মামলায় লড়তে লন্ডন যাচ্ছেন তুরিন
নিউজ ডেস্ক : দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে সম্পত্তি নিয়ে একটি মামলা চলছিল ইংল্যান্ডের আন্তর্জাতিক আদালতে। ৭০ বছর ধরে চলা এই মামলা সম্প্রতি নিস্পত্তি করেছে লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিস। মামলায় ভারত জিতলেও সম্পত্তির মূল মালিক দাবিদার দেশটির হায়দ্রাবাদের নওয়াব নাজাফ আলি খান। তিনি এই রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন।
লন্ডনের আদালতে চলা এই মামলায় তার পক্ষে লড়বেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ। এরই মধ্যে তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন নওয়াব।

তুরিন আফরোজ বলেন, গত ২ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করেছে ইংল্যান্ডের আদালত। এই রায়ের রিভিউ চেয়ে গত ৩০ অক্টোবর আবেদন করেছেন হায়দ্রাবাদের নওয়াব নাজাফ আলি খান। রিভিউতে লড়ার জন্য আইনজীবী হিসেবে তার সঙ্গে আমি অ্যাগ্রিমেন্ট করেছি। আগামী বছর ২০২০ সালের ৩০ জানুয়ারি রিভিউ শুনানির জন্য দিন ধার্য আছে। মামলার কৌশল নির্ধারণের জন্য নওয়াব নাজাফ আলী খানের সঙ্গে বসে পরামর্শ করতে হবে। সেজন্যে ডিসেম্বরে ভারতে যাওয়ার পরিকল্পনা আছে আমার। তারপর মামলা মুভ করতে জানুয়ারিতে লন্ডনে যাব বলে স্থির করেছি।

বুধবার (১৩ নভেম্বর) তুরিন আফরোজ তার ফেসবুক টাইমলাইনে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ! আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য একটা সুখবর। গতকাল (১২ নভেম্বর ২০১৯ তারিখে) ভারতের হায়দ্রাবাদের নওয়াব নাজাফ আলি খান সাহেব (ভারতের হায়দরাবাদের সপ্তম নওয়াবের পৌত্র এবং প্রিন্স হাশাম জাহ বাহাদুরের পুত্র) আমাকে তাঁর ‘‘লিগ্যাল এডভাইজার’’ হিসেবে নিয়োগ দিয়েছেন। তবে, গর্বের বিষয় হলো লন্ডনের হাইকোর্ট অব জাস্টিসে বহুল আলোচিত ‘‘পাকিস্তান বনাম ভারত’’ মামলাটির শুনানীতে আমি নওয়াব সাহেবের পক্ষে আইনী লড়াই লড়বো। আরো বড় কথা, পাকিস্তানের বিরুদ্ধে মামলা লড়বো।’’
গত ২ অক্টোবর আন্তর্জাতিক আদালতের ওই রায়ে বলা হয়েছে, ‘‘হায়দ্রাবাদের সপ্তম নিজামের এই সম্পদে একমাত্র অধিকার ভারতের। এর পূর্ণ মালিকানা নিজাম ওসমান আলি খানের বংশধরদের। এই সম্পত্তির ওপর পাকিস্তানের কোনো অধিকার নেই।’’
ওই রায়ের পর হায়দ্রাবাদের নওয়াব নাজাফ আলি খান সাহেব (সপ্তম নিজামের পৌত্র এবং প্রিন্স হাশাম জাহ বাহাদুরের পুত্র) দাবি করেন নিজামের এই সম্পত্তি তার ১২০ জন বংশধরের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে।
দেশ ভাগের সময়ে (১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ) হায়দ্রাবাদের সপ্তম নিজাম আশঙ্কা করেছিলেন, তার বিপুল সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে। লন্ডনে পাকিস্তানের দূতের হাতে তখন তিনি ১০ লাখ পাউন্ড নগদ দিয়েছিলেন। যা ওই দূত লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে গচ্ছিত রাখেন। সেই অর্থই এখন সুদে-আসলে সাড়ে তিন কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিনশ কোটি টাকা।
দেশভাগের পর লন্ডনের ওই ব্যাংকে নিজামের গচ্ছিত অর্থ পাকিস্তানকে দিয়ে দেওয়ার দাবি জানিয়ে ব্রিটিশ আদালতে আবেদন করে পাকিস্তান। এই ইস্যুতে মামলা করে হায়দ্রাবাদের নওয়াবের পরিবার।

১৯৪৮ সালে নিজামদের রাজ্য দখল করে ভারত সরকার। পরবর্তী কালে নিজামদের সঙ্গে বন্ধুত্বও স্থাপন করে তারা। এখন আইনি লড়াইয়ে তাদেরই পক্ষে দাঁড়ায় দিল্লি।
নিজামের দুই উত্তরসূরি মোকাররম ঝাহ (হায়দরাবাদের অষ্টম নিজাম) ও তার ছোট ভাই মোফাখমও ভারতের সঙ্গে হাত মেলান। এরপরই তারা দাবি করেন যে এই সম্পত্তি তাদের। পাল্টা দাবি জানিয়ে পাকিস্তান বলে, ‘‘ন্যায়ত এই সম্পত্তি তাদের। বর্তমানে এই বিপুল পরিমাণ অর্থ রক্ষিত আছে লন্ডনের ন্যাশনাল ওয়েস্ট মিনস্টার ব্যাংকে।’’
লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিসের বিচারক মার্কাস স্মিথ তার রায়ে বলেছেন, ‘‘সপ্তম নওয়াব ওই সম্পত্তির অধিকারী। ফলে ভারত সরকার এবং যুবরাজ এ সম্পদের অধিকারী। তিনি আরও জানান, কোনওভাবেই পাকিস্তান ওই সম্পত্তির দাবিদার হতে পারে না। পাকিস্তান সম্পদের মালিকানার সমর্থনে কোনও তথ্য-প্রমাণ আদালতে হাজির করতে পারেনি। দুই যুবরাজ এবং ভারতের অধিকার রয়েছে এ অর্থ গ্রহণ করার।’’
ওই রায়ের পর নিজামের এই নাতি নাজাফ আলি খান বিবিসি তেলেগুকে বলেন, আমরা বিচারপতি মার্কাস স্মিথের রায়কে স্বাগত জানাই। আদালত পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করেছে। পরিবার দীর্ঘকাল এই রায়ের অপেক্ষায় রয়েছে।
এর একদিন পরই নাজাফ আলি খান ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে বলেন, নিজামের ওই অর্থ ১২০ পরিবারের মধ্যে বন্টন করে দিতে হবে। আর নিজামের ওই বংশধররা এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য তাকে পুরো দায়িত্ব দিয়েছে। কেননা তিনি এখন ‘নিজাম ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর প্রেসিডেন্ট।
নাজাফ আলি খান আরও বলেন, শুধু তারা দুজনেই প্রিন্স মোকাররম ঝাহ (হায়দরাবাদের অষ্টম নিজাম) ও তার ছোট ভাই মোফাখম এই সম্পত্তি নিতে পারে না। তারা পরিবারের সঙ্গে বসে এর সুরাহা করা হবে। কিন্তু তারা যদি সকলকে সম্পত্তির ভাগ দিতে না চায় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব, বলেন নাজাফ আলি খান।
আইনজীবী জানান, রায়ে ভারত জিতেছে। এটি নওয়াবের জন্য ভালো হয়েছে, সম্পত্তির অধিকার পাওয়ার ক্ষেত্রে তিনি আরেক ধাপ এগিয়ে গেলেন। কিন্তু সম্পত্তির অধিকার পাওয়া নিশ্চিত হয়নি। মামলায় ভারত ও পাকিস্তানের মতো নওয়াবও একটি আলাদা পক্ষ। তাই ১২০ পরিবারের পক্ষে সম্পত্তির অধিকার পেতে রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার পরামর্শ দিয়েছি তাকে। সে অনুসারে তিনি রিভিউ করেছেন।
ব্যাখ্যা করে তুরিন আফরোজ বলেন, ধরুন রায়ে যদি পাকিস্তান জিততো। তাহলে তিনি অসন্তুষ্ট হতেন। সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে আপিল করতেন। কিন্তু ভারত জেতায় তিনি সংক্ষুব্ধ হয়ে রায়ের বিরুদ্ধে আপিল করতে যাননি। তিনি কেবল সম্পত্তির অধিকার নিজের পক্ষে পেতে পুনর্বিবেচনার আবেদন করেছেন। দৈনিক জাগরণ











