আইপিএলে ফুচকা বিক্রেতা অবিশ্বাস্য দাম পেলেন
স্পোর্টস ডেস্ক : গলি থেকে রাজপথ!স্বপ্ন দেখতেন মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলবেন। সেই স্বপ্ন পূরণের জন্য একসময় ফুচকা ও ভেলপুরি বিক্রি করতেন। আশার প্রদীপও জ্বলেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে ডাক পেয়েছেন।
বলা হচ্ছে, যসশ্বী জয়সওয়ালের কথা।এবার আইপিএলের নিলামে অবিশ্বাস্য দাম পেলেন তিনি। প্রথমবার প্লেয়ার্স ড্রাফটে উঠেই দল পেলেন এ টিনএজার।
জয়সওয়ালকে ২.৪০ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। তাকে দলে পেতে লড়াই করে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। তবে শেষমেষ রাজস্থানের কাছে হেরে যায় তারা।
১৭ বছর বয়সী বাঁহাতি ওপেনারের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি।সেখানে পেয়েছেন প্রায় আড়াই কোটি। মানে প্রায় ১২ গুণ বেশি দাম পেয়েছেন তিনি।
রাজস্থান থেকে এবার ট্রান্সফারে দিল্লিতে গেছেন অজিঙ্কা রাহানে। পরিকল্পনা অনুযায়ী ওপেনিংয়ে তার পরিবর্তে দেশীয় কোনো বিধ্বংসী ক্রিকেটারকে চাইছিল রাজস্থান। যসশ্বীকে রাহানের জায়গাতেই ব্যবহার করতে চাইবে তারা।
কোনো বয়সভিত্তিক দলের হয়ে ভারতের জার্সিতে এখনো খেলার সুযোগ হয়নি যসশ্বীর। তবে ঘরোয়া ক্রিকেটে অল্প সময়েই সুনাম অর্জন করেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে তার।
বিজয় হাজারে ট্রফির ম্যাচে মুম্বাইয়ের হয়ে ঝাড়খন্ডের বিপক্ষে ১৪৯ বলে ২০০ রানের ম্যারাথন ইনিংস খেলেন যসশ্বী। ১৭টি দর্শনীয় চার এবং ১২টি বিশাল ছক্কায় ইনিংসটি সাজান তিনি।











