ক্রেতারা এখন বস্তা টিপে পেঁয়াজ কিনছেন
নিউজ ডেস্ক : বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মিনি ট্রাকে বস্তাভর্তি মিসরীয় পেঁয়াজ বিক্রি করতে ক্রেতাদের জন্য অপেক্ষায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রেতা নাজমুল। বড়জোর হাতেগোনা জনা-দশেক লোক ট্রাকের সামনে জটলা করে দাঁড়িয়ে আছেন। তবে তাদের সবাই ক্রেতা নন। ক্রেতাদের মধ্যে দুজনকে ট্রাকের বস্তার পেঁয়াজ টিপে দেখতে দেখা যায়।
বিক্রেতা নাজমুল হেসে বলেন, ‘হায়রে ভাই, কয়েক দিন আগে এক কেজি পেঁয়াজের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতেন। এখন বস্তা টিপে ভালোমন্দ দেখে পেঁয়াজ কিনতে এসেছেন।’
কথা শুনে ক্রেতা কিছুটা বিব্রত। দ্রুত দুই কেজি করে চার কেজি পেঁয়াজ কিনে চলে গেলেন।
সপ্তাহখানেক আগেও রাজধানীজুড়ে পেঁয়াজের যে হাহাকার ছিল তা যেন উবে গেছে। টিসিবির বিক্রেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাকভর্তি পেঁয়াজ নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকলেও পেঁয়াজের ক্রেতা নেই। বাজারে দেশি পেঁয়াজ ওঠায় আমদানি মিসরীয় পেঁয়াজ নিয়ে বিপাকে রয়েছেন ক্রেতারা।
গত দুই আড়াই মাস ধরে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকায় উঠলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মিসরীয় পেঁয়াজ আমদানি করে। এরপর এই পেঁয়াজ কেজি ৪৫ টাকা দরে বিক্রি করতে শুরু করে। ওই সময় টিসিবির ট্রাকগুলো ঘণ্টাখানেকের মধ্যেই এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি শেষ করে ফেলত। তখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে পেঁয়াজ না পেয়ে ফেরত যান। পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা বিপাকে পড়েন। মূল্যবৃদ্ধির কারণে অনেক পরিবার রান্নায় পেঁয়াজ ব্যবহার বন্ধ রাখেন।
গত সপ্তাহ থেকে দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় মিসরীয় পেঁয়াজের চাহিদা কমতে থাকে। পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় টিসিবির মজুত পেঁয়াজ পচে যাওয়ার আগে এখন বিক্রি হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।











