবশেষে জয়ে ফিরলো রংপুর
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে তিন অধিনায়ক পরিবর্তন করেও জয়ের দেখা পাচ্ছিল না রংপুর রেঞ্জার্স। হারের বৃত্তে ঘুরতে থাকা দলটি অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনে শেন ওয়াটসনকে। তিনিও এসেও জয়ের স্বাদ দিতে পারেননি রংপুরকে। হারের বৃত্তে ঘুরতে থাকা রংপুর রেঞ্জার্স অবশেষে জয়ের দেখা পেলো।
প্রথম ইনিংসে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে নাইম-ডেলপোর্টের সাহসী ইনিংসে সিলেট থান্ডারের বিপক্ষে সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মোস্তাফিজদের বোলিং তোপে পড়ে সিলেট থান্ডার। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করে সিলেট। টার্গেটে খেলতে নেমে শুরুতেই ওয়াটসনের উইকেট হারায় সিলেট। তবে ওপেনার নাইম ও ডেলপোর্ট দুর্দান্ত খেলে দলকে জয় এনে দেন।
নাইম ৫০ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ডেলপোর্ট মাত্র ২৮ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ ছাড়া মোহাম্মদ নবী ১২ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে দুই উইকেট নেন নাভিন-উল-হক। রংপুর এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে জিতেছে দুটি ম্যাচে। একটি চট্টগ্রামের বিপক্ষে আরেকটি আজ সিলেটের বিপক্ষে। প্লে-অফের দৌঁড়ে টিকে থাকতে হলে তাদের জয়ের কোনো বিকল্প নেই।
দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চলমান বঙ্গবন্ধু বিপিএলেও পুরোনো মোস্তাফিজকে দেখা যাচ্ছিল না। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান কাটার মাস্টারও। টানা দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে নিয়েছেন পাঁচ উইকেট। তার মধ্যে আজ সোমবার সিলেট থান্ডারের বিপক্ষে মাত্র ২৮ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।
সিলেটের হয়ে একাই লড়াই করেন মোহাম্মদ মিথুন। ৪৭ বলে ৪টি চার ও ২টি ছয়ের মারে তিনি ৬২ রান করেন। মোসাদ্দেক ধীরে ধীরে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও নাইম শেখের দুর্দান্ত থ্রোতে সাজঘরে ফিরে যান রান আউট হয়ে। রান নিতে গিয়ে তিনি ইনজুরিতেও পড়েন, পরে মাঠ ছাড়তে হয়ে খুড়িয়ে খুড়িয়ে। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ১৫ রান। এ ছাড়া রাদারফোর্ড ১৬ ও সোহাগ গাজী ১২ রান করেন।
রংপুরের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং করেন দ্য ফিজ। তিনি চার ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন তিন উইকেট। এ ছাড়া আরাফাত সানি, মুকিদুল মুগ্ধ, মোহাম্মদ নবো ও গ্র্যাগরি নেন একটি করে উইকেট। মোস্তাফিজ এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে নিয়েছেন ৯ উইকেট। তাঁর মধ্যে শেষ দুই ম্যাচেই নেন পাঁচ উইকেট।











