রাজীবকে গ্রেপ্তারের পর মুখ খুলছে নিহত যুবলীগকর্মী তছিরের পরিবার
নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং এলাকার যুবলীগকর্মী মো. তছির (২১) হত্যাকাণ্ডে মুখ খুলেছে তার পরিবার। গত রাতে র্যাবের অভিযানে ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব গ্রেপ্তার হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার পরিবারের সদস্যরা।
২০১৭ সালের ১০ আগস্ট রাতে হাউজিং এলাকায় তছিরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে রাজীবের ক্যাডার বাহিনী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সবাই যুবলীগের কর্মী ছিলেন বলে অভিযোগ করেন তার পরিবার।
এই হত্যার পর থানায় মামলা দায়ের করলে নিহত তছিরের পরিবারকেও এলাকা ছাড়া করে রাজীব। ক্ষমতাসীন হওয়ার কারণে পুলিশের চাপে এই মামলায় ওয়ার্ড কাউন্সিলর রাজীবের নাম পর্যন্ত দিতে পারেনি বলে অভিযোগ করেন তছিরের পরিবারের সদস্যরা।
এমনকি তছির হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রাজীবের সঙ্গে কাজ করা পাঁচ যুবলীগকর্মী দ্রুত জামিনে বেরিয়ে আসেন। উল্টো তার বড় ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটান বলে অভিযোগ করেন।
নিহতের স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তছির হত্যায় দায়ের করা মামলায় এক নম্বর আসামি যুবলীগকর্মী ও কাউন্সিলর রাজীবের অন্যতম সহযোগী মো. জাকির উকিল।
এ ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন, যুবলীগকর্মী মো. হাসান, মো. ফিরোজ, মো. সোলায়মান, শাহিনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন।
গত রাতে র্যাবের অভিযানে রাজীবের গ্রেপ্তারের খবর শুনে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন ওই এলাকায় অনেকেই।
গ্রেপ্তার রাজীবের বিচারের দাবিতে আজ রোববার দুপুরে মোহাম্মদপুর বসিলা সড়কে বিক্ষোভ করেছেন নির্যাতিত এলাকাবাসী। বিক্ষোভে তছিরের মা ও ছেলে হত্যার বিচারের দাবিতে তার ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাস্তায়। ছেলে হত্যার দুই বছর পেরিয়ে গেলেও বিচার পাননি বলে অভিযোগ করেন তিনি।
‘আমার বুকের ধন রে ক্যাইড়া নিছে রাজীব’
তছিরের মা আম্বিয়া বেগম ছেলে হত্যার বিচার চাইতে এসে বলেন, ‘আমার কোলের ছেলে রে ক্যাইড়া নিছে ওরা। সেদিন আমি আমার জামাইয়ের বাড়িতে ছিলাম। জামাইয়ের বাড়ি থেকে অ্যাইসা শুনি আমার ছেলেটারে ডাইকা নিয়া ম্যাইরা ফালাইছে। ও বাবা! আমার বুকের ধন রে ক্যাইড়া নিছে রাজীব। আমি আমার ছেলের খুনের বিচার পাই নাই। তারা উল্টা আমার বড় ছেলে রেও পুলিশ দিয়া ধরাইয়া দিছিল।’
রাজীবের মিছিলে না যাওয়ায় ‘খুন হন তছির’
নিহত তছিরের বড় ভাই মো. নাসির বলেন, ‘রাজীবের পোলাপাইন যুবলীগের জাকিরেরা আমার ভাইকে রাত আড়াইটার দিকে ডাইকা নিয়া কোপাইয়া মারছে। আমার ছোট ভাইও যুবলীগের রাজনীতি করত। সে বজলুর রহমানের গ্রুপের সঙ্গে চলত। রাজীবের গ্রুপের মিটিং-মিছিলে যাইত না। অনেকবার আমার ছোট ভাইকে ডেকেছিল তারা। কিন্তু সে যায় নাই। সে কারণে একবার তছিরকে ম্যাইরা মাথা ফাটাইয়া দিছিল। এরপর দুই মাস তারে কোপাইয়া ম্যাইরাই ফেলল।’
যেভাবে খুন হয়েছিল যুবলীগকর্মী তছির
সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ভাই নাসির বলেন, ‘আমরা ঘটনার দিনে কিছুই জানতে পারি নাই। পরে লাশ যখন মেডিকেলে তখন পুলিশের মাধ্যমে আমরা জানতে পাইছি। এই মার্ডারে রাজীব ছিল এক নম্বর আসামি। কিন্তু পুলিশ আমাদের চাপ দিয়া তার নাম মামালায় দিতে দেয়নি। আমরা নাম দিতে চাইছিলাম তাও পুলিশে নাম নেয় নাই। নয়ন দারোগা (এসআই) রাতে আমার বাসায় গিয়ে বলে, “আপানাকে একটু থানায় যেতে হবে, চলেন”। এরপর আমাকে গাড়িতে তুলে নিয়া থানায় নিয়ে যায় নাই। সে জাকিরের অফিসের সামনে গিয়া আমাকে আধা ঘণ্টা গাড়িতে বসাইয়া রাখছে। সকাল ৮টার দিকে আমারে থানায় নিয়্যা গেছে। তবুও বলে নাই যে,আমার ভাইটা মার্ডার হইছে। আমারে থানায় নিয়া ডিউটি অফিসার রুমে বসাইয়া রাখছে। তখন পাশের এক দারোগা এক পুলিশ রে ফোন দিয়া কয় যে তছির তো মারা গেছে। এইভাবে জানতে পারি যে, আমার ভাই মারা গেছে।’
তছিরের পরিবারকে এলাকা ছাড়া করে রাজীব
এলাকবাসী জানায়, এই ঘটনার পরেই একটি মামলা দায়ের করেছিল তছিরের বড় বোন মুন্নি বেগম। সে কারণে প্রথমে তাদের পরিবারকে নানা রকমের হুমকি ধামকি দিত রাজীব বাহিনী। এতেও কাজ না হওয়ায় চাঁদাবাজি এবং ক্লাব ভাঙচুরের মামলা দিয়ে তছিরের বড় ভাইকে নাসিরকে গ্রেপ্তার করায় কাউসিন্সলর রাজীব। সেই মামলায় ৬ মাস জেল খাটেন নাসির। কিন্তু জেলে থেকে বেরিয়ে আসার পরে তাদের এলাকা ছেড়ে চলে যেতে আবারও হুমকি দেয় রাজীবের লোকজন। তাই বাধ্য হয়ে ওই এলাকা থেকে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন তারা।
এই বিষয়ে তছিরের বড় ভাই আরও বলেন, ‘রাজীব ক্লাব ভাঙচুরের মামলা, চাঁদাবাজী মামলা দিয়ে আমারে জেলে পাঠাইছে। জেল থেকে বাইর হওয়ার পরে আমারে এলাকা ছাড়া করছে। এখন আমি বসিলা মেট্রো এলাকায় থাকি। আমাদেরও ভাইকেই ম্যাইরা ফালায়, আবার আমাদেরই জেল খাটাইছে ওই রাজীব।’
এ বিষয়ে জানতে চাইলে তছির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন মিয়া বলেন, ‘মামলাটির সুষ্ঠু তদন্ত করা হয়েছে। মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। অভিযুক্তদের নামে আদালতে চার্জশিটও দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসামিদের মধ্যে জাকির, সোলায়মানসহ অন্যরা কাউন্সির রাজীবের অনুসারী যুবলীগকর্মী ছিলেন। এখন তারা জামিনে আছেন।’
প্রসঙ্গত, শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৪০৪ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবকে। তিনি যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। দৈনিক আমাদের সময়











