সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

news-image

এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। মূল্যও পাচ্ছেন কৃষকেরা। তাই কৃষকের মুখে হাসি। বড় ধরনের কোনও আপদ না এলে কৃষকের এই হাসি অমলিন থাকবে। সম্প্রতি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আমন ফসলের ক্ষতির আশঙ্কা কো হলেও তা সেভাবে হয়নি। যা হয়েছে, সে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন এলাকার আমন চাষকারী কৃষকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কৃষি সম্প্র্সারণ অধিদফতর ও কৃষি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আমন ধান চাষ করা হয়েছে ৫৮ লাখ ৯৪ হাজার হেক্টর জমিতে। আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৫৮ লাখ ৭৯ হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১ কোটি  ৪০ লাখ টন আমন ধান। ধারনা করা হচ্ছে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমনের এমন ভালো ফলনে খুশি সরকারের নীতিনির্ধারকরাও। তারা জানিয়েছেন, কৃষকের আগ্রহ, সরকারের নজরদারি, পৃষ্ঠপোষকতা এবং সরকারের দেওয়া ভর্তুকিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ফলেই এবার আমনের বাম্পার ফলন হয়েছে। তারা আশা করছেন, আমনের পর আগামী বছর বোরোর উৎপাদনও ভালো হবে।

সূত্র জানায়, সারাদেশে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৭৩ শতাংশ জমির আমন ধান কাটা হয়েছে। প্রতি হেক্টরে এবার ধানের উৎপাদন গড়ে ২ দশমিক ৮৯ টন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব মতে এরই মধ্যে ৪৬ লাখ হেক্টর জমির ধানা কাটা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত আমন ধানের উৎপাদন হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টন। তবে এই মৌসুমে আমন ধানের পুরো উৎপাদন সম্পর্কে তথ্য জানতে আরও কিছু সময় লাগবে। কারণ এখনও দেশের সর্বত্র আমন ধান কাটা শেষ হয়নি। কৃষকের ক্ষেতে এখনও আমন ধান রয়েছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  বলেন, ‘এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আশা করছি, উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ফসল পুরোপুরি উঠে গেলে দেখা যাবে এ বছরও অতীতের ন্যায় আমনের ফলন ভালো হবে। আশা করছি গতবছরের বোরোর মতো এবার আমরা আমনেও ভালো ফলন পাবো। কৃষকরা যাতে লাভবান হয় সেজন্যই এ বছর মধ্যস্বত্ত্বভোগী বাদ দিয়ে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ৬ লাখ টন আমন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছি। অতীতে যা হয়নি। আগে চাল কেনা হতো বেশি। সরকারের এই সিদ্ধান্তে কৃষকেরা উপকৃত হচ্ছেন।’

এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘২০১৭ সালের বাজে অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎপাদনে সচেষ্ট ছিলাম বলেই এ বছর আমনের ভালো ফলন হয়েছে। এ সময় ধানের উৎপাদন ঠিক রাখতে কৃষকদের সব ধরনের সুবিধা দিয়েছে সরকার। সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তারাও কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কৃষকেরাও আগের যেকোনও সময়ের তুলনায় বেশি মনোযোগী ফসল উৎপাদনের বিষয়ে। ফলে গতবছরের বোরো ফসলের মতো এবছর আমনের ভালো ফলন হয়েছে।’ তিনি জানান, ধানের বা চালের অতিরিক্ত উৎপাদন অনেক সময় বিড়ম্বনার কারণ হয়। এ বছর যা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি জানিয়েছেন, এবছর চাহিদা মিটিয়ে চাল রফতানি করা যেতে পারে। এতে কৃষক লাভবান হবে। সেক্ষেত্রে কৌশল কি হতে পারে, তা নিয়ে সরকারের ভেতরে আলাপ-আলোচনা চলছে।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের কৃষক আসলাম মিয়া জানান, আমন ফসল ভালো হয়েছে। দামও ভালো। প্রতিমণ আমন ধান বিক্রি হচ্ছে সাড়ে ৬শ টাকা থেকে ৭০০ টাকা দরে। তিনি জানান, দেশের দক্ষিনাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে বেশি পরিমাণ জমিতে আমন ধানের চাষ হয়। শুনেছি এবছর সেখানেও ভালো ফলন হয়েছে আমনের। এ বছর এ অঞ্চলের এক বিঘা জমিতে ১২ থেকে ১৩ মণ ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন আসলাম মিয়া।

জয়পুরহাটের সদর উপজেলার কৃষক হেমায়েত হোসেন জানিয়েছেন, ফসল পুরোপুরি ওঠেনি। এখনও মাঠে আছে। কাটতে আরও কিছুদিন সময় লাগবে। প্রতিমন ধান বিক্রি করছি ৭০০ টাকা দরে। জয়পুরহাটসহ দেশের উত্তরাঞ্চলের প্রতি বিঘা জমিতে ১৩ থেকে ১৪ মণ ধান পাওয়া গেছে বা যাবে বলে জানিয়েছেন তিনি।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে