সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে নম্বরে অভিবাসন সংক্রান্ত তথ্য মিলবে বিনা খরচে

news-image

নিউজ ডেস্ক : অভিবাসন প্রত্যাশী, প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ সবাইকে অভিবাসন সংক্রান্ত সব ধরনের তথ্যসেবা দিতে একটি হটলাইন চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ব্র্যাক। নম্বরটি হলো— ০৮০০০১০২০৩০। যে কেউ এই নম্বরে ফোন করে বিনা খরচে অভিবাসন সংক্রান্ত তথ্য পাবে বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘নিরাপদ প্রত্যাবর্তন এবং টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক একটি অনুষ্ঠানে হটলাইনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহেমদ মুনিরুছ সালেহীন। এ সময় আইওএম বাংলাদেশ-এর মনিটরিং, ইভালুয়েশন, অ্যাকউন্টেবিলিটি ও লার্নিং বিভাগের প্রধান ফিনিয়াস জেসি উপস্থিত ছিলেন। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান তার সঙ্গে ছিলেন।
ব্র্যাক জানায়, বিদেশ থেকেও অভিবাসন সংক্রান্ত যেকোনও তথ্যসেবা পাওয়া যাবে +৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে। বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফোন করে সরাসরি তথ্যসেবা পাওয়া যাবে। এই সময়ের বাইরে ফোন করলে কলটির রেকর্ড থেকে পরবর্তী সময়ে কলদাতার সঙ্গে যোগাযোগ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রত্যাশা প্রকল্পের আওতায় হটলাইনটি চালু করা হয়। প্রকল্পটি বাংলাদেশ সরকারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্বে আইওএম বাংলাদেশ বাস্তবায়ন করছে।

হটলাইন উদ্বোধনের আগে আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘তথ্য হচ্ছে সূর্যের আলোর মতো। তথ্য জানলে মানুষের কাছে সবকিছু দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে সহজ হয়। কিন্তু যারা বিদেশে গেছেন বা যেতে চাচ্ছেন, তাদের বেশিরভাগই তথ্য জেনে সিদ্ধান্ত নিচ্ছেন না। ৯৫ ভাগ মানুষই জানেন না, তারা কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘মাঝেমধ্যেই বিভিন্ন দেশ থেকে বিশেষ করে নারী কর্মীদের ওপর নির্যাতনের খবর আসে। বিষয়গুলো সমাধানে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। তবুও কিছু সমস্যা আছে। একথা মনে রাখতে হবে, সরকারের একার পক্ষে সবকিছুর সমাধান করা সম্ভব নয়। আমরা সমস্যার কথা স্বীকার করি এবং সমাধান করতে চাই।’

বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণের ওপর জোর দিয়ে ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণও অভিবাসন প্রক্রিয়ার একটি অংশ। এ ব্যাপারে সরকারি, বেসরকারি সংস্থাসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যাশা প্রকল্পটি বিদেশ ফেরতদের জন্য একটি সমন্বিত পদক্ষেপ। সরকারও এই ধরনের কাজের সঙ্গে আছে। ভবিষ্যতে আরও ব্যাপক আকারে পুনরেকত্রীকরণ নিয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছি আমরা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইওএম বাংলাদেশের মনিটরিং, ইভালুয়েশন, অ্যাকউন্টেবিলিটি ও লার্নিং বিভাগের প্রধান ফিনিয়াস জেসি বলেন, ‘পুনরেকত্রীকরণ অভিবাসন প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ।

বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ দেশের বাইরে থাকেন। এদের মধ্যে বিদেশে গিয়ে যারা ভালো করতে পারেন না, কিংবা সমস্যায় পড়ে ফিরে আসেন, তারা মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন। এসব মানুষের জন্য টেকসই পুনরেকত্রীকরণ জরুরি। বিশেষ করে যারা অনিয়মিতভাবে বিদেশ গিয়ে ফেরত আসছেন, তাদের গল্পগুলো অনেক করুণ। এইসব মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, ‘প্রতিদিন কত মানুষ বিদেশ যাচ্ছে, সে তথ্য সরকারের কাছে থাকলেও কত মানুষ ফিরে আসছে তার কোনও তথ্য নেই। ফলে বিদেশ-ফেরত কর্মীদের চিহ্নিত করে তাদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।’ তিনি বলেন, ‘বিদেশ থেকে ফেরত আসা অভিবাসনেরই অংশ। কাজেই তাদের কথাও ভাবতে হবে। তবে নিরাপদ অভিবাসন এবং টেকসই পুনরেকত্রীকরণের কাজটি কারও একার নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবার একযোগে কাজ করতে হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী