মুক্তিযুদ্ধে গৌরবোজ্জল নাম আশুগঞ্জ॥ ১১ই ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস॥
গোলাম সারোয়ার,আশুগঞ্জ : ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশব্যাপী পাকিস্তানী বাহিনীর ওপর চূড়ান্ত হামলা চালানো হয়। বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর গেরিলা হামলায় পিছু হটতে থাকে পাকিস্তানীরা। নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান হস্তক্ষেপ কামনা করে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠান।
এদিন রাওয়ালপিন্ডিতে একজন সরকারি মুখপাত্র বলেন, পাকিস্তানের উভয় অংশে যুদ্ধ চলছে। পূর্ব পাকিস্তানের সীমান্ত এলাকায় ভারতীয় চাপ মোকাবেলা করা হচ্ছে। মূখপাত্র বলেন, পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থন দেবে বলে চীন ওয়াদা করেছে। অন্যদিকে, বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এক জরুরি লিপিতে ভারতের প্রধানমন্ত্রীকে জানান, পাকিস্তানের সর্বশেষ আক্রমণের সমুচিত জবাব দিতে ভারতীয় বাহিনীর এবং বাংলাদেশ মুক্তিবাহিনীর মিলিত ভূমিকা সফলতর হতে পারে, যদি এই দুটি দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
৪ ডিসেম্বর থেকে ভারতীয় স্থলবাহিনীর সম্মুখ অভিযান শুরু হয় চারটি অঞ্চল থেকে : ১. পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে তিন ডিভিশনের সমবায়ে গঠিত চতুর্থ কোর সিলেট-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-নোয়াখালী অভিমুখে; ২. উত্তরাঞ্চল থেকে দু’ডিভিশনের সমবায়ে গঠিত ৩৩তম কোর রংপুর-দিনাজপুর-বগুড়া অভিমুখে; ৩. পশ্চিমাঞ্চল থেকে দু’ডিভিশনের সমবায়ে গঠিত ২য় কোর যশোর-খুলনা-কুষ্টিয়া-ফরিদপুর অভিমুখে এবং ৪. মেঘালয় রাজ্যের তুরা থেকে ডিভিশন অপেক্ষা কম আর একটি বাহিনী জামালপুর-ময়মনসিংহ অভিমুখে। এর সঙ্গে যুক্ত হয় ভারতের বিমান ও নৌশক্তি, মুক্তিযোদ্ধাদের প্রচ্ছন্ন কিন্তু সদা তৎপর সহযোগিতা এবং স্বাধীনতাকামী জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাহায্য ও সক্রিয় সহযোগিতা।
লন্ডনের সানডে টাইমস পত্রিকার খবর অনুযায়ী, এদিন রাতে ডিফেন্স মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পূর্ব পাকিস্তানে বিমান আক্রমণ এত সুস্পষ্ট হয়েছে যে এখন হাতেগোনা যাবে। এছাড়া একজন সরকারি মুখপাত্র জানান, পাকিস্তান সেনাবাহিনীকে ভারতীয় এলাকায় প্রবেশ করে শত্রু নিধনের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যেই অমৃতসর, পাঠানকোট, অবন্তীপুর, শ্রীনগর ছাড়াও রাজস্থানের উত্তরালি হরিয়ানার আম্বালা ও উত্তর প্রদেশের আগ্রা বিমান ক্ষেত্রে আক্রমণ চালিয়েছে। খবরটি পরদিন ৫ ডিসেম্বর দৈনিক পাকিস্তান, ইত্তেফাক ও পূর্বদেশে প্রকাশিত হয়।এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর মুক্তি বহিনী, মিত্র বাহিনী ও সেনা সদস্যরা যৌথভাবে হানাদার বাহিনীকে তাড়িয়ে দিলে শত্রু হয় আশুগঞ্জ।
আশুগঞ্জকে মুক্ত করার যুদ্ধে নেতৃত্ব দেন তৎকালীন লে. কর্নেল কে.এম সফিউল্লাহ, লেফটেন্যান্ট মো. মোর্শেদ ও মেজর নাসিরসহ আরও অনেকে।আশুগঞ্জকে মুক্ত করতে গিয়ে পাক হানাদারদের সঙ্গে যুদ্ধে শহীদ হন সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ল্যান্স নায়েক আব্দুল হাই, সিপাহী কফিল উদ্দিন।১৯৭১ সালের ৯ ডিসেম্বর থেকে আশুগঞ্জে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। প্রায় দুই দিন তুমুল যুদ্ধের পর ১০ ডিসেম্বর বিকেল থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক সেনারা পিছু হটে।
পাক বাহিনী আশুগঞ্জ থেকে পালিয়ে কিশোরগঞ্জের ভৈরবে যাওয়ার পথে মেঘনা নদীর ওপর নির্মিত রেল সেতুটির একাংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। এতে সেতুটির দুটি স্প্যান ভেঙে নদীতে পড়ে যায়। ১১ ডিসেম্বর রাতে আশুগঞ্জ সম্পূর্ণ শত্রুমুক্ত হয়।ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ ইকবাল হোসেন জানান, ১৯৭১ আশুগঞ্জ সাইলোতে পাক বাহিনীর ১৪ ডিভিশনের অস্থায়ী সদর দপ্তর স্থাপন করে। আশুগঞ্জে ৫টি পয়েন্টে পাক-বাহিনী গণ-হত্যা ও নির্যাতন চালিয়ে ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে ৮ ও ৯ ডিসেম্বরের আশুগঞ্জের সম্মুখে যুদ্ধের লড়াইটি ছিল প্রচন্ড ভয়াবহ।
এ যুদ্ধে মিত্রবাহিনীর ৪টি ট্যাংকসহ ৬০/৭০ জন সৈন্য শহিদ হন এবং অর্ধশতাধিক সৈন্য আহত হন । এই মুখোমুখি যুদ্ধে শত্রু পক্ষের প্রায় দেড় শতাধিক সৈন্য প্রাণ হারায় ইতোমধ্যে বর্তমান সরকার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়ক গোলচত্বর এর পাশে নাটালের জায়গায় প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে । অপর দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ মুখে আরো একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে ।আশুগঞ্জের এই গণ-কবর এবং বধ্যভূমি গুলো সংরক্ষণ ও সংস্করণ এর দাবী জানান স্থানীয় মুক্তিযোদ্বারা ।
প্রতিবারের মতো এবারও দিবসটি পালনে আশুগঞ্জ মুক্ত দিবস উদযাপন কমিটি ১১ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে সকালে র্যালি, বিকেলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।











