ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : ইতিহাস হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। ভারতের মাটিতে এখন পযর্ন্ত কোনো দল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি। আর বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার কীর্তি গড়ার সুযোগ তো ছিলই। এখন সেসবই অতীত। কারণ, কোনোটাই করতে পারেনি বাংলাদেশ। উল্টো শেষ ম্যাচে ৩০ রানের ব্যবধানে হেরে রিয়াদের দল সিরিজও খুইয়েছে ২-১ ব্যবধানে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাগপুরে রোববার (১০ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে মোহম্মদ নাঈমের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ভর করেও সব উইকেট হারিয়ে ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বল হাতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন চাহার। এছাড়া টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের মালিকও এখন এই ডানহাতি।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ১২ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। দীপক চাহারের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন লিটন (৯)।
এর পরের বলে সৌম্যকে গোল্ডেন ডাক উপহার দিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তুলেন চাহার। তবে মোহাম্মদ মিঠুন সেই সুযোগ দেননি। এরপর মিঠুন ও নাঈমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনে যোগ করেন ৯৮ রান। এর মাঝে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি তুলে নেওয়ার পথে ৩৪ বল খেলেন বাঁহাতি ওপেনার নাঈম। ফিফটির ইনিংসটি ৭ চার ও ১ ছক্কায় সাজানো।
নাঈমকে একা রেখে দীপক চাহারের বলে ক্যাচ তুলে দিয়ে মিঠুন (২৭) বদায় নেওয়ার ঠিক পরের বলেই ক্রিজে নতুন আসা মোহম্মদ রহিম শিভব দুবের বলে শুন্য রানে বোল্ড হয়ে ফিরে যান। বড় ভরসা হয়ে থাকা নাঈমও দুবের শিকার হলে পরাজয় উঁকি দিতে থাকে বাংলাদেশকে। দুবের দ্বিতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ১০ চার ও ২ ছক্কায় সাজানো ৮১ রানের ইনিংস।
বাংলাদেশের সর্বনাশের চূড়ান্ত হয় পরপর দুই ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের বিদায়ে। এর মধ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ চাহালের বলে বোল্ড হয়ে ফেরার আগে করেন ১০ বলে ৮ রান। আর আফিফ বিদায় নেন দুবের মুখোমুখি হওয়া প্রথম বলেই। বাউন্সে বিভ্রান্ত হয়ে বোলারের হাতেই ক্যাচ তুলে দেন এই বাঁহাতি। ম্যাচের ফলাফল তখনই নির্ধারিত হয়ে যায়।
ভারতীয় বোলারদের মধ্যে অবিশ্বাস্য ছিলেন চাহার। নিজের ও ইনিংসের শেষ ওভারে শফিউল, মোস্তাফিজ ও আমিনুল ইসলামকে বিদায় করে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিকও তুলে নিয়েছেন এই ডানহাতি। ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান খরচে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া ৩ উইকেট গেছে দুবের ঝুলিতে। বাকি উইকেট চাহালের।











