সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছর পর স্বজনরা ফিরে পেল জাহানারাকে

news-image

রংপুর ব্যুরো : পাঁচ বছর পর স্বজনদের কাছে পেল চার সন্তানের জননী মধ্যবয়সী জাহানার বেগম। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া গ্রামে। আজ বৃহস্পতিবার রংপুরের বদরগঞ্জের হাসিনানগরে গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থায় জাহানারা তার স্বামী, সন্তান, শ্বশুর, ভাইসহ স্বজনদেরকে পেলে আনন্দের কান্নায় ভেঙে পড়ে।

জাহানারার স্বামী শমসের প্রধান জানান, প্রায় পাঁচ বছর আগে তিনি ভাঙড়ির ব্যবসা করতেন। তখন তাদের ছোট ছেলের বয়স মাত্র দুই মাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশ্বরোডের পাশে তার বাড়ি। সড়ক পারাপার হতে গিয়ে জাহানারা মোটর সাইকেলের ধাক্কায় মাথায় প্রচ- আঘাত পান। চিকিৎসা করালেও আর তিনি মানসিক ভারসাম্য ফিরে পান নি। একদিন রাতের আধারে ঘর থেকে বেরিয়ে গিয়ে হারিয়ে যায় জাহানারা।

গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মারুফ কেইন জানান, ২০১৭ সালের এপ্রিল মাসে জাহানারাকে রংপুরের বদরগঞ্জের হাসিনা নগরে রাস্তায় মানসিক ভারসাম্যহীন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তখন থেকে জাহানারা তাদের সেবা যত্নে থাকে। ধিরে ধিরে সে একটু একটু কথা বলতে শুরু করে। এক সময় সে অস্পষ্ট ঠিকানা বলে। সেই অস্পষ্ট সূত্র ধরে সংস্থার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টায় জাহানারা ফিরে পায় তার স্বজনদেরকে।

জাহানারার বড় ছেলে জাহিদ জানান, আমরা মাকে অনেক খুঁজেছি। মাকে খুঁজে না পেয়ে বাবা আর বিয়ে করেননি। আমাকে বিয়ে দিয়েছেন। বিয়ের দিনে মায়ের কথা আমার খুব মনে পড়েছে। বারবার মনে হয়েছে, মায়ের কবরটাও কি কোনোদিন দেখতে পাব না? আজ পাঁচ বছর পর আমার মাকে ফিরে পেয়েছি। আমি আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করতে পারব না। এ সময় উপস্থিত ছিলেন, জাহানারার শ্বশুর কাজীমুদ্দিন, ছোট ভাই আবু কালাম, চাচা সাইদুর রহমান, মেজ ছেলে সাজু, সেই সময়ের দুই মাস বয়সের ছেলে শাওন, গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নিখিল চন্দ্র রায় প্রমুখ।