,

রাজীব ও দিয়া হত্যা: তিন জনের যাবজ্জীবন

news-image

নিউজ ডেস্ক : জাবালে নূর বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খাতুন মীম হত্যা মামলায় দুই চালকসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন−জাবালে নূরের চালক মাসুম বিল্লাহ, আরেক গাড়ির চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। আসাদ পলাতক রয়েছেন। এ মামলায় বাকি দুই আসামি হেলপার এনায়েত হোসেন এবং বাস মালিক জাহাঙ্গীর আলম খালাস পেয়েছেন।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন বিচারক। এ মামলায় ৩৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।

অপর আসামি জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেন আকন্দের মামলার অংশ উচ্চ আদালত স্থগিত করায় সে বিষয়ে রায় হয়নি।

গত বছরের ২২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। আর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুলাই দুপুরে রাজধানীর কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তখন জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নেমে সেখানে দাঁড়ায়। এসময় পেছন থেকে জাবালে নূরের আরেকটি বাস দ্রুতগতিতে ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাজীব ও দিয়া। আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলম হত্যা মামলা করেন।