ভারতের বিপক্ষে তিনজনকে ছাড়া খেলবে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক : ‘আমার মনে হয় দুই জনের জায়গায় ওইখানে তিনজন খেলোয়াড় নেই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন, সাথে নেই তামিম ভাইও। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে।’ ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যচ খেলতে নামার আগে এভাবেই কথাগুলো বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। অন্যদিকে তামিম তার সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছেন। এই দুজন না থাকায় মুমিনুল মনে করেন বাংলাদেশকে খেলতে হবে তিনজন ছাড়াই।
ইন্দোরের হল্কার স্টেডিয়ামে গতকাল বুধবার দুপুরে মুমিনুলের কথায় উঠে আসে দলের অভ্যন্তরীণ অবস্থা ও ভারতের বিপক্ষে দলের প্রত্যাশা নিয়ে। সাকিব-তামিমের না থাকা নিয়ে মুমিনুলের আফসোস থাকলেও তিনি তাদের ছাড়াই কীভাবে ভালো খেলা যায় এটাই এখন চেষ্টা করছেন।
মুমিনুলের ভাষায়, ‘তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে। এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে।’
বাংলাদেশ টেস্ট দলের ১১তম অধিনায়ক হিসেবে আজ মুমিনুলের মাঠের লড়াই শুরু হবে। দলের জুনিয়র সদস্য হিসেবে এই দায়িত্ব পাওয়া তার জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকা দলের অন্যতম দুই সদস্য মুশফিক ও মাহমুদউল্লাহর কাছ থেকেও শিখতে চান তিনি।
তিনি বলেন, ‘এটা আমার জন্য ভালো ব্যাপার যে, যাদের কথা বললেন তারা সবসময় আমাকে সহায়তা করে আসছেন। সিনিয়র দুই জনের এই সহায়তা পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দলের সবাই অনুপ্রাণিত। তারা সবাই পরিণত। ওদের যতটুকু বলা দরকার ততটুকু বললেই যথেষ্ট। খুব বেশি কথা বলিনি, যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলেছি।’











