১ লাখ রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি
নিউজ ডেস্ক : হত্যা ও নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়ার মধ্যে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের মধ্যেই। ভাসানচরে স্বেচ্ছায় যেতে রাজি হয়েছে তারা। সরকারের সিদ্ধান্ত মেনে নিরাপদ বসবাসের জন্য তাদের এই সিদ্ধান্ত। যদিও বেশিরভাগ রোহিঙ্গাই ভাসানচরে যেতে নারাজ। আগামী নভেম্বরে রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন।
ইতোমধ্যে ভাসানচরে নির্মাণ করা হয়েছে ঘর। সেখানে নিয়ে যেতে উখিয়া-টেকনাফে এখন চলছে রোহিঙ্গাদের মতামত গ্রহণের কাজ। তাতে ভাসানচরে যেতে সম্মতি দিয়েছেন বেশকিছু রোহিঙ্গা। ক্যাম্পের চেয়ে ভাসানচরে সুবিধা হবে, সরকারের এমন ব্যবস্থার পক্ষে বলেও জানান তারা।
তারা বলেন, ছেলেমেয়েদের পড়াশোনা সহ সব সুযোগ সুবিধা পেলে আমরা যেতে রাজি আছি। আমাদের নিজেদের দেশ নাই। বাংলাদেশ সরকার যেহেতু আমাদের জায়গা দিয়ে রাখবে বলেছে সেহেতু সরকারের কথা মেনে নেব।
তবে বেশিরভাগ রোহিঙ্গার মধ্যে এখনো ভাসানচর নিয়ে রয়েছে ভীতি। তারা চান মিয়ানমারে ফেরত যেতে।
তারা বলেন, ভাসাঞ্চরে না গিয়ে আমাদের দেশে চলে যাবো। যারা সেখানে যাবে বলছে, তারা গত ২০-৩৫ বছর ধরে আছে। আমরা বাংলাদেশে থাকতে আসিনি। আমরা যে বিচারের অপেক্ষায় আছি, সেটা পেলে চলে যেতে চাই। যাবো কিভাবে, সেটা ভাবলেও ভয় লাগছে। আমাদের সেখানে নিয়ে যাওয়ার চেয়ে এখানে মরাই ভালো।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, একশত পরিবার ইতোমধ্যে ভাসানচরে যেতে রাজি হয়েছে। মতামত গ্রহণ শেষে নভেম্বর মাসে সেখানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে বলেছেন, রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ভাসানচর এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, এই বর্ষা মৌসুমের পরই তাদের নিয়ে যাওয়ার। বর্ষা শেষ হয়েছে, এখন শীতকাল শুরুর আগেই রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে আশা করি।
তিনি জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গার মধ্যে যারা আগে এসেছেন, তাদের মধ্য থেকে এক লাখ লোককে প্রথমে সেখানে নেয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অবশ্য বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উত্থাপিত বিষয়গুলোও গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনেই রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে।
তিনি বলেন, ভাসানচরে যে স্থাপনাগুলো করা হয়েছে, এগুলো যে কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করতে সক্ষম। আমরা শুধু ঘরগুলো বানাইনি। এমনভাবে বাঁধ দেয়া হয়েছে, যাতে জলোচ্ছ্বাসে কোনো ক্ষতি না হয়। তাদের শিক্ষারও ব্যবস্থা রাখা হচ্ছে। প্রথমে এক লাখ রোহিঙ্গাকে সেখানে নেয়া হবে।
কর্মকর্তারা বলেছেন, ভাসানচরে স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের মতো তালিকাভূক্ত হয়েছেন।
প্রায় ১২০০ একর জমির ওপর ভাসানচরকে পুরোপুরি বসবাসের উপযোগী করা হয়েছে বলে সরকার বলছে।
সর্বশেষ খবরে জানা গেছে, ভাসানচরের নিরাপত্তার জন্য পুলিশের একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত এই চরে স্থানান্তরের ব্যাপারে রোহিঙ্গাদের আপত্তি ছিল। কিন্তু বাংলাদেশ সরকার তাদের বুঝিয়ে রাজি করানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছিল। এখন ভাসানচরে পাঠানোর জন্য রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজও এগিয়ে নেয়া হচ্ছে।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার বা ইউএনএই্চসিআরসহ যে সব আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করছে, তাদের জোর আপত্তি ছিল ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের ব্যাপারে।
বাংলাদেশ সরকার এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কয়েকদফা আলোচনা করেছে। সে সময় এসব সংস্থা রোহিঙ্গাদের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় সরকারের বিবেচনার জন্য তুলে ধরেছিল।
ইউএনএইচসিআর এর একজন কর্মকর্তা লুইস ডনোভান বলেছেন, ভাসানচরে স্থানান্তরের আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উত্থাপিত বিষয়গুলো সরকার বিবেচনা করবে বলে তারা আশা করছেন।
ইউএন সব সময় বলে আসছে, এই স্থানান্তর স্বেচ্ছায় হতে হবে এবং সরকার অতীতে সে রকম প্রতিশ্রুতিই দিয়েছে। আমরা বিশ্বাস করি, জায়গাটি বসবাসের উপযোগী কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কী – এ বিষয়ে সরকার রোহিঙ্গাদের বিস্তারিত জানাবে। রোহিঙ্গাদের প্রতিনিধিদের আগে ঐ ভাসান চর পরিদর্শন করিয়ে তারপর তাদের মতামত দেয়ার সুযোগ দেয়া উচিত।
যদিও সরকার বলছে যে এখন রোহিঙ্গা শরণার্থীদের অনেকে স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভূক্ত হচ্ছেন, কিন্তু তার পরেও অনেক রোহিঙ্গার মাঝে এ নিয়ে উদ্বেগ রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে এখন অবস্থান করছেন ১১ লাখ রোহিঙ্গা। আমার সংবাদ











