,

আদালতে চেষ্টা করুন বেগম জিয়ার মুক্তির জন্য : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি’র সরকার উৎখাতের আন্দোলনের হুমকির জবাবে বলেছেন, হুমকি দিয়ে আর নিজেদের হাসির পাত্র বানাবেন না, বরং বেগম জিয়ার মুক্তির জন্য আদালতে চেষ্টা করুন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ‘৯ম এনএসইউ ক্যারিয়ার ফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘আগামী ৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি সরকার উৎখাতের আন্দোলনে যাবে’ বিএনপি’র এমন ঘোষণার প্রতি সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, বিএনপি’র এধরণের আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে দশ বছর ধরে শুনে আসছি। গতকাল তারা যা বলেছে, তার অর্থ হলো- তারা আইন মানে না, আদালত মানে না, এবং এটাও বোঝে না যে, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নয়।

তথ্যমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত আসামী হিসেবে সাজাভোগ করছেন। এটি সম্পূর্ণভাবে আদালতের বিষয়। নিম্ন আদালত তাকে ৫ বছর সাজা দিয়েছিল, আপিলের পর উচ্চ আদালত তাকে ১০ বছর সাজা দেয়। তার মুক্তির একমাত্র পথ হচ্ছে- হয় জামিন, নয়তো খালাস পাওয়া। এছাড়া তার মুক্তির কোনো সুযোগ নেই, বা সরকারের হাতেও কিছু নেই।

তারপরও বিএনপি’র এ বক্তব্যের অর্থ হলো, তারা আইন-আদালত মানে না, আর এধরণের হুমকি তারা আগেও দিয়েছে এবং নিজেদেরকে হাস্যস্পদ করেছে, এবারও তাই, এর বেশি কিছু নয়’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, আমি বিএনপিকে বলবো, নিজেদের হাস্যস্পদ না করে বরং আদালতের মাধ্যমে তার মুক্তির চেষ্টা করুন, আদালত জামিন দিলে তিনি মুক্তি পাবেন।

এপ্রসংগে, ‘বিচার বিভাগ স্বাধীন নয়’-বিএনপি’র এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আওয়ামী লীগের অভিযুক্ত এমপিরাও জামিন না পেয়ে কারাগারে গেছেন। উচ্চ ও নিম্ন আদালত থেকে সরকারের বিরুদ্ধে অনেক রায় হয়, যেগুলো আমাদেরকে জবাব দিতে হয়। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই এগুলো হয়।

অতীতের দিকে নজর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, মূলত: তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিলেন, তখন বিচার বিভাগকে পরাধীন করে রেখেছিলেন। সেটিই তারা মনে মনে ভাবে। প্রকৃতপক্ষে বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ পূর্ণ মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে মধ্যম আয় থেকে উন্নত দেশ হবে। আর এজন্য সকল বয়স ও পেশার মানুষকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।

গত অর্থবছরে শতকরা ৮.১৩ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির দেশ, স্মরণ করিয়ে দেন ড. হাছান।

মন্ত্রী এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথনে মা-বাবার যত্ন, দেশপ্রেম ও সময়ের সদ্ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

এনএসইউ‘র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ্, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ, ক্যারিয়ার ফেয়ার পরিচালক অধ্যাপক মোঃ খসরু মিয়া প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর